সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সদরে নিজ বসতঘর থেকে মো. শাহীন কাদির (৪৮) নামের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলা সদরের ধর্মপাশা পশ্চিমপাড়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মারা যাওয়া শাহীন কাদির ওই গ্রামের মৃত সুনু কাদিরের ছেলে। তিনি এনসিপির ধর্মপাশা উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক ছিলেন।
পুলিশ ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাত ৮টার দিকে বসতঘরের বারান্দার কক্ষে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দেন শাহীন কাদির। রাত সাড়ে ৮টার দিকে খাবার খেতে পরিবারের সদস্যরা তাকে ডাকাডাকি শুরু করেন। দরজা না খোলায় একপর্যায়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান পরিবারের লোকজন। খবর পেয়ে রাত সাড়ে ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
শাহীনের ভাতিজা আসিফ আহমেদ জানান, তার চাচা দীর্ঘদিন ধরে মেরুদণ্ডের সমস্যায় ভুগছিলেন। প্রায়ই মেরুদণ্ডের ব্যথায় কাতরাতেন। চিকিৎসা করেও কোনও সুফল পাননি।
এনসিপির ধর্মপাশা উপজেলা শাখার আহ্বায়ক আজিজুল হক বলেন, ‘শাহীন কাদির কেন এই পথ বেছে নিলেন, তা বুঝে উঠতে পারছি না। তার মৃত্যুতে আমরা খুবই মর্মাহত।’
ধর্মপাশা থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, ‘মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে মেরুদণ্ডের সমস্যায় ভুগছিলেন বলে পরিবারের লোকজন জানিয়েছেন। ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করা সম্ভব নয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’









