প্রতারণা ও জালিয়াতির মামলায় সময় টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আহমেদ জোবায়েরের জামিন আবেদন আবারও নামঞ্জুর করেছেন আদালত।
রবিবার (২৬ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসানের আদালতে তার আইনজীবী ফরহাদ হোসেন নিয়ন জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি নাকচ করে দেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগে বলা হয়, প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও কাগজপত্র জালিয়াতির অভিযোগে গত ১০ মে সৈয়দ আসাদুজ্জামান আহমেদ জোবায়েরসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেন। অন্য আসামিরা হলেন—আহমেদ জোবায়েরের স্ত্রী শামীমা সুলতানা চৌধুরী, মেয়ে সারাফ নাওয়ার জয়ীতা, ছেলে আহমেদ রাফিদ কাদের ঋভু, শেখ মাহমুদ ইয়াসিন ও সানি চৌধুরী।
মামলায় আসামিদের ১৭ জুন আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়। নির্ধারিত দিনে তারা হাজির না হওয়ায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
পরে ১৮ জুন আহমেদ জোবায়ের, আহমেদ রাফিদ কাদের ঋভু, শেখ মাহমুদ ইয়াসিন ও সানি চৌধুরী আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত তিন আসামির জামিন মঞ্জুর করলেও আহমেদ জোবায়েরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গত ১২ জুলাইও আহমেদ জোবায়েরের জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছিল।
আহমেদ জোবায়েরের আইনজীবীর দাবি, সময় মিডিয়া লিমিটেডের মালিকানা ও পরিচালনা নিয়ে চলমান বিরোধের জেরে বাদী প্রতিশোধমূলক উদ্দেশ্যে এ মামলা করেছেন।








