স্বাধীনতার ঘোষণা ও দেশের বিভিন্ন ঐতিহাসিক ঘটনা নিয়ে প্রকাশিত তথ্য বিকৃতির অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
শনিবার (২৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনে ফোরামের কার্যালয়ের সামনে মিছিল শেষে অবস্থান নেন সংগঠনটির নেতাকর্মীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন।
ছাত্রদলের অভিযোগ, বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রকাশিত ফোরামের একটি ক্রোড়পত্রে ১৯৭১ সালের স্বাধীনতার ঘোষণা এবং ২০০৬ সালের ২৮ অক্টোবরের লগি-বৈঠার ঘটনা বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। এতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার বিষয়টি যথাযথভাবে তুলে ধরা হয়নি এবং লগি-বৈঠার ঘটনাকে ‘অভিযোগ’ হিসেবে উল্লেখ করে প্রকৃত ইতিহাস আড়াল করা হয়েছে।
কর্মসূচিতে শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, ক্রোড়পত্রে ১৯৭১ সালের ২৭ মার্চ শেখ মুজিবুর রহমানের নির্দেশে স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। এতে ২৬ মার্চের প্রেক্ষাপট আড়াল করা হয়েছে। এ ছাড়া ২০০৬ সালের ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডকে অভিযোগ হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে।
রাহী বলেন, ক্রোড়পত্রের লেখার সঙ্গে জড়িত ব্যক্তিদের প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং তাদের সংগঠন থেকে আজীবনের জন্য বহিষ্কার করতে হবে। পাশাপাশি শিক্ষক ফোরামের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করে বর্তমান কমিটি পুনর্গঠন করতে হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত ফোরামের নামে কোনো রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হবে না।
ক্রোড়পত্র তৈরির সঙ্গে জড়িত হিসেবে ফোকলোর বিভাগের আব্দুল মান্নান, ফিশারিজ বিভাগের ডিন আব্দুল মণ্ডল এবং পরিবহন প্রশাসক আব্দুল মান্নানের নাম উল্লেখ করেন ছাত্রদল সভাপতি। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি শিক্ষক ফোরামের কার্যক্রম স্থায়ীভাবে বাতিলের দাবি জানায় সংগঠনটি।