শিশু থেকে বৃদ্ধ- লাড্ডু খেতে পছন্দ করেন সবাই। বেসন দিয়ে ভীষণ মজাদার লাড্ডু বানিয়ে ফেলা যায় বাড়িতেই। অতিথি আপ্যায়নে কিংবা শিশুর স্কুলের টিফিনে দিতে পারেন মজাদার লাড্ডু। রেসিপি জেনে নিন।
২ কাপ বেসনের সঙ্গে এক চিমটি লবণ মিশিয়ে নিন। বেসন ও লবণ চেলে নেবেন। এরপর পরিমাণ মতো পানি মেশান অল্প অল্প করে। মিহি ব্যাটার তৈরি করুন। অনেকটা কেকের মতো হবে এটি, খুব বেশি পাতলা বা ঘন না। চুলায় প্যান বসিয়ে ১ চা চামচ তেল দিয়ে ছড়িয়ে নিন। এক চামচ করে ব্যাটার দিন প্যানে। একবারে প্যানে যতগুলো ধরে ততগুলো দেবেন। কম আঁচে উলটে পালটে সামান্য ভেজে নিন। নামিয়ে কিছুটা ঠান্ডা হলে ব্লেন্ড করে নিন এগুলো।
সিরা তৈরির জন্য এক কাপ চিনি ও দেড় কাপ পানি জ্বাল দিন। খুব বেশিক্ষণ জ্বাল করবেন না। সিরায় সামান্য জর্দার রঙ বা ফুড কালার দিয়ে দিতে পারেন। সিরার মধ্যে দিয়ে দিন বেসনের গুঁড়া। চুলার আচ একদম কমিয়ে রাখবেন। নাড়তে থাকুন। বাদামের টুকরা ও ঘি দিয়ে দিন। নামিয়ে গরম থাকতে থাকতেই লাড্ডু বানিয়ে নিন।









