মাদক ও কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত গডফাদারদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. সায়েদুর রহমান।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকালে পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের এ নির্দেশ দেন।
সভায় মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপাররা ভার্চুয়ালি যুক্ত ছিলেন। পুলিশ হেডকোয়ার্টার্সে উপস্থিত ছিলেন ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মোহাম্মদ আবু সুফিয়ানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সায়েদুর রহমান বলেন, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশের অবস্থান ‘জিরো টলারেন্স’। সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে পুলিশের ভাবমূর্তি বাড়ানোর জন্য মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি। দায়িত্ব পালনের সময় জনগণের সঙ্গে মানবিক আচরণ করারও নির্দেশ দেন।
ডাকাতির মামলা রেকর্ড এবং দ্রুত ঘটনার রহস্য উদ্ঘাটনের মাধ্যমে অপরাধীদের বিচারের আওতায় আনার নির্দেশ দেন অতিরিক্ত আইজি। ধর্ষণ মামলার তদন্ত নিবিড়ভাবে তদারক করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, এতে বিচারে সাজার হার বাড়বে। পাশাপাশি অন্যান্য মামলার নিষ্পত্তির হার বাড়ানোর নির্দেশনাও দেন তিনি।
সমাজে ইতিবাচক ভাবমূর্তির অধিকারী ব্যক্তিদের সম্পৃক্ত করে কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক কমিউনিটি ও বিট পুলিশিং কার্যক্রম পরিচালনার আহ্বান জানান সায়েদুর রহমান।
সম্প্রতি শারদীয় দুর্গাপূজা নিরাপদে ও নির্বিঘ্নে উদযাপিত হওয়ায় মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের আইজিপির পক্ষ থেকে ধন্যবাদ জানান তিনি।
সভায় সেপ্টেম্বর ২০২৬ মাসের গুরুত্বপূর্ণ ঘটনাসহ সার্বিক অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এ ছাড়া ডাকাতি, দস্যুতা, খুন, ধর্ষণ, পুলিশ আক্রান্ত ও অপহরণের মামলা, মুলতবি গ্রেফতারি পরোয়ানা, তদন্ত ও বিচারের অগ্রগতি এবং সাজার হার নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সাংবাদিক না হয়েও গাড়িতে ‘প্রেস’, ৫২০০ ইয়াবাসহ গ্রেফতার