বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির লাশ উদ্ধারের ঘটনায় করা হত্যা মামলায় তার ‘বন্ধুস্থানীয় ছোটভাই’ আহমেদ শাহরিয়ার রেজা দীপের পর এবার বান্ধবী জেরিকা তাসনিম দিশাকে সাত দিনের রিমান্ডে চেয়েছে তদন্ত সংস্থা নৌপুলিশ।
রবিবার (১ নভেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা টঙ্গী নৌপুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর ফিরোজ উদ্দিন এ রিমান্ড আবেদন করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন রিমান্ড আবেদনের তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন,‘ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেনের আদালতে রিমান্ড বিষয়ে শুনানি হবে।’ পুলিশ জানায়, শনিবার রাত ২টার দিকে কাফরুল এলাকা থেকে দিশাকে গ্রেফতার করা হয়।
প্রকাশিত একটি সিসিটিভির ফুটেছের তথ্যানুযায়ী, ২৭ অক্টোবর রাত ১০টা ১৭ মিনিটে এক তরুণীকে সঙ্গে নিয়ে উত্তরার একটি বারে যান তাহসিফ। কিছুক্ষণ পর পৃথক মোটরসাইকেলে আসেন দীপ। পরে তিনজনকে একসঙ্গে লিফটে উঠতে দেখা যায়। প্রকাশিত আরেকটি ফুটেজের তথ্য অনুযায়ী রাত ১১টা ৫১ মিনিটে তাদের রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যাওয়ার তথ্য পাওয়া গেছে। এতে জানা যায়, সেখানে প্রায় দেড় ঘণ্টা অবস্থান করেছিলেন তারা। তদন্ত-সংশ্লিষ্ট সূত্র জানায়, রেস্টুরেন্ট থেকে বেরিয়ে ওই তরুণীকে বাসায় পৌঁছে দেওয়ার পর তাহসিফ ও দীপ টঙ্গীর দিকে যান। সেই তরুণীকেই গ্রেফতার করেছে নৌপুলিশ।
এরআগে শুক্রবার (৩০ অক্টোবর) রাতে সাউরির লাশ উদ্ধারের ঘটনায় বাবা কে এম এনায়েতুল করিম উত্তরখান থানায় মামলা করেন।
ক্ষমতাচ্যুত শেখ হাসিনার দেশত্যাগের ‘ভিডিও ধারণকারী’ হিসেবে আলোচনায় থাকা তাহসিফ সাউরির ভাসমান লাশ বুধবার (২৮ অক্টোবর) বিকালে তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে উদ্ধার করে নৌপুলিশ।
তাহসিফ মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় বন্ধু দীপের ডাকে বাসার নিচে নামেন এবং নিজের বাইক নিয়ে বাসা থেকে বের হয়ে গিয়েছিলেন।
দীপ বৃহস্পতিবার বলেছিলেন, রেস্তোরাঁয় একসঙ্গে রাতের খাবার খেয়ে উত্তরা হাউজবিল্ডিং এলাকা থেকে তাহসিফের কাছ থেকে আলাদা হয়ে যান।
রাতেই মোহাম্মদপুরের বাবর রোডের বাসা থেকে দীপকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পিবিআই। তার দেওয়া তথ্যেই শুক্রবার (৩০ অক্টোবর) সকালে টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে তাহসিফের বাইকটি উদ্ধার করা হয়।
‘মাদকস্পট’ হিসেবে পরিচিত ওই এলাকায় মধ্যরাতে তাহসিফের সঙ্গে যাওয়ার কথা স্বীকারও করে দীপ। একপর্যায়ে তাকে নিয়ে শুক্রবার টঙ্গীর ওই এলাকা পরিদর্শনেও গিয়েছিলেন পিবিআই কর্মকর্তারা।
২৮ বছর বয়সী তাহসিফ গত মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় উত্তরার বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। পরদিন বুধবার (২৮ অক্টোবর) বিকালে টঙ্গীর রাজাবাড়ি ঘাটের কাছে তুরাগ নদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে নৌপুলিশ।