মামলাজট কমাতে চলমান বিশেষ উদ্যোগের অংশ হিসেবে হাইকোর্ট বিভাগে এক কার্যদিবসে ৭ হাজার ৮৫৩টি পুরোনো ক্রিমিনাল বিবিধ (মিস) মামলা নিষ্পত্তি হয়েছে। একদিনে এতসংখ্যক পুরোনো ক্রিমিনাল বিবিধ মামলা নিষ্পত্তির ক্ষেত্রে এটিই নতুন রেকর্ড।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হাইকোর্ট বিভাগের ১০টি ক্রিমিনাল মোশন বেঞ্চে বৃহস্পতিবার এসব মামলা নিষ্পত্তি করা হয়।
এতে আরও বলা হয়, পুরোনো মামলা নিষ্পত্তির বিশেষ কার্যক্রম শুরুর পর এ পর্যন্ত প্রতি সপ্তাহে একদিন করে মোট ৯ কার্যদিবসে ৩৫ হাজার ৭৯২টি পুরোনো ক্রিমিনাল বিবিধ মামলা নিষ্পত্তি হয়েছে। একই সময়ে পুরোনো ক্রিমিনাল বিবিধ ও রিট মামলা মিলিয়ে মোট নিষ্পত্তি হয়েছে ৪২ হাজার ৬৯৯টি মামলা।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধান বিচারপতির নির্দেশনায় হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন ও রিট মোশন বেঞ্চে দীর্ঘদিনের পুরোনো মামলা অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির বিশেষ কার্যক্রম চলমান রয়েছে। বিচারপ্রার্থীদের দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা, মামলাজট কমানো এবং বিচারব্যবস্থার গতিশীলতা বাড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
গত ৭ মে থেকে হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন ও রিট মোশন বেঞ্চগুলো প্রতি সপ্তাহের নির্দিষ্ট দিনে পুরোনো ক্রিমিনাল বিবিধ ও রিট মামলা নিষ্পত্তির বিশেষ কার্যক্রম শুরু করে। এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।









