সরকারি চাকরিপ্রার্থীদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর অঞ্চল-৪, ঢাকা। রাজস্ব খাতভুক্ত ছয় ক্যাটাগরির পদে মোট ৪৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
যেসব পদে নিয়োগ
বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রধান সহকারী পদে ৮ জন, উচ্চমান সহকারী পদে ৫ জন, সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর পদে ১৪ জন, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ১১ জন, গাড়ি চালক পদে একজন এবং অফিস সহায়ক পদে ১০ জন নিয়োগ দেওয়া হবে। এসব পদ ১৩তম থেকে ২০তম গ্রেডের মধ্যে।
যোগ্যতা ও বয়স
পদভেদে শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্ত আলাদা। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছর হতে হবে। এ নিয়োগে শুধু ঢাকা জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন।
আবেদন যেভাবে
প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করা যাবে tax4.teletalk.com.bd ওয়েবসাইটে। অনলাইনে আবেদন শুরু হবে ৫ অক্টোবর ২০২৬ সকাল ১০টায়। আবেদন করা যাবে ২৫ অক্টোবর ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত।
আবেদন ফরম পূরণের পর টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে নির্ধারিত আবেদন ফি জমা দিতে হবে। আবেদন ফি ও সার্ভিস চার্জ পদভেদে বিজ্ঞপ্তিতে নির্ধারিত রয়েছে। ফরম জমা দেওয়ার পর সর্বোচ্চ ৭২ ঘণ্টার মধ্যে ফি পরিশোধ করতে হবে।
পরীক্ষার পদ্ধতি
নিয়োগের ক্ষেত্রে লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে। সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ও গাড়ি চালক পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে হবে। গাড়ি চালক পদের জন্য বৈধ ড্রাইভিং লাইসেন্সও প্রয়োজন হবে।
নিয়োগ বিজ্ঞপ্তিটি ১ অক্টোবর ২০২৬ জারি করা হয় এবং ২ অক্টোবর দ্য ডেইলি স্টারে প্রকাশিত হয়েছে। বিস্তারিত তথ্য ও আবেদনসংক্রান্ত নির্দেশনা কর অঞ্চল-৪ ঢাকার ওয়েবসাইট এবং টেলিটকের আবেদন পোর্টালে পাওয়া যাবে।
নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।