সকালে ঘুম থেকে উঠে দেখলেন, বিছানার চাদর একদিকে উঠে গেছে, কোথাও আবার কুঁচকে আছে। যতই সুন্দর করে বিছানা গোছানো হোক, চাদর ঠিক জায়গায় না থাকলে পুরো ঘরের সৌন্দর্যটাই যেন নষ্ট হয়ে যায়। বিশেষ করে ঘুমের মধ্যে বেশি নড়াচড়া করার অভ্যাস থাকলে, বাড়িতে ছোট শিশু থাকলে কিংবা ভারী তোষক হলে এই সমস্যা আরও বাড়ে।
তবে চাদর বারবার সরে যাওয়া ঠেকাতে খুব বেশি ঝামেলা করার প্রয়োজন নেই। কয়েকটি সহজ কৌশল ব্যবহার করলেই বিছানা অনেকক্ষণ গোছানো ও পরিপাটি রাখা সম্ভব।
ভেলক্রো চাদর
চাদরের চারপাশে ভেলক্রো ব্যবহারের ব্যবস্থা থাকলে সেটি তোষকের সঙ্গে শক্তভাবে আটকে থাকে। তোষকের চারপাশে থাকা ব্যান্ডের সঙ্গে চাদরের ভেলক্রো মিলিয়ে চাপ দিলেই সেটি আটকে যায়।
এই পদ্ধতির বড় সুবিধা হলো, রাতে এপাশ-ওপাশ করলেও চাদর সহজে সরে যায় না। পাশাপাশি চাদর বদলানোর সময় ভারী তোষক তুলে ধরার প্রয়োজনও পড়ে না।
বিশেষ পিন বা লক
যারা ঘুমের মধ্যে অনেক নড়াচড়া করেন, তাদের জন্য চাদর আটকানোর বিশেষ পিন বা লক বেশ কার্যকর হতে পারে। এগুলো দিয়ে চাদরের প্রান্ত তোষকের সঙ্গে আটকে রাখা যায়।
তবে ব্যবহারের সময় অবশ্যই নিরাপদ ধরনের পিন বেছে নিতে হবে। এমন ব্যবস্থা ব্যবহার করা ভালো, যাতে পিনের ধারালো অংশ শরীরে না লাগে এবং চাদর বা তোষকও ক্ষতিগ্রস্ত না হয়।
জিপার লাগানো চাদর
ভারী তোষকের চাদর বদলাতে গিয়ে অনেকেই সমস্যায় পড়েন। তাদের জন্য জিপারযুক্ত বেডশিট হতে পারে সুবিধাজনক সমাধান।
এ ধরনের চাদরে নিচের অংশটি তোষকের সঙ্গে রাখা থাকে এবং ওপরের অংশটি জিপারের মাধ্যমে লাগানো যায়। ফলে চাদর খুলে ধোয়ার সময় পুরো তোষক নাড়াচাড়া করতে হয় না।
ইলাস্টিকযুক্ত ফিটেড বেডশিট
চাদর ঠিক জায়গায় রাখার সবচেয়ে পরিচিত উপায়গুলোর একটি হলো ফিটেড বেডশিট। চারপাশে ইলাস্টিক থাকার কারণে তোষকের নিচে চাদরটি আটকে যায়।
বিছানার মাপ অনুযায়ী সঠিক আকারের ফিটেড বেডশিট বেছে নিলে চাদর কুঁচকে যাওয়ার প্রবণতাও কমে। ফলে প্রতিদিন বিছানা গোছানো অনেক সহজ হয়ে যায়।
কর্নার স্ট্র্যাপ
ফিটেড বেডশিটের পাশাপাশি কর্নার স্ট্র্যাপও ব্যবহার করা যায়। এতে চাদরের প্রতিটি কোণের নিচে অতিরিক্ত ইলাস্টিক ব্যান্ড থাকে। সেটি তোষকের নিচে আটকে চাদরকে আরও শক্তভাবে ধরে রাখে।
বিশেষ করে মোটা বা মসৃণ তোষকের ক্ষেত্রে এই ব্যবস্থা কার্যকর হতে পারে। চাদর আটকে রাখতে আলাদা পিন বা জিপারের প্রয়োজন না হওয়ায় ব্যবহারও তুলনামূলক সহজ।
কোনটি আপনার জন্য?
ঘুমের মধ্যে বেশি নড়াচড়া করলে ভেলক্রো বা কর্নার-স্ট্র্যাপযুক্ত চাদর বেছে নিতে পারেন। ভারী তোষকের ক্ষেত্রে জিপারযুক্ত চাদর সুবিধাজনক। আর সহজ ও পরিচিত সমাধান চাইলে মাপমতো ফিটেড বেডশিটই যথেষ্ট।
চাদর ঠিকভাবে আটকানোর পাশাপাশি বিছানার মাপ অনুযায়ী চাদর বেছে নেওয়াও জরুরি। খুব ছোট চাদর হলে তা সহজেই খুলে যেতে পারে, আবার অতিরিক্ত বড় হলে কুঁচকে যাওয়ার সম্ভাবনা বাড়ে।









