ফুটবল মাঠে একের পর এক গোল করে বিশ্বজুড়ে কোটি ভক্তের মন জয় করেছেন লিওনেল মেসি। সর্বকালের অন্যতম সেরা ফুটবলার হিসেবে তার নাম সবার মুখে মুখে। কিন্তু স্কুলজীবনে কেমন ছিলেন এই আর্জেন্টাইন মহাতারকা? পড়াশোনাতেও কি সমান মেধাবী ছিলেন? সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি মেসির সপ্তম শ্রেণির একটি মার্কশিট ছড়িয়ে পড়ার পর এমন প্রশ্ন উঠেছে। সেখানে দেখা গেছে, শারীরিক শিক্ষায় ১০-এ ১০ পেলেও বেশ কয়েকটি বিষয়ে তার নম্বর ছিল ৬।
ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হয়ে ওঠার অনেক আগে থেকেই নিউয়েলস ওল্ড বয়েজের বয়সভিত্তিক দলে অনুশীলন আর স্কুলের পড়াশোনা নিয়ে ব্যস্ত সময় কাটতো মেসির। সেই সময়ের একটি মার্কশিট সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ প্রকাশ করেছে ‘স্কালোনাদোস’ নামের একটি অ্যাকাউন্ট।
প্রকাশিত নথি অনুযায়ী, মেসির বয়স তখন ১২ কিংবা ১৩ বছর। আর্জেন্টিনার সান্তা ফে প্রদেশের রোজারিও শহরের স্কুল নম্বর ৬৬ জেনারেল লাস হেরাসে পড়তেন তিনি।
মার্কশিটে বিভিন্ন বিষয়ে মেসির প্রাপ্ত নম্বর উল্লেখ করা হয়েছে। শারীরিক শিক্ষায় পূর্ণ ১০ নম্বর পেয়েছিলেন তিনি। চারুকলা ও সংগীতে পেয়েছিলেন ৮। তবে গণিত, ভাষা, সামাজিক বিজ্ঞান, বিদেশি ভাষা ও প্রযুক্তি বিষয়ে তার নম্বর ছিল ৬।
মার্কশিটটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। মেসির নম্বর দেখে মজার মন্তব্যও করছেন অনেকে। চারুকলায় ৮ পাওয়ার প্রসঙ্গ টেনে একজন লিখেছেন, ‘বেশ ভালো শিল্পী।’ আবার নিজের স্কুলজীবনের নম্বরের সঙ্গে মেসির ফলের তুলনা করে একজনের মন্তব্য, ‘আমাদেরও লিওর মতো প্রতিভা আছে।’
শৈশবে মেসি কেমন শিক্ষার্থী ছিলেন, তা নিয়ে স্মৃতিচারণ করেছেন তার কয়েকজন শিক্ষকও। তাদের একজন আন্দ্রেয়া সোসা। পঞ্চম ও ষষ্ঠ শ্রেণিতে মেসিকে গণিত পড়িয়েছিলেন তিনি। ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবোকে দেওয়া এক সাক্ষাৎকারে সোসা বলেছেন, ‘সে খুব শান্ত স্বভাবের ছেলে ছিল। লাজুক হওয়ায় ক্লাসে খুব একটা অংশ নিতো না। কিন্তু ফুটবল খেলতে মাঠে নামার সঙ্গে সঙ্গেই পুরোপুরি বদলে যেত। তখন সে হয়ে উঠত সেই লিও, যাকে আজ পুরো বিশ্ব চেনে।’
‘বাফুফে আমার কাছে কিছু পাবে না, যা পাবে তার চেয়ে বেশি দিয়েছি’