ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ (জেএমসি) বিভাগের আয়োজনে এবং ইয়ামাহার পৃষ্ঠপোষকতায় দুই দিনব্যাপী ‘জেএমসি মিডিয়া বাজ’-এর সপ্তম আসর শেষ হয়েছে। ২৮ ও ২৯ সেপ্টেম্বর ড্যাফোডিল স্মার্ট সিটিতে অনুষ্ঠিত এ আয়োজনে জাতীয় ফটোগ্রাফি প্রতিযোগিতা, কর্মশালা, প্যানেল আলোচনা, স্পটলাইট পিচ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এবারের আয়োজনের মূল প্রতিপাদ্য ছিল ‘অ্যাডভারটাইজিং অ্যান্ড ইনফ্লুয়েন্সার মার্কেটিং’। প্রথম দিন অনুষ্ঠিত হয় ‘ন্যাশনাল ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬’। ‘এনভায়রনমেন্ট অব বাংলাদেশ’ বিষয়ে আয়োজিত প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীরা অংশ নেন। এতে প্রথম হন চট্টগ্রামের তাজিম উদ্দিন, দ্বিতীয় পটুয়াখালীর মো. ইমরান পারভেজ এবং তৃতীয় হন মো. রাকিবুল হাসান।
প্রথম দিনের আয়োজনে ‘সিকিওরিং ইউর ডিজিটাল ফুটপ্রিন্ট’ শীর্ষক কর্মশালাও অনুষ্ঠিত হয়। এতে ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যক্তিগত নিরাপত্তা, দায়িত্বশীল উপস্থিতি ও ডিজিটাল ফুটপ্রিন্ট বিষয়ে শিক্ষার্থীদের ধারণা দেওয়া হয়।
দ্বিতীয় দিন অনুষ্ঠিত হয় ‘দ্য নিউ এরা অব অ্যাডভারটাইজিং অ্যান্ড ইনফ্লুয়েন্সার মার্কেটিং ইন দ্য এইজ অব এআই’ শীর্ষক প্যানেল আলোচনা এবং ‘ইয়ামাহা প্রেজেন্টস দ্য স্পটলাইট পিচ’ প্রতিযোগিতা। আলোচনায় অ্যাডকম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাজিম ফারহান চৌধুরী এবং অ্যাপলবক্স ফিল্মস লিমিটেডের প্রতিষ্ঠাতা ও নির্মাতা পিপলু আর. খান অংশ নেন।
আয়োজন সম্পর্কে জেএমসি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মো. আব্দুল কাবিল খান বলেন, পরিবর্তনশীল গণমাধ্যম ও ডিজিটাল যোগাযোগের যুগে শিক্ষার্থীদের বাস্তবমুখী দক্ষতায় গড়ে তুলতেই ধারাবাহিকভাবে এ আয়োজন করা হচ্ছে। এবারের আসরে আলোকচিত্র, ডিজিটাল নিরাপত্তা, বিজ্ঞাপন ও ইনফ্লুয়েন্সার মার্কেটিংয়ের মতো বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে।
দুই দিনের আয়োজনের শেষ পর্বে ড্যাফোডিল স্মার্ট সিটির স্বাধীনতা সম্মেলন কেন্দ্রে গ্র্যান্ড কনসার্ট অনুষ্ঠিত হয়। এতে সংগীত পরিবেশন করে ব্যান্ড ‘আর্বোভাইরাস’ ও ‘আফটারম্যাথ’।