রাজধানীর গুলশানে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শশুরের ওয়্যারহাউসে অভিযান পরিচালনা করেছে যৌথ দল। এ অভিযানে ছিলেন শুল্ক গোয়েন্দা তদন্ত অধিদফতর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও এসআরবি।
এই ওয়্যারহাউসের নাম ‘টস বন্ড প্রাইভেট লিমিটেড’। এর মালিক হলেন, নুর ইসলাম, তার স্ত্রী শীলা ইসলাম ও মেয়ে তাসনিম ইসলাম।
বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত সাড়ে ১০টা থেকে ভোর সাড়ে ৪টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।
শুক্রবার সকালে জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। একইসঙ্গে ওয়্যারহাউসটি যে সালমান মুক্তাদিরের শশুরের সে বিসয়টিও নিশ্চিত করা হয়।
অভিযানে ৪টি ওয়্যারহাউস সিলগালা করে দেওয়া হয়েছে।
এনবিআর জানায়, গুলশানের ‘টস বন্ড প্রাইভেট লিমিটেড’-এ কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর এবং এসআরবির যৌথ অভিযানে প্রাথমিকভাবে গুরুতর অসঙ্গতি পরিলক্ষিত হয়েছে।
প্রতিষ্ঠানটির অনুমোদিত/ঘোষিত ওয়্যারহাউসের সংখ্যা ২টি। কিন্তু সরেজমিন অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি মোট ৪টি ওয়্যারহাউসে পণ্য মজুত রেখেছে। অর্থাৎ অনুমোদিত ওয়্যারহাউসের বাইরে আরও দুটি অননুমোদিত ওয়্যারহাউসেও পণ্য সংরক্ষণ করা হয়েছে।
এনবিআর জানায়, বিশেষ করে অননুমোদিত ওয়্যারহাউসে বন্ড সুবিধায় আমদানিকৃত শুল্কমুক্ত পণ্য স্থানান্তর বা অপসারণ রোধ এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট ৪টি ওয়্যারহাউসই সিলগালা করা হয়েছে। তদন্ত ও বিস্তারিত যাচাই কার্যক্রম চলমান রয়েছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।