রাজধানীর ডেমরার দক্ষিণ হাজিনগর এলাকার একটি বাসা থেকে জোসনা বেগম (৪০) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক কলহের জেরে স্বামীর সঙ্গে ঝগড়ার পর তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি করেছেন স্বজনরা।
শনিবার (৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে একটি টিনশেড বাসায় এ ঘটনা ঘটে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
জোসনা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর গ্রামের আবু কালামের মেয়ে। তিনি ডেমরায় বাসচালক স্বামী মো. ফারুক ও চার ছেলেমেয়েকে নিয়ে বসবাস করতেন।
ডেমরা থানার এসআই মোহাম্মদ সাদ্দাম হোসেন জানান, দুপুর সাড়ে ১২টার দিকে খবর পেয়ে তারা বাসার একটি কক্ষ থেকে জোসনার মরদেহ উদ্ধার করেন। স্বজনরা জানিয়েছেন, পারিবারিক কলহের জেরে স্বামীর ওপর অভিমান করে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে তিনি ফাঁস দেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
নিহতের স্বামী ও আলিফ পরিবহনের বাসচালক ফারুক বলেন, ‘আমার স্ত্রী গৃহিণী ছিলেন। সে সাংসারিক বিষয় নিয়ে ঝগড়ার পর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।’