চাঁদা না দিলেই গুলি-আগুন, রাজধানীতে বেপরোয়া সন্ত্রাসীরা

ইমরান আলী
১৬ নভেম্বর ২০২৬, ২২:০০ আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ২২:০০

শুক্রবার রাত প্রায় ১১টা। রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের বিপরীতে শ্যামলীমুখী প্রধান সড়কের পাশে অনুরাগ ফার্মেসিতে ক্রেতাদের ওষুধ দিচ্ছিলেন কর্মী মইন উদ্দীন। হঠাৎ গুলির শব্দে কেঁপে ওঠে আশপাশ। উপস্থিত লোকজন কিছু বুঝে ওঠার আগেই দ্বিতীয় দফায় গুলি ছোড়া হয়। ফার্মেসির কাচ ভেদ করে গুলি চলে যায় মইন উদ্দীনের মাথার ওপর দিয়ে। অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি।

অভিযোগ উঠেছে, ফার্মেসির মালিকের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন ‘কিলার বাদল’ ও ‘কিলার পাপ্পু’ নামে পরিচিত দুই সন্ত্রাসী। চাঁদা না পেয়ে প্রথমে দুই দফা ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এরপর সরাসরি গুলি চালানো হয়।

শুধু অনুরাগ ফার্মেসি নয়, রাজধানীর বিভিন্ন এলাকায় চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠান লক্ষ্য করে গুলি, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। রবিবার (১৫ নভেম্বর) মোহাম্মদপুর ও হাজারীবাগে এজেআর কুরিয়ার সার্ভিসের গাড়ি ও গুদামে হামলা হয়। একই দিন সন্ধ্যায় রামপুরায় একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের কার্যালয়ে গুলিবিদ্ধ হন দুজন।

একের পর এক এসব ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ বাড়ছে। অভিযোগ রয়েছে, চাঁদা আদায়ে সন্ত্রাসীরা প্রথমে ফোনে হুমকি দিচ্ছে। দাবি পূরণ না হলে ককটেল বিস্ফোরণ, গুলি কিংবা আগুন দিয়ে আতঙ্ক সৃষ্টি করছে। এমন পরিস্থিতিতে রাজধানীর ৫৪৫ জন চাঁদাবাজ ও সন্ত্রাসীর তালিকা ধরে অভিযান জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

৫০ লাখ টাকা চাঁদার দাবিতে ফার্মেসিতে গুলি

অনুরাগ ফার্মেসির পাশাপাশি একই নামে রেস্তোরাঁ, সুপারশপসহ একাধিক ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানের মালিক সৈয়দ হাসান নূর ইসলাম রাষ্টন। তিনি সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা হিসেবে পরিচিত। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে তিনি দেশের বাইরে রয়েছেন বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, সম্প্রতি রাষ্টনের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন মোহাম্মদপুর এলাকার দুই সন্ত্রাসী কিলার বাদল ও কিলার পাপ্পু। টাকা না পেয়ে অনুরাগ ফার্মেসি লক্ষ্য করে দুই দফায় ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এরপর শুক্রবার রাতে সেখানে গুলি চালানো হয়।

পুলিশ জানিয়েছে, ফার্মেসিতে গুলির ঘটনায় ইতোমধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে। হামলার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।

রামপুরায় গুজা বাদশার নামে আতঙ্ক

রাজধানীর রামপুরা ও হাতিরঝিল এলাকায় চাঁদাবাজির অভিযোগে নতুন করে আলোচনায় এসেছে ‘গুজা বাদশা’ নামে পরিচিত এক সন্ত্রাসীর নাম। তিনি নিহত সন্ত্রাসী কাইল্যা পলাশের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।

চলতি বছরের জুনে গুলিতে কাইল্যা পলাশ নিহত হওয়ার পর এলাকায় গুজা বাদশার প্রভাব বেড়েছে বলে স্থানীয় সূত্রের দাবি। এর আগে এপ্রিলে পুলিশের সাবেক এএসপি ফজলুল হক হত্যা মামলায় গ্রেফতার হয়েছিলেন তিনি। পরে জামিনে মুক্তি পান। অভিযোগ রয়েছে, রামপুরা ও হাতিরঝিলের ডিশ ও ইন্টারনেট সংযোগ, আবাসন, পোশাক কারখানা ও হোটেলসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান থেকে চাঁদা আদায়ে সক্রিয় তাঁর অনুসারীরা।

সর্বশেষ রবিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় রামপুরার ওয়াবদা রোডে ‘স্পিড টার্চ নেটওয়ার্ক অ্যান্ড টেকনোলজি’ প্রতিষ্ঠানের কার্যালয়ে চার-পাঁচজন যুবক ঢুকে গুলি চালায়। এতে দুজন আহত হন। হামলাকারীদের মধ্যে দুজনের মুখে মাস্ক ও মাথায় ক্যাপ ছিল বলে জানা গেছে।

আহতদের হাসপাতালে নিয়ে আসা প্রতিষ্ঠানটির নেটওয়ার্ক অপারেশন ইনচার্জ বন্দন কুমার সাহা বলেন, ‘১৫ থেকে ২০ দিন আগে গুজা বাদশা ও জনি পরিচয়ে মোবাইল ফোনে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা না দিলে এলাকায় ব্যবসা করতে দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হয়েছিল। এরপরই গুলির ঘটনা ঘটল। আমরা খুবই আতঙ্কের মধ্যে আছি।’

রামপুরা ও হাতিরঝিল থানা সূত্রে জানা গেছে, গুজা বাদশার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরকদ্রব্য আইনে মোট ১৪টি মামলা রয়েছে।

এক মাসে এজেআর কুরিয়ারে অন্তত ২০ হামলার অভিযোগ

চাঁদাবাজির বিরোধকে কেন্দ্র করে ধারাবাহিক হামলার শিকার হচ্ছে এজেআর কুরিয়ার সার্ভিস। প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের অভিযোগ, গত ১৮ অক্টোবর থেকে প্রায় এক মাসে ঢাকা ও নারায়ণগঞ্জে তাদের কার্যালয়, গুদাম ও পণ্যবাহী যানবাহনে অন্তত ২০ বার হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের অভিযোগ, শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমন ওরফে ক্যাপ্টেন ইমনের নাম ব্যবহার করে একটি চক্র ২০ লাখ টাকা চাঁদা এবং হাজারীবাগের গুদামের ভাড়া দাবি করে আসছিল। দাবি পূরণ না হওয়ায় হামলা শুরু হয়।

গত ১৮ অক্টোবর রাতে হাজারীবাগে বে-গ্রুপ থেকে ভাড়া নেওয়া এজেআরের কার্যালয়ে গিয়ে অফিস দখলের হুমকি দেওয়া হয়। এর দুই দিন পর, ২০ অক্টোবর সন্ধ্যায় সিকদার মেডিক্যাল কলেজের কাছে প্রতিষ্ঠানটির প্রধান ওয়্যারহাউসে হামলা ও লুটপাট চালানো হয়।

সর্বশেষ রবিবার মোহাম্মদপুর বেড়িবাঁধের বোর্ড গার্ড এলাকায় এজেআরের তিনটি কাভার্ড ভ্যানের গতিরোধ করে ভাঙচুর করা হয়। চালকদের মারধর করে হামলাকারীরা জানিয়ে দেয়, তাদের ‘বড় ভাইয়ের’ সঙ্গে সমাধান না হওয়া পর্যন্ত গাড়ি বের করা যাবে না।

একই দিন রাতে হাজারীবাগ বেড়িবাঁধসংলগ্ন এজেআরের ওয়্যারহাউসে ২০ থেকে ৩০ জন সশস্ত্র দুর্বৃত্ত হামলা চালায়। তারা কার্যালয় ভাঙচুর ও লুটপাটের পাশাপাশি গুলি ছোড়ে এবং দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এসব ঘটনায় হাজারীবাগ, মোহাম্মদপুর ও শাহবাগসহ বিভিন্ন থানায় একাধিক মামলা ও সাধারণ ডায়েরি করেছে প্রতিষ্ঠানটি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে জড়িত সন্দেহে প্রায় ২০ জনকে গ্রেফতার করা হয়েছে।

এজেআর কুরিয়ার সার্ভিসের মানবসম্পদ ও অডিট বিভাগের সহকারী মহাব্যবস্থাপক জয়ন্ত চৌধুরী বলেন, ‘হামলাকারীরা ক্যাপ্টেন ইমনের পরিচয় দিচ্ছে। তবে নেপথ্যে আসলে কারা রয়েছে, তা আমরা জানি না। মূল হোতারা গ্রেফতার না হওয়ায় আমাদের প্রতিষ্ঠানের ওপর হামলাও বন্ধ হচ্ছে না।’

সবচেয়ে ঝুঁকিতে রাজধানীর পাঁচ এলাকা

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন বিভাগের গোয়েন্দা তথ্য অনুযায়ী, রাজধানীর অপরাধপ্রবণ পাঁচটি এলাকা বিশেষ নজরদারিতে রয়েছে। এগুলো হলো মোহাম্মদপুর, মিরপুর, বাড্ডা, যাত্রাবাড়ী ও ধানমন্ডি। এর মধ্যে মোহাম্মদপুরকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

গোয়েন্দা সূত্রের দাবি, এসব এলাকায় শীর্ষ সন্ত্রাসীদের নামে একাধিক গ্রুপ চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয়। অনেক ক্ষেত্রে বিদেশি নম্বর ব্যবহার করে হোয়াটসঅ্যাপে প্রথমে চাঁদা দাবি ও হত্যার হুমকি দেওয়া হয়। এরপর গুলি কিংবা ধারালো অস্ত্র দিয়ে হামলার ঘটনা ঘটে।

২০২৪ সালের আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর কারামুক্ত কয়েকজন শীর্ষ সন্ত্রাসীর মধ্যে এলাকা নিয়ন্ত্রণ ও আধিপত্য নিয়ে বিরোধ তৈরি হয়েছে বলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রের দাবি। এসব বিরোধের জেরে প্রতিদ্বন্দ্বী গ্রুপগুলোর মধ্যে সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনাও ঘটেছে।

৫৪৫ জনের তালিকা, গ্রেফতার অর্ধশতাধিক

রাজধানীর চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে ৫৪৫ জনের একটি তালিকা তৈরি করেছে সরকারি গোয়েন্দা সংস্থাগুলো। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার পর তালিকাভুক্ত ব্যক্তিদের ধরতে অভিযান জোরদার করা হয়েছে। ইতোমধ্যে ৫০ জনের বেশি গ্রেফতার হয়েছেন বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে। সর্বশেষ মোহাম্মদপুর থেকে মাসুম খান নামে বিএনপির সাবেক এক ওয়ার্ড সভাপতিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তাঁর নামও ওই তালিকায় রয়েছে।

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, ‘তালিকা পাওয়ার পর গত এক সপ্তাহ ধরে অভিযান চলছে। ইতোমধ্যে প্রায় অর্ধশত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।’

তিনি জানান, যাঁদের বিরুদ্ধে আগে থেকে মামলা রয়েছে, তাঁদের সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখানো হচ্ছে। অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধার হলে অস্ত্র আইনে মামলা হচ্ছে। আর যাঁদের বিরুদ্ধে মামলা নেই, তাঁদের ক্ষেত্রে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ অনুযায়ী আটক রাখার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। তালিকাও নিয়মিত হালনাগাদ করা হচ্ছে।

এসআরবির মুখপাত্র ও বিমানবাহিনীর উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় গোয়েন্দা তালিকা পাওয়ার পর থেকেই চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। ইতোমধ্যে উল্লেখযোগ্যসংখ্যক অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। রাজধানীসহ সারা দেশে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চলছে।’

‘অপরাধ করলে কাউকে ছাড় নয়’

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলেন, ‘চাঁদাবাজ ও সন্ত্রাসীদের গ্রেফতারে আমাদের নিয়মিত অভিযান চলছে। অনুরাগ ফার্মেসিতে গুলির ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। এজেআরের ঘটনায়ও প্রায় ২০ জন গ্রেফতার হয়েছে। হাতিরঝিলের ইন্টারনেট অফিসে হামলার ঘটনায় বেশ কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে।’

অপরাধে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন পুলিশের এই কর্মকর্তা।

তবে একের পর এক হামলার ঘটনায় প্রশ্ন উঠেছে, গ্রেফতার অভিযান চললেও কেন থামছে না চাঁদাবাজদের অস্ত্রের দাপট? ব্যবসাপ্রতিষ্ঠানে গুলি, পরিবহনে অগ্নিসংযোগ এবং প্রকাশ্যে হামলার ঘটনায় শুধু মাঠপর্যায়ের হামলাকারীদের গ্রেফতারই যথেষ্ট কি না, সেই প্রশ্নও সামনে আসছে। বিশেষ করে নেপথ্যের নির্দেশদাতা, অবৈধ অস্ত্রের উৎস এবং চাঁদাবাজির অর্থের প্রবাহ শনাক্ত করা না গেলে রাজধানীর ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হয়ে পড়তে পারে।

/জেইউ/ইউএস/
সম্পর্কিত
ভরদুপুরেও ঢেকে আছে ঢাকার আকাশ, কুয়াশা নাকি অন্য কিছু?
‘কাফনের কাপড় কিনে রাখিস’, চাঁদা না পেয়ে বাড়িতে গুলি করে ফোনে হুমকি
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ দল-সংগঠনের ৩ নেতাকর্মী গ্রেফতার
সর্বশেষ খবর
সরকারি কেনাকাটায় দেশী পণ্যের অগ্রাধিকার, বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠন
সরকারি কেনাকাটায় দেশী পণ্যের অগ্রাধিকার, বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠন
লিটনের ক্যাচ মিসে চতুর্থ উইকেটের দেখা পেলেন না হাসান
লিটনের ক্যাচ মিসে চতুর্থ উইকেটের দেখা পেলেন না হাসান
বাসদের ১৩ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন, সাধারণ সম্পাদক মাসুদ রানা
বাসদের ১৩ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন, সাধারণ সম্পাদক মাসুদ রানা
সকাল থেকে অবরুদ্ধ জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
সকাল থেকে অবরুদ্ধ জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
সর্বাধিক পঠিত
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’
বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
সেনাবাহিনীর উচ্চপর্যায়ে রদবদল
সেনাবাহিনীর উচ্চপর্যায়ে রদবদল
অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা সাবেক ছাত্রদল নেতাকে ডাকলেন প্রশাসক
অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা সাবেক ছাত্রদল নেতাকে ডাকলেন প্রশাসক