ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে শুক্রবার (৯ অক্টোবর) বেলা আড়াইটার দিকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ ফেলে দুই ব্যক্তি পালিয়ে গেছেন।
মৃত ওই ব্যক্তির তাৎক্ষণিক নাম-পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক (৫০) বছর হতে পারে। তার পরনে ছিলো জিন্স প্যান্ট ও আকাশি রঙের শার্ট।
হাসপাতাল সূত্রে জানা যায়, জরুরি বিভাগের ট্রলিম্যান মো. পারভেজ মোশারফের কাছে দুই ব্যক্তি নিহত যুবককে জরুরি বিভাগে নিয়ে যান। তারা টিকিট আনার কথা বলে কৌশলে পালিয়ে যান। অনেক খোঁজাখুঁজি করেও তাদের আর পাওয়া যায়নি। পরে ওই যুবককে চিকিৎসকের কাছে নেওয়া হলে বিকাল ৩টার দিকে মৃত ঘোষণা করা হয়।
হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য জরুরি বিভাগের মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
তিনি জানান, নিহতের পকেটে থাকা মানিব্যাগ কিছু ভিজিটিং কার্ড এবং চশমার দোকানের একটি রিসিভ দেখে ওই চশমার দোকানে নিহতের ছবিটি পাঠালে তিনি ফেসবুকে দিলে তার স্বজনদের সন্ধান পাওয়া যায়। তাদেরকে সংবাদ দেওয়া হয়েছে।
পরে মুঠোফোনে নিহতের ছেলে তামিমের সঙ্গে কথা হলে তিনি জানান, তার বাবার নাম সবুজ মল্লিক (৫০)। গ্রামের বাড়ি জামালপুর সদর। মৃতের বাবার নাম মৃত আমজাদ মল্লিক।
তিনি আরও জানান, বর্তমানে তিনি ধামরাই এলাকায় একটি সিরামিক কোম্পানির ম্যানেজার হিসাবে কর্মরত ছিলেন। সেই এলাকাতেই বসবাস করতেন। তবে আজকের ঘটনা কী, কোথায় গিয়েছিলেন বা কী হয়েছিল এ বিষয়ে তিনি জানেন না।