সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে মানববন্ধন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। মূলত ঢাবি’র ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরাই এই মানববন্ধনের আয়োজন করেন। তারা পুলিশি হামলার বিচার দাবি করেন।
সকাল ১১টার দিকে শহীদ মিনারের পাশে ও সায়েন্স বিল্ডিংয়ের সামনে এই মানববন্ধন করেন শিক্ষার্থীরা। রবিবার রাতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরতদের ওপর পুলিশের হামলার সময় ভূগোল বিভাগের দুই ছাত্র আবদুস সালাম ও রাকিব হোসেন আহত হয়েছেন বলে জানান শিক্ষার্থীরা।
‘৮ এপ্রিল অন্ধকারের রাত’, ‘৫২ নাকি ১৮?’, ‘বাংলার ছাত্রসমাজ আর কত রক্ত দেবে?’, ‘ঢাবি কি তবে পুলিশ চালাচ্ছে’ এসব লেখাসহ প্লাকার্ড হাতে নিয়ে শিক্ষার্থীরা মানবন্ধনে অংশ নেন। তারা দুই শিক্ষার্থীর ওপর হামলার বিচার ও ক্যাম্পাসে সবার নিরাপত্তা দাবি করেন। দেড়শ’ থেকে দুই শ’ শিক্ষার্থী এই মানববন্ধনে অংশ নেন।
উল্লেখ্য, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী রবিবার দুপুর ২টায় ঢাবি কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের পদযাত্রা শুরু হয়। পরে রাজু ভাস্কর্য হয়ে নীলক্ষেত ও কাঁটাবন ঘুরে পদযাত্রাটি শাহবাগ মোড়ে আসে। বিকাল ৩টা থেকে সেখানেই অবস্থান নেন আন্দোলনকারীরা। এ সময় শাহবাগের আশপাশের সড়ক দিয়ে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। রাত পৌনে ৮টার দিকে টিয়ারশেল নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ সময় কয়েকজনকে আটকও করা হয়। এরপরই পুলিশ আন্দোলনকারীদের ধাওয়া দেয়। এ সময় পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
পুলিশের অ্যাকশনের পর শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা অবস্থান নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ও টিএসসি এলাকায়। পরে রাত ১টার দিকে তারা ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আক্তারুজ্জামানের বাসভবনের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। তারা উপাচার্যের বাসভবনের গেট ভেঙে ভেতরে ঢুকে পড়েন। তারা ব্যাপক ভাঙচুর চালান এবং ভেতরে থাকা গাড়িতে আগুন ধরিয়ে দেন। আশপাশের কয়েকটি মোটরসাইকেলেও তারা আগুন দেন। রাত আড়াইটা পর্যন্ত এই অবস্থা চলে। ঢাবির চারুকলা অনুষদেও ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয়। পরে পুলিশ আন্দোলনকারীদের ধাওয়া করে হলে ঢুকতে বাধ্য করে। রাতেও টিয়ারশেল ও গুলি চালায় পুলিশ। পরিস্থিতি শান্ত থাকলেও ঢাবি ক্যাম্পাসে ব্যাপক পুলিশ মোতায়েন করা আছে।
এদিকে কোটা সংস্কার নিয়ে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকের প্রস্তাব দিয়েছে সরকার। আজ সোমবার (৯ এপ্রিল) আন্দোলনকারীদের নেতাদের সঙ্গে বৈঠক করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে সরকারের প্রতিনিধিরা। আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহঙ্গীর কবির নানক রবিবার (৮ এপ্রিল) রাত দেড়টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে গিয়ে আন্দোলনকারীদের এ বৈঠকের প্রস্তাব দেন।
এদিকে সোমবার সকালে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ। সোমবার ভোর ৬টার দিকে শাহবাগ থেকে শুরু হয়ে মিছিলটি কার্জন হলের দিকে যায়। মিছিলে থাকা ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে লাঠি, রডসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দেখা গেছে। ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনসহ প্রায় তিনশ নেতাকর্মী ছিলেন মিছিলে। ভোর ৬টার দিকে ছাত্রলীগের মিছিলটি শহীদুল্লাহ হলের সামনে পৌঁছালে সেখানে অবস্থানরত আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় আইনশৃঙ্খলা বাহিনী আবারও থেমে থেমে টিয়ারশেল নিক্ষেপ করে।
আরও পড়ুন-
কোটা সংস্কার আন্দোলন: এ পর্যন্ত যা যা হলো
সরকার পতনের জন্য মুখোশধারী সন্ত্রাসীদের এ তাণ্ডব: ঢাবি ভিসি
‘তাণ্ডবের প্রতিটি মুহূর্ত বারবার মৃত্যু ভয়ে আঁতকে উঠেছি’
উপাচার্যের বাসভবনে রাতের তাণ্ডব
ক্যাম্পাসে থমথমে অবস্থা: মোড়ে মোড়ে পুলিশ, আন্দোলনকারীরা হলে
আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ
পুলিশের কারও ভুল হলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি: ডিএমপি কমিশনার
৪ দফা দাবিতে টিএসসিতে অনড় ছাত্রীরা
অশুভ শক্তি গুজব রটিয়ে বেড়াচ্ছে: নানক
ঢাবি উপার্যের বাসভবনে ভাঙচুর, গাড়িতে আগুন
শাহবাগ মোড়ে কোটা সংস্কারের দাবিতে অবস্থান
ঢাবি উপাচার্যের বাসভবনের সামনে আন্দোলনকারীরা
কার্জন হলে টিয়ারশেল, আন্দোলনকারীদের বিক্ষিপ্ত প্রতিরোধ
কোটা সংস্কার আন্দোলন: গোলাপ না নিয়ে পিছু হটলো পুলিশ
ঢাবি ক্যাম্পাস ছাত্রলীগের দখলে, আন্দোলনকারীরা টিএসসিতে
কোটা সংস্কার আন্দোলনের বিরুদ্ধে ক্যাম্পাসে ছাত্রলীগের মিছিল
মুখোশধারীরা আমার বাসভবনে হামলা চালিয়েছে: ঢাবি উপাচার্য
কোটা সংস্কার আন্দোলন: সকাল ১১টায় বৈঠকের প্রস্তাব সরকারের
কোটা সংস্কার আন্দোলন: পুলিশের লাঠিচার্জ-টিয়ারশেলে আহত ৩১
ছাত্রীদের নিরাপদে হলে পৌঁছে দেওয়াটাই এখন বড় বিষয়: ঢাবি প্রক্টর
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ওপর টিয়ার শেল ও লাঠিচার্জ ( ভিডিও)








