কর্মকর্তা ও কর্মচারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর ও শাখায় রাজস্ব খাতের ২৫টি ক্যাটাগরিতে মোট ৩৫ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ২৫ নভেম্বর ২০২৬ বিকেল ৪টার মধ্যে আবেদন করতে হবে।
যেসব পদে নিয়োগ
বিশ্ববিদ্যালয়টির বিজ্ঞপ্তি অনুযায়ী, রেজিস্ট্রার, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন), পরীক্ষা নিয়ন্ত্রক, চিফ রিসার্চ অফিসার, অতিরিক্ত রেজিস্ট্রার, অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক, অতিরিক্ত পরিচালক, উপপরিচালক, উপপ্রধান প্রকৌশলী, সহকারী পরিচালক, প্রকিউরমেন্ট অফিসার, সেকশন অফিসার, নার্স, ল্যাব টেকনিশিয়ান, সেমিনার সহকারী, হিসাব সহকারী, গ্রাউন্ডম্যান, রাজমিস্ত্রি, সেমিনার অ্যাটেনডেন্ট, সিকবয়, এমএলএসএস, পরিচ্ছন্নতাকর্মী ও নিরাপত্তা প্রহরী পদে নিয়োগ দেওয়া হবে।
এর মধ্যে পরিচ্ছন্নতাকর্মী পদে ৭ জন এবং নিরাপত্তা প্রহরী পদে ১২ জন নিয়োগ পাবেন। বাকি পদগুলোতে একজন করে নিয়োগ দেওয়া হবে।
বেতন ও বয়সসীমা
নিয়োগ বিজ্ঞপ্তিতে পদ ও গ্রেড অনুযায়ী বেতন নির্ধারণ করা হয়েছে। সর্বোচ্চ বেতন স্কেল ১ লাখ ১৩ হাজার থেকে ১ লাখ ৪৮ হাজার ৮০০ টাকা। সর্বনিম্ন বেতন স্কেল ২০ হাজার থেকে ৪৮ হাজার ৪০০ টাকা।
গ্রেড-৩ ও গ্রেড-৪-এর পদগুলোতে সর্বোচ্চ বয়স ৫৫ ও ৫০ বছর। গ্রেড-৫ থেকে গ্রেড-৯-এর পদগুলোতে বয়সসীমা ৩২ থেকে ৪৫ বছর। অন্যান্য অধিকাংশ পদে প্রার্থীদের বয়স অনূর্ধ্ব ৩২ বছর হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
গ্রেড-৩ ও গ্রেড-৪-এর পদগুলোতে আবেদন করতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিসহ সমস্কেল বা প্রথম শ্রেণির পদে ১২ থেকে ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাজীবনে তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়। অতিরিক্ত পরিচালক (সেন্ট্রাল লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সেন্টার) পদে লাইব্রেরি সায়েন্স বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
গ্রেড-৫ থেকে গ্রেড-৯-এর পদগুলোতে পদ অনুযায়ী বাণিজ্য, প্রকৌশল বা সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি বিএসসি ইঞ্জিনিয়ারিং কিংবা স্নাতকোত্তর ডিগ্রি এবং নির্দিষ্ট অভিজ্ঞতা চাওয়া হয়েছে।
নার্স পদে ডিপ্লোমা ইন নার্সিং বা বিএসসি ইন নার্সিং ডিগ্রি এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের নিবন্ধন থাকতে হবে। ল্যাব টেকনিশিয়ান পদে বিজ্ঞপ্তিতে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা ও কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে। সেমিনার সহকারী পদে ন্যূনতম স্নাতক ডিগ্রি প্রয়োজন।
গ্রেড-১৬ থেকে গ্রেড-২০-এর পদগুলোতে পদ অনুযায়ী বাণিজ্যে স্নাতক, এসএসসি বা অষ্টম শ্রেণি পাস এবং সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা ও শারীরিক যোগ্যতা থাকতে হবে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট https://www.brur.ac.bd/ থেকে আবেদন ফরম সংগ্রহ করতে হবে। ১ থেকে ১৪ নম্বর পদের জন্য সাত সেট এবং ১৫ থেকে ২৫ নম্বর পদের জন্য চার সেট আবেদন ফরম জমা দিতে হবে।
আবেদন ফি হিসেবে ১ থেকে ১৪ নম্বর পদের জন্য ২০০ টাকা এবং ১৫ থেকে ২৫ নম্বর পদের জন্য ৫০ টাকা ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার করতে হবে। অনগ্রসর নাগরিকদের জন্য আবেদন ফি ৫০ টাকা।
ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার ‘রেজিস্ট্রার, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর’-এর অনুকূলে জনতা ব্যাংকের যেকোনো শাখা থেকে করতে হবে। আবেদনপত্রের সঙ্গে ছবি, সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি এবং নির্ধারিত ডাকটিকিটযুক্ত ফেরত খাম জমা দিতে হবে।
আবেদন পাঠানোর ঠিকানা
রেজিস্ট্রার, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর (সংস্থাপন শাখা)।
আবেদন ডাকযোগে অথবা সরাসরি বিশ্ববিদ্যালয়ে গিয়ে জমা দেওয়া যাবে। আবেদন জমা দেওয়ার শেষ সময় ২৫ নভেম্বর ২০২৬, বিকাল ৪টা। সরকারি ছুটির দিন বাদে রবি থেকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে।
বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৯ মে ২০২৫ ও ১২ জানুয়ারি ২০২৬ তারিখে প্রকাশিত আগের নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে যারা ইতিমধ্যে আবেদন করেছিলেন, তাঁদের পুনরায় আবেদন করতে হবে না।