সাক্ষাৎকার

টানা গদ্যে রচিত কবিতার ভেতর আমি নতুনত্ব সন্ধান করি : গৌরাঙ্গ মোহান্ত

সাক্ষাৎকার গ্রহণ : সাদিকুন নাহার
০৪ এপ্রিল ২০২৪, ১৬:২৪ আপডেট : ০৫ এপ্রিল ২০২৪, ১৪:২২

গৌরাঙ্গ মোহান্ত কবি ও অনুবাদক। তার কাব্যগ্রন্থ : আধিপ্রান্তর জুড়ে ছায়াশরীর, শূন্যতা ও পালকপ্রবাহ, ট্রোগনের গান, জলময়ূরের শত পালক, প্রমগ্ন কবিতাবলি, A Green Dove in Silence, এক হরা ফাখতা মৌন-সা, পদ্মরাইজোম ও আনথিয়ার পুষ্পাধার। গবেষণাগ্রন্থ : Robert Frost: A Critical Study in Major Images and Symbols. অনুবাদগ্রন্থ : ঝলকে ওঠা স্বপ্নডাঙা, কর্ডোফোনের প্রতিধ্বনি, ঝলকে ওঠা স্বপ্নডাঙা: চীনের ট্যাং কবিতা।

সাদিকুন নাহার : কবিতার নতুনত্ব বা নতুন কবিতা বলতে আপনি কী বোঝেন?
গৌরাঙ্গ মোহান্ত : কবিতার নতুনত্ব বলতে আমি প্রধানত তিনটি বিষয়কে চিহ্নিত করতে চাই। প্রথম বিষয় হচ্ছে কবিতায় স্ফুরিত কবিসত্তার চেতনা। দ্বিতীয় বিষয় কবিতায় বিন্যস্ত শব্দ বা বাক্যের প্রকৃতি। তৃতীয় বিষয় হচ্ছে কবিতার আঙ্গিক। প্রথম দুটি বিষয় ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। কারণ শব্দ বা বাক্য কবির চেতনাবাহী। দান্তের ডিভাইন কমেডিতে নরক, পার্গেটরি ও স্বর্গ ভ্রমণের দৃশ্যাবলি পরিবেশিত হয়েছে। খ্রিষ্টীয় চেতনার উদ্ভাসনে দান্তে একটি কবিজীবন অতিবাহিত করেছেন। এ সময়ের কবিতায় নিশ্চয়ই পরলোকচর্চা আদৃত হবে না। কিন্তু বিশ শতকের ইংরেজি কবিতায় বিশেষত এলিয়টের কবিতায় দান্তের ইনফার্নোর হতভাগ্য আত্মারা যে প্রতীকী ব্যঞ্জনা সৃষ্টি করেছে তা পরলোকচর্চার অন্তর্গত নয়। এভাবে কোনো টেক্সটের দর্শনে সমর্পিত না হয়েও সে টেক্সটের সাহায্যে একজন কবি যখন রূপকল্প নির্মাণ করেন তখন তিনি নতুনত্বের অন্বেষক। কবি মধ্যযুগীয় শব্দের দ্বারস্থ হলেও সে শব্দ নতুন অর্থে ব্যঞ্জনাদীপ্ত হওয়া প্রয়োজন। বিজ্ঞান ও যৌক্তিক চেতনা কবিতাকে অগ্রগামী করে তোলে। তবে অধিবাস্তবতার চিত্রণে কবি যুক্তিকে অগ্রাহ্য করে নতুন কিরণ রচনা করেন। কবিতার শরীরে প্রথাগত ছন্দ-মাত্রার অস্তিত্ব কবির স্বাধীনতাকে ক্ষুণ্ন করে। ফলত টানা গদ্যে রচিত কবিতার ভেতর আমি নতুনত্ব সন্ধান করি।

সাদিকুন নাহার : বিশ শতক থেকে একুশ শতকের কবিতার কোনো পার্থক্য কী ইতোমধ্যে চিহ্নিত করা সম্ভব? করা গেলে তা কী?
গৌরাঙ্গ মোহান্ত : বাংলাদেশের বিশ শতকের কবিতায় তৃতীয় দশকের কবিদের প্রভাব লক্ষণীয়। ইয়েটস, এলিয়ট, বোদলেয়ারের মিথ ও প্রতীকের নান্দনিক প্রয়োগকৌশল বিশ শতকের বাংলা কবিতায় অনুসৃত হয়েছে। এযাবৎ একুশ শতকের কবিতায় যা দেখেছি তাতে বৈচিত্র্য পরিব্যাপ্ত। অনেক ক্ষেত্রে একুশ শতকের কবিগণ মিথের অবিনির্মাণ নিশ্চিত করছেন; রূপকল্প ও প্রতীক প্রয়োগে ঐতিহ্যের অনুসারী হয়ে উঠছেন। তবে কিছুসংখ্যক কবি সংকীর্ণ কৌমপ্রত্যয়ের উজ্জীবন ঘটাবার জন্য কবিতা লিখছেন যা অনভিপ্রেত।

সাদিকুন নাহার : বিশ্বের অন্যান্য ভাষার কবিতার বিচারে সমকালীন বাংলাদেশের কবিতাকে আপনি কীভাবে দেখেন?
গৌরাঙ্গ মোহান্ত : সমকালীন বাংলাদেশে অনেক কবিতা রচিত হয়েছে যেগুলো আন্তর্জাতিক মানের। কিন্তু যথাযথ অনুবাদের অভাবে বিশ্বের পাঠক সম্প্রদায়ের কাছে আমাদের কবিতা বিশেষ করে সমকালীন কবিতা আশানুরূপভাবে উপস্থাপিত হতে পারেনি। বাংলাদেশে কিছু স্বনামধন্য প্রকাশনা থেকে কবিতার অনুবাদ বেরিয়েছে বটে, তবে অধিকাংশ ক্ষেত্রে মূল টেক্সটের সাথে বিশ্বস্ততা রক্ষিত হয়নি এবং টার্গেট টেক্সটের ভাষায় শিল্পসৌরভ সঞ্চারিত করা যায়নি।

সাদিকুন নাহার : বাংলাদেশের কবিতা এই সময়ে এসেও অন্য ভাষায় খুব একটা অনূদিত হচ্ছে না, এই অচলায়তন ঘোচানোর উপায় কী?
গৌরাঙ্গ মোহান্ত : বাংলাদেশের কবিতা খুব একটা অনূদিত না হওয়ার পেছনে আমাদের ভাষা ও সাহিত্য চর্চার দুর্বল ক্ষেত্রটি দায়ী। বাংলাদেশে উচ্চশিক্ষার সার্বিক বিকাশে সুন্দর পরিকল্পনা প্রণীত হয়েছে কিন্তু তা বাস্তবায়নে আমরা পিছিয়ে রয়েছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভাষিক জ্ঞানের চরম সীমাবদ্ধতা প্রকট হয়ে উঠেছে। অনুবাদে পারঙ্গম অধ্যাপকের সংখ্যাও এ দেশে নগণ্য। আমাদের কবিতা প্রথমত ইংরেজিতে ভাষান্তরিত হলে ফরাসি, জার্মান, ইতালি প্রভৃতি ভাষায় অনুবাদ করা সহজতর হয়। কিন্তু বিগত বায়ান্ন বছরেও আমাদের ইংরেজি চর্চা কাঙ্ক্ষিত শৃঙ্গ স্পর্শ করতে পারেনি। এ অচলায়তন থেকে সহজে মুক্তি পাওয়া যাবে বলে মনে হয় না। কোনো প্রতিষ্ঠানের ওপর ভরসা না রেখে একাধিক ভাষায় দক্ষ কবিগণকে টিমওয়ার্ক ও কলাবরেশনের মাধ্যমে অনুবাদকর্মকে সচল রাখতে হবে। এ দেশে সার্বিকভাবে শিক্ষার মান সমুন্নত হলে অনুবাদসহ গবেষণার ক্ষেত্রেও আমাদের অগ্রগতি সাধিত হবে।

/জেড-এস/
সম্পর্কিত
গো-খাদ্যের মৌসুমি ব্যবসা, কেমন চলছে বেচাকেনা 
কোরবানির বর্জ্য ব্যবস্থাপনার সামগ্রী বিতরণ শুরু করলো ডিএসসিসি
শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা না বন্ধ? 
সর্বশেষ খবর
মিরপুরে মেট্রোরেলের পিলারে আঁকা হবে জুলাই গ্রাফিতি
মিরপুরে মেট্রোরেলের পিলারে আঁকা হবে জুলাই গ্রাফিতি
নতুন গণভোটের প্রস্তাব সরকারের, সংকট না সমাধান?
নতুন গণভোটের প্রস্তাব সরকারের, সংকট না সমাধান?
বিদেশে সংসদ সদস্যদের সফর ঘিরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত
বিদেশে সংসদ সদস্যদের সফর ঘিরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত
মধ্যস্থতাকারীদের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের পৃথক বৈঠকের সম্ভাবনা, সমাধান কি আসবে?
মধ্যস্থতাকারীদের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের পৃথক বৈঠকের সম্ভাবনা, সমাধান কি আসবে?
সর্বাধিক পঠিত
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!