রাজধানীর শাহ আলী এলাকায় সড়কের পাশে পড়ে ছিল কালো রঙের একটি পলিথিনের ব্যাগ। সেখান থেকে ভেসে আসছিল নবজাতকের কান্না। বিষয়টি স্থানীয়দের চোখে পড়ার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দেওয়া হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পুলিশ পলিথিনের ভেতর থেকে জীবিত অবস্থায় চার থেকে পাঁচ দিন বয়সী একটি কন্যাশিশুকে উদ্ধার করে। পরে ফুটফুটে ওই নবজাতককে হাসপাতালে নেওয়া হয়।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় শাহ আলীর ডি ব্লকের ৮ নম্বর সড়কে এই ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকালে ৯৯৯ এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার বলেন, নবজাতকের অবস্থা সংকটাপন্ন হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে সেখান থেকে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে শিশুটিকে ভর্তি করে দেওয়া হয়।
ডিএমপির মিরপুর বিভাগের ডিসি হাসান মোহাম্মদ নাছের রিকাবদার বলেন, নবজাতকটি শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু বিভাগে চিকিৎসাধীন। পুলিশের দুই সদস্য সার্বক্ষণিক নবজাতকটির চিকিৎসার খোঁজখবর রাখছেন।
৯৯৯ জানায়, বুধবার সন্ধ্যায় এক ব্যক্তি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে জানান, শাহ আলী থানার ডি ব্লকের ৮ নম্বর সড়কের পাশের একটি খালি জায়গায় কালো পলিথিনের ব্যাগের ভেতর একটি নবজাতক শিশুকে পড়ে থাকতে দেখা গেছে। এরপর সেখান থেকে তাৎক্ষণিকভাবে শিশুটিকে উদ্ধারের ব্যবস্থা নিতে শাহ আলী থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে শাহ আলী থানার একটি দল ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে। পরে তাকে প্রথমে শিশু হাসপাতালে নেওয়া হয়।









