আইনজীবী হতে বয়স বেঁধে দেওয়া, সমাধান নাকি নতুন সংকট?

বাহাউদ্দিন ইমরান
১৬ অক্টোবর ২০২৬, ১৮:৫২ আপডেট : ১৬ অক্টোবর ২০২৬, ১৮:৫২

বাংলাদেশে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণের উদ্যোগকে ঘিরে আইন অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ বলছেন, আইন পেশার মান, দক্ষতা ও মর্যাদা বাড়াতে বয়সসীমা নির্ধারণ প্রয়োজন। আবার কারও মতে, শুধু বয়স বেঁধে দিয়ে পেশার অনিয়ম দূর করা সম্ভব নয়, বরং এতে জীবনের পরবর্তী পর্যায়ে আইন পড়তে আসা শিক্ষার্থী ও পেশা পরিবর্তন করতে আগ্রহীরা ক্ষতিগ্রস্ত হতে পারেন।

আইনজীবী হওয়ার বয়স নির্ধারণের বিষয়ে গত ১৩ অক্টোবর মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। সুপ্রিম কোর্টের এক অনুষ্ঠানে তিনি জানান, ৩৫ বছর পার হলে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ নেওয়া হচ্ছে।

একই দিনে অ্যাটর্নি জেনারেল ও পদাধিকার বলে বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান মো. রুহুল কুদ্দুস কাজলও জানান, আইনজীবী হিসেবে তালিকাভুক্তির সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, ২০৩০ সালের ১ জানুয়ারি থেকে এটি কার্যকর করার পরিকল্পনা রয়েছে। এমনকি এ বিষয়ে বার কাউন্সিলের লিগ্যাল এডুকেশন কমিটির সব সদস্য মিলে একটি রেজ্যুলেশন পাস করা হয়েছে বলেও তিনি জানান।

বার কাউন্সিলের চেয়ার‌ম্যান ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস (কাজল) ও কাউন্সিলের সচিব মোহাম্মদ কামাল হোসেন শিকদারের সই করা গত ১৯ আগস্টের ওই রেজ্যুলেশনের একটি অনুলিপি বাংলা ট্রিবিউনের হাতে এসেছে। এতে উল্লেখ করা হয়েছে, ‘‘১৯ আগস্ট, ২০২৬  তারিখে অনুষ্ঠিত বার কাউন্সিল সভার কার্যবিবরণীর উদ্ধৃতাংশ; আলোচ্য সূচি-৬; লিগ্যাল এডুকেশন কমিটির কতিপয় সুপারিশের বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ।’

‘আলোচনা ও সিদ্ধান্ত: বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সিভিল পিটিশন ফর লিভ টু আপিল নম্বর: ২৫৩/২০১৪-এর প্রেক্ষাপটে লিগ্যাল এডুকেশন কমিটি আইনজীবী হিসেবে তালিকাভুক্তির ক্ষেত্রে একটি যৌক্তিক সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণের প্রয়োজনীয়তা সম্পর্কে সুপারিশ প্রদান করে।’

এতে আরও বলা হয়—‘লিগ্যাল এডুকেশন কমিটি মতামত প্রদান করে যে, আইন পেশার মর্যাদা ও দক্ষতা বৃদ্ধি, দীর্ঘমেয়াদি পেশাগত সম্পৃক্ততা নিশ্চিতকরণ এবং পেশাকে অধিকতর গতিশীল রাখার লক্ষ্যে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির ক্ষেত্রে একটি সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করা সমীচীন।’

‘বিগত ০৬-০৮-২০২৬ তারিখে অনুষ্ঠিত লিগ্যাল এডুকেশন কমিটির সভায় আইনজীবী হিসেবে তালিকাভুক্তির ক্ষেত্রে একটি যৌক্তিক সর্বোচ্চ বয়সসীমা ৩৫  বছর নির্ধারণের প্রস্তাব করা হয় এবং উক্ত সুপারিশ কাউন্সিল সভায় উপস্থাপন করা হয়। বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা শেষে সভায় উপস্থিত সব সম্মানিত সদস্য আইনজীবী হিসেবে তালিকাভুক্তির ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণের বিষয়ে একমত পোষণ করেন। অতঃপর সর্বসম্মতিক্রমে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণের সিদ্ধান্ত গৃহীত হয়— যা ২০৩০ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে বলে উপস্থিত সব সদস্য একমত পোষণ করেন।’

তবে অনেকে বার কাউন্সিলের এমন সিদ্ধান্তকে ইতিবাচকভাবে মেনে নিতে পারেননি। কেউ কেউ  দেখিয়েছেন মিশ্র প্রতিক্রিয়া।  কেউবা নজির টেনে বলছেন, অন্য কোনও দেশে এই পেশায় প্রবেশের বয়সসীমা বেধে দেওয়া হয়নি। তাই বার কাউন্সিলের সিদ্ধান্তের পরিবর্তনও প্রত্যাশা করা হচ্ছে।

ঢাকার নিম্ন আদালতের শিক্ষানবিশ ইমাম হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘বার কাউন্সিলের এমন সিদ্ধান্ত দেখে আহত হয়েছি। আমাদের দেশে সেশন জটের কারণে পড়াশোনা শেষ করতে অনেকেরই বয়স চলে যায়। কেউ যদি সরকারি চাকরির ক্ষেত্রে নির্ধারিত বয়সের মধ্যে নিজেকে প্রমাণ করতে ব্যার্থ হন, তবে তিনি আইন পেশায় এলে ক্ষতি কোথায়? পৃথিবীর কোনও রাষ্ট্রেই আইন পেশায় প্রবেশের বয়সসীমা দেওয়া নেই। আমরা চাইবো, এই সিদ্ধান্ত পরিবর্তন করা হোক। নয়তো আমরা আন্দোলনের ডাক দেবো।’’

অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘আইন পেশার পেশাদারত্ব, দক্ষতা ও মর্যাদা বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি পেশাগত সম্পৃক্ততা নিশ্চিত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।’’

বর্তমানে বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার, ১৯৭২-এর ২৭(১) অনুচ্ছেদে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির জন্য ন্যূনতম ২১ বছর বয়সসহ শিক্ষাগত ও পরীক্ষাসংক্রান্ত যোগ্যতার কথা বলা আছে। বিদ্যমান বিধানে সর্বোচ্চ বয়সসীমার উল্লেখ নেই। ফলে নতুন উদ্যোগ কার্যকর হলে আইন পেশায় প্রবেশের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসবে।

এ বিষয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যকরী সদস্য ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘বর্তমান সময়ের কথা বিবেচনা করলে আমি মনে করি, এটি একটি সময়য়োপযোগী সিদ্ধান্ত। আমাদের সুপ্রিম কোর্টেই প্রায় ১৮ হাজার আইনজীবী, ঢাকা আইনজীবী সমিতিতে প্রায় ৪০ হাজারসহ সারা দেশে ৮০ হাজারের মতো আইনজীবী রয়েছেন।  এই যে এত আইনজীবী—তাদের উপযুক্ত প্রশিক্ষণ দেওয়া, সমিতিতে বসার মতো উপযুক্ত জায়গা-পরিবেশ নিশ্চিত করা, রিসার্চ ও লাইব্রেরি সুবিধা প্রদান করা কঠিন হয়ে উঠেছে। তাই এই প্রেক্ষাপটে আমাদের বিষয়টিকে এভাবে দেখতে হবে যে, যারা বেস্ট স্টুডেন্ট এবং প্রথম থেকেই আইনজীবী হওয়ার স্বপ্ন দেখে আসছেন এবং এই পেশাতেই স্থায়ী হতে চান ,কোনও দ্বিতীয় বা বিকল্প পেশা হিসেবে আইনজীবী হতে চায় না, তাদেরকেই এই পেশায় প্রাধান্য দেওয়া উচিত।’’

তিনি মনে করেন, বর্তমানে সারা দেশে আইনজীবীর সংখ্যা যেহেতু অতিরিক্ত হয়ে গেছে, তাই অবশ্যই বয়স নির্ধারণ করে দেওয়ার বিষয়টিকে সময়যোপযোগী বলে মনে করি। যদিও ইংল্যান্ডসহ কোনও দেশেই বয়সের সীমাবদ্ধতা নেই। এটা স্বাধীন পেশা, তাই বয়স বেঁধে দেওয়াটাও সঠিক না। কিন্তু যেভাবে আইনজীবীদের সংখ্যা বেড়েছে, তাদেরকে আগে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও অন্যান্য সুযোগ-সুবিধার বিষয়টিও নিশ্চিত করা দরকার।

সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিলা ঝুমা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘আইন পেশায় প্রবেশের জন্য একটি মানসম্মত ও মেধাভিত্তিক বাছাই প্রক্রিয়া জোরদার করা, ব্যবহারিক প্রশিক্ষণ বাধ্যতামূলক ও কার্যকর করা, নবীন আইনজীবীদের জন্য পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা করা এবং পেশাগত দক্ষতা যাচাইয়ের ধারাবাহিক ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। তাই বয়সসীমা নিয়ে সিদ্ধান্ত গ্রহণের আগে সংশ্লিষ্ট আইনজীবী, বার কাউন্সিল, আইন শিক্ষাবিদ ও বিচারব্যবস্থার অংশীজনদের মতামত নেওয়া উচিত। আইন পেশায় প্রবেশের সুযোগ এমন হতে হবে, যাতে একদিকে যোগ্য ও মেধাবী তরুণেরা পেশায় আসতে উৎসাহিত হন। অপরদিকে পূর্ববর্তী শিক্ষা, অভিজ্ঞতা ও বাস্তব পরিস্থিতির কারণে পরবর্তী সময়ে আইন পেশায় আসতে আগ্রহীদের ক্ষেত্রেও ন্যায্যতা বজায় থাকে। তবে কোনোভাবেই পেশাগত মান, নৈতিকতা ও দক্ষতার প্রশ্নে আপস করা যাবে না।’’

তিনি বলেন, ‘‘তাই আইন পেশার মর্যাদা রক্ষার জন্য শুধু বয়সসীমা নির্ধারণই যথেষ্ট নয়। প্রয়োজন মেধাভিত্তিক নির্বাচন, মানসম্মত আইন শিক্ষা, কার্যকর প্রশিক্ষণ, পেশাগত জবাবদিহি এবং নৈতিক মানদণ্ডের কঠোর বাস্তবায়ন। আমার বিশ্বাস, এসব বিষয়কে সমন্বিতভাবে বিবেচনা করে একটি কার্যকর নীতিমালা প্রণয়ন করা গেলে— আইন পেশার গুণগত মান বৃদ্ধি পাবে এবং বিচারপ্রার্থী মানুষের ন্যায়বিচার পাওয়ার সুযোগ আরও সুদৃঢ় হবে।’’

/এপিএইচ/
সম্পর্কিত
রাষ্ট্রদ্রোহ মামলা: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ-গুলশান আরা কারাগারে
চাঁদা না পেয়ে দুই আ. লীগ নেতাকে পুলিশে ধরিয়ে দিলেন কথিত যুবদল কর্মী
মানবতাবিরোধী অপরাধের মামলা বিদেশি আইনজীবী নিয়োগের সিদ্ধান্ত হবে বার কাউন্সিলের বৈঠকে
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
এসআরবির উপস্থিতি টের পেয়ে পালালো দুর্বৃত্তরা, ৮ ককটেল উদ্ধার
এসআরবির উপস্থিতি টের পেয়ে পালালো দুর্বৃত্তরা, ৮ ককটেল উদ্ধার
ক্যানসার আক্রান্ত পোপ লিও, কী ভাবছে ভ্যাটিকান
ক্যানসার আক্রান্ত পোপ লিও, কী ভাবছে ভ্যাটিকান
এবার যন্তর মন্তর থেকে নেহাকে আটক করলো দিল্লি পুলিশ
এবার যন্তর মন্তর থেকে নেহাকে আটক করলো দিল্লি পুলিশ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
ভারতীয় তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট
ভারতীয় তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা