বাইরে থেকে অর্ডার করা ফ্রেঞ্চ ফ্রাইয়ের আলাদা একটা মজা আছে, কিন্তু চাইলে ঘরেই বানানো যায় ঠিক ততটাই মচমচে ও সুস্বাদু ফ্রেঞ্চ ফ্রাই। প্রয়োজন শুধু সঠিক আলু, একটু ধৈর্য আর কয়েকটি কৌশল। রইল ধাপে ধাপে ঘরে বসে পারফেক্ট ফ্রেঞ্চ ফ্রাই বানানোর রেসিপি। মজার তথ্য, নাম ‘ফ্রেঞ্চ’ হলেও এটির জন্ম কিন্তু ফ্রান্সে নয়! সঙ্গে থাকছে সেই ইতিহাসটিও।
প্রয়োজনীয় উপকরণ
বড় আকারের আলু– ৩–৪টি
তেল– ভাজার জন্য পর্যাপ্ত
লবণ– স্বাদমতো
কর্নফ্লাওয়ার– ১ চা-চামচ (ঐচ্ছিক, বাড়তি মচমচে ভাবের জন্য)
গোলমরিচ গুঁড়া/চিলি ফ্লেক্স– সামান্য (ঐচ্ছিক)
আলু কাটার প্রস্তুতি
আলু ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিন। এরপর লম্বা করে সমান আকারে কাটুন, খুব মোটা বা পাতলা নয়। কাটার পর সঙ্গে সঙ্গে ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখুন অন্তত ৩০ মিনিট। এতে আলুর অতিরিক্ত স্টার্চ বের হয়ে যাবে এবং ফ্রাই হবে বেশি মচমচে।
পুরো নয়, হালকা সেদ্ধ
ভেজানো আলু পানি থেকে তুলে নিন। এবার ফুটন্ত পানিতে ৩–৪ মিনিটের বেশি নয়—হালকা সেদ্ধ করুন। পুরো সেদ্ধ করবেন না। তুলে নিয়ে ভালোভাবে পানি ঝরিয়ে নিন এবং পরিষ্কার কাপড় বা টিস্যু দিয়ে আলু শুকিয়ে নিন।
ফ্রিজে রাখুন
মচমচে ফ্রেঞ্চ ফ্রাইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ এটি। হালকা সেদ্ধ আলু ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা ফ্রিজে রেখে দিন। চাইলে এই অবস্থায় ফ্রিজে রেখে পরেও ব্যবহার করতে পারেন।
দুই ধাপে ভাজুন
প্রথম ধাপ: মাঝারি আঁচে তেল গরম করে আলু হালকা সোনালি হওয়া পর্যন্ত ভাজুন। তুলে নিয়ে আবার ঠান্ডা হতে দিন।
দ্বিতীয় ধাপ: এইবার তেল ভালোভাবে গরম করে আলু আবার ভাজুন। তখনই ফ্রেঞ্চ ফ্রাই হবে সোনালি ও মচমচে।
শেষ ছোঁয়া
ভাজা শেষ হলে গরম গরম ফ্রেঞ্চ ফ্রাইয়ের ওপর লবণ ছিটিয়ে দিন। চাইলে গোলমরিচ, চিলি ফ্লেক্স বা পাপরিকা গুঁড়াও যোগ করতে পারেন।
পরিবেশন
কেচাপ, মেয়োনিজ, চিজ সস বা গার্লিক ডিপ সঙ্গে দিয়ে পরিবেশন করুন। বিকেলের নাশতা বা অতিথি আপ্যায়নে ফ্রেঞ্চ ফ্রাই সবসময়ই নিরাপদ পছন্দ।
পরামর্শ
আলুর জাত যতটা সম্ভব স্টার্চি হলে ভালো (যেমন বড় সাদা আলু)। একসঙ্গে বেশি আলু ভাজবেন না, কর্নফ্লাওয়ার ব্যবহার করলে মচমচে ভাব আরও বাড়ে।
ফ্রেঞ্চ ফ্রাই: নামের চেয়ে গল্পটা বেশি মজার
ফ্রেঞ্চ ফ্রাই নাম শুনে মনে হলেও এর জন্ম যে ফ্রান্সে, সেটি সরাসরি বলা মুশকিল। কারণ ইতিহাস বলছে গল্পটা এতটা সোজা নয়। খাদ্য–ইতিহাসবিদদের মতে, ফ্রেঞ্চ ফ্রাইয়ের আসল শিকড় রয়েছে বেলজিয়ামে।
বেলজিয়াম থেকে যাত্রা
১৭শ শতকে বেলজিয়ামের মিউজ উপত্যকার মানুষ ছোট মাছ ভেজে খেত। শীতকালে নদী বরফে জমে গেলে মাছ পাওয়া যেত না। তখন তারা বিকল্প হিসেবে আলু লম্বা করে কেটে মাছের মতো ভেজে খেতে শুরু করে। এখান থেকেই জন্ম নেয় আজকের ফ্রেঞ্চ ফ্রাইয়ের আদিরূপ।
নাম ‘ফ্রেঞ্চ’ কেন?
প্রথম বিশ্বযুদ্ধের সময় বেলজিয়ামে অবস্থানরত আমেরিকান সৈন্যরা এই ভাজা আলুর সঙ্গে পরিচিত হন। বেলজিয়ামের সেই অঞ্চলে ফরাসি ভাষা প্রচলিত ছিল। ফলে সৈন্যরা একে ‘ফ্রেঞ্চ ফ্রাই’ নামে ডাকতে শুরু করেন। আর সেই নামটাই বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে যায়।
বিশ্বজয়ের পথচলা
সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাই হয়ে ওঠে ফাস্ট ফুড সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। বার্গার থেকে শুরু করে স্টেক—সবকিছুর সঙ্গেই মানিয়ে নেয় এই সাধারণ কিন্তু আসক্তিকর খাবার। আজ ফ্রেঞ্চ ফ্রাই শুধু নাশতা নয়, একটি বৈশ্বিক খাদ্য–আইকন।
সংক্ষেপে বলা যায়- নাম ফ্রেঞ্চ হলেও, ফ্রেঞ্চ ফ্রাইয়ের বংশ বেলজিয়ান!









