২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে ‘হত্যাযজ্ঞের’ ঘটনায় তদন্তের সর্বশেষ অগ্রগতি জানতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে এসেছেন হেফাজতে ইসলামের শীর্ষ নেতারা।
রবিবার (১৯ জুলাই) সকালে সংগঠনটির সিনিয়র নায়েবে আমীর আব্দুল হামিদ (মধুপুর পীর সাহেব)-এর নেতৃত্বে ১০ থেকে ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মো. আমিনুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন।
প্রতিনিধি দলে যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক, মুফতি হারুন ইজহার, মুফতি মীর ইদ্রিসসহ সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
প্রসিকিউশন সূত্রে জানা গেছে, তদন্ত প্রতিবেদনে ৪১ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ, সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপা এবং লেখক শাহরিয়ার কবীরের নাম রয়েছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
প্রসঙ্গত, ২০১৩ সালের ৫ মে ১৩ দফা দাবিতে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ করে হেফাজতে ইসলাম বাংলাদেশ। দিনভর উত্তেজনা ও সংঘর্ষের পর গভীর রাতে পুলিশ, র্যাব ও বিজিবি যৌথ অভিযান চালিয়ে শাপলা চত্বর খালি করে। ওই অভিযানে বহু মানুষ নিহত হওয়ার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত শুরু হয়।







