রাত পোহালেই সারাদেশে করোনার টিকাদান কার্যক্রম শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ফেব্রুয়ারি ২০২১, ০০:০৬আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২১, ০০:৪৯

আজ রবিবার (৭ ফেব্রুয়ারি) সারাদেশে শুরু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত করোনাভাইরাস প্রতিরোধের ভ্যাকসিনেশন কর্মসূচি। এজন্য রাজধানী ঢাকায় ৫০টি হাসপাতাল ও সারাদেশে ৯৫৫টি হাসপাতালকে প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। সারাদেশে মোট এক হাজার পাঁচটি হাসপাতালে টিকাদান কার্যক্রম চলবে।

শনিবার (৬ ফেব্রুয়ারি) ভ্যাকসিন বিষয়ক প্রস্তুতি সম্পর্কে জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা ও অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। এসময় স্বাস্থ্য অধিদফতরের বিভিন্ন শাখার পরিচালক ও লাইন ডিরেক্টররাও উপস্থিত ছিলেন।

দেশের জেলা হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সকাল ৮টা থেকে বিকাল আড়াইটা পর্যন্ত টিকাদান কর্মসূচি চলবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। তবে যেহেতু যেহেতু প্রথম দিন, নানা আনুষ্ঠানিকতার কারণে হয়তো স্থানীয় ব্যবস্থাপকরা টিকা গ্রহণকারীদের সুবিধা বিবেচনা করে সময় আগে-পরে করতে পারবেন বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।

অধ্যাপক খুরশীদ আলম বলেন, রাজধানী ঢাকাতে ৫০টি হাসপাতালে ২০৪টি টিম কাজ করবে, সারাদেশে ৯৫৫টি হাসপাতালে দুই হাজার ১৯৬টি টিম কাজ করবে। মোট এক হাজার পাঁচটি হাসপাতালে ২ হাজার ৪০০টিম কাজ করবে। এছাড়াও ভ্যাকসিন বিষয়ক কার্যক্রমের জন্য টিম প্রস্তুত রয়েছে সাত হাজার ৩৪৪টি। শনিবার দুপুর আড়াইটা পর্যন্ত করোনা টিকা নেওয়ার জন্য নিবন্ধন করেছেন তিন লাখ ২৮ হাজার ১৩ জন।

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত করোনার টিকা দেওয়া হচ্ছে বাংলাদেশে। গত নভেম্বরে এই টিকার তিন কোটি ডোজ পেতে সেরামের সঙ্গে চুক্তি হয় বেক্সিমকোর। যার মধ্যে ৫০ লাখ ডোজ টিকা দেশে এসেছে গত ২৫ জানুয়ারি। এর আগে গত ২০ জানুয়ারি দেশে আসে ভারত সরকারের উপহার দেওয়া ২০ লাখ কোভিশিল্ড ভ্যাকসিন।

প্রতিটি মানুষকে দুই ডোজ করে দেশের মোট জনসংখ্যার ৮০ শতাংশ অর্থাৎ ১৩ কোটি ৮২ লাখ ৪৭ হাজার ৫০৮ জন মানুষকে এই টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে স্বাস্থ্য অধিদফতরের। এছাড়াও, বাংলাদেশ গ্যাভি-কোভ্যাক্স থেকে ৬৮ মিলিয়ন বা ৬ কোটি ৮০ লাখ (প্রতিজন দুই ডোজ) ডোজ করোনার ভ্যাকসিন পাচ্ছে।

গত ২৭ এবং ২৮ জানুয়ারি দেশের পাঁচটি হাসপাতালে ৫৬৭ জনকে প্রাথমিকভাবে টিকা দেওয়া হয় । তাদেরকে পর্যবেক্ষণ করা হয় এতদিন। কোনও গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া এই ৫৬৭ জনের মধ্যে দেখা যায়নি বলে সংবাদ সম্মেলনে জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

দ্বিতীয় ডোজ কেন ৪ সপ্তাহ পর

প্রাথমিকভাবে প্রথম ডোজের আট সপ্তাহ পর দ্বিতীয় ডোজ দেওয়ার পরিকল্পনা থাকলেও স্বাস্থ্য অধিদফতরকে সে পরিকল্পনাতে পরিবর্তন আনতে হয়েছে। প্রথমে নির্দেশনা ছিল চার থেকে ১২ সপ্তাহ পরে এই টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হবে। কিন্তু আমাদের অবস্থা অনুযায়ী প্রতিনিয়ত পরিকল্পনাকে সাজাতে হচ্ছে। আপাতত ঠিক করা হয়েছে, দ্বিতীয় ডোজ চার সপ্তাহ পরে দেওয়া হবে—বলেন অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।

তিনি বলেন, চার থেকে ১২ সপ্তাহ পর এই টিকা দেওয়ার নির্দেশনা ছিল, আমরা এখন চিন্তা করেছি চার সপ্তাহের মধ্যে দ্বিতীয় ডোজ দিয়ে দেবো।

কিন্তু ৮ সপ্তাহ পর টিকার কার্যকারিতার হার এখন পর্যন্ত ৯০ শতাংশ আর চার সপ্তাহ করলে সেটা ৬২ শতাংশ। তাহলে চার সপ্তাহে কেন আসা হলো জানতে চাইলে স্বাস্থ্য অধিদফতরের অসংক্রামক রোগ শাখার লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. রোবেদ আমিন বলেন, এই ভ্যাকসিনের ট্রায়ালের সময় ২৮ দিন পর দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছিল। আর অন্যান্য ভ্যাকসিনের সময়কাল ছিল ২১ থেকে ২৮ দিন।

এই ব্যাখ্যা তো আগেও ছিল, তাহলে কেন আগে ৮ সপ্তাহ করা হয়েছিল জানতে চাইলে তিনি বলেন, এটা তো একেক দেশের সিদ্ধান্ত। কিন্তু ৮ সপ্তাহের সিদ্ধান্ত কি টেকনিক্যাল কমিটির সিদ্ধান্ত নাকি পলিটিকাল সিদ্ধান্ত ছিল জানতে চাইলে অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, এসব সিদ্ধান্তই নাইট্যাগ (ন্যাশনাল ইমিউনাইজেশন টেকনিক্যাল অ্যাডভাইজারি গ্রুপ) এর সঙ্গে আলোচনা করে, তাদের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নিয়ে থাকি। যেহেতু ৭০ লাখ টিকা এখন আমাদের হাতে রয়েছে তাই টিকার যথাযথ ব্যবহার নিশ্চিত করার জন্য চার সপ্তাহ পর থেকে আমরা দ্বিতীয় ডোজ দেওয়া শুরু করবো এবং পর্যায়ক্রমে দুই ডোজই দেওয়া হবে। যাতে করে এই ৭০ লাখ টিকার যথাযথ ব্যবহার আমরা করতে পারি।

একইসঙ্গে তিনি বলেন, টিকাদানের ক্ষেত্রে প্রথম বা দ্বিতীয় ধাপ বলে কিছু থাকবে না। টিকাদান কর্মসূচি চলমান প্রক্রিয়া, এটা চলতে থাকবে। চার সপ্তাহ পরে দ্বিতীয় ডোজ দেওয়া হবে।

কারা ভ্যাকসিন নিতে পারবেন না

কারা ভ্যাকসিন নিতে পারবেন না জানতে চাইলে অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ১৮ বছরের কম বয়সীদের টিকা দেওয়া হবে না। একইসঙ্গে গর্ভবতী নারী, বুকের দুধ পান করাচ্ছেন এমন মায়েদের ক্ষেত্রে পর্যাপ্ত তথ্য না থাকার কারণে তাদেরকে আপাতত এই টিকা দেওয়া হচ্ছে না। কারও জ্বর থাকলে তাদের টিকা দেওয়া যাবে না।

আবার মধ্যম থেকে যদি গুরুতর মাত্রায় কোভিড আক্রান্ত হয়ে থাকেন, তাদের চার সপ্তাহের মধ্যে টিকা দেওয়া যাবে না। তবে যারা করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন এবং তার সময়কাল যদি একমাস হয়ে থাকে তাহলে তারা টিকা নিতে পারবেন। আমরা অতিরিক্ত সতর্ক থাকার জন্য যারা করোনা আক্রান্ত হয়েছেন বলে জানতে পেরেছি, তারা যেন চার সপ্তাহের মধ্যে টিকা না নেন সেজন্য অনুরোধ করবো—বলেন তিনি

সেব্রিনা ফ্লোরা বলেন,  অন্য কোনও অসুখের ক্ষেত্রে করোনাভাইরাসের এই টিকা দেওয়া যাবে না বলে কোনও নিষেধ নেই। কিন্তু সতর্কতার অংশ হিসেবে যারা গুরুতর অসুস্থ বা হাসপাতালে ভর্তি আছেন তাদেরকে বলা হচ্ছে এখনই যেন টিকা দিতে না আসেন। এছাড়াও টিকাদান বুথে একটি প্রশ্নোত্তর থাকবে, টিকাদান কর্মী সেসব প্রশ্ন জেনে-উত্তর পেয়ে তাকে টিকা দেওয়ার জন্য নির্বাচন করবেন।

তিনি বলেন, যাদের কোনও ওষুধে অ্যালার্জি আছে তাদের ক্ষেত্রে আমরা একটু সাবধান থাকতে চাই। যদিও কোনও ওষুধে অ্যালার্জি থাকলেই যে টিকাতেও অ্যালার্জি থাকবে তা নয়। কিন্তু তারপরও এই টিকা যেহেতু নতুন তাই যাদের ওষুধে অ্যালার্জি রয়েছে তাদেরকে এই মুহূর্তে টিকা দেবো না।

চিরুনি অভিযান চালিয়েছে অধিদফতর

দেশে ৭ ফেব্রুয়ারি জাতীয়ভাবে টিকা দেওয়া শুরু হবে। কিন্তু এখনও অনেক টিকা দেওয়ার বুথ পুরোপুরি প্রস্তুত নয় কেন—এমন প্রশ্নে অধ্যাপক ডা. আবুল বাসার খুরশীদ আলম বলেন, আমি মনে আমাদের ৭০ ভাগ প্রস্তুতি রয়েছে। আমরা আমাদের এ গ্রেড দেবো, কেউতো নিজেকে ‘ফেইলিউর’ গণ্য করতে চায় না। আমি মনে করি, আমাদের ৭৫ ভাগ প্রস্তুতি রয়েছে। ঢাকা শহরে আজ স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার লাইন ডিরেক্টর ডা. নাজমুল ইসলাম ‘চিরুনি অভিযান’ চালিয়েছেন।তিনিই বলবেন, আমরা এ গ্রেড নাকি বি গ্রেড দেবেন।

এসময় দেশের অনেক উপজেলাতেই টিকাদান কার্যক্রম চলবে না তাদের প্রস্তুতি নেই জানালে ডা. নাজমুল বলেন, প্রতিটি উপজেলাতে ভ্যাকসিন পৌঁছে দেওয়া হয়েছে, টিম প্রস্তুত রয়েছে, প্রতিটি উপজেলাতে যথাযথ প্রশিক্ষণ করা হয়েছে। একজন মানুষও যদি নাম নিবন্ধন করে টিকাদান কেন্দ্রে আসে তাহলে তার জন্য অধিদফতরে টিম প্রস্তুত থাকবে।কিন্তু কোনও উপজেলাতে আগামীকাল ভ্যাকসিনেশন প্রোগ্রাম হবে না-এমন আশঙ্কা এখন পর্যন্ত দেখিনি।শতভাগ নিশ্চিত করে বলতে চাই, প্রতিটি উপজেলাতে ভ্যাকসিন কার্যক্রম চলবে।

অ্যাপে কবে চালু হবে-জানে না অধিদফতর

টিকা নেবার জন্য নিবন্ধন করতে অ্যাপ কবে থেকে চালু হবে প্রশ্নে ডা. নাজমুল ইসলাম জানান, আইসিটি ডিভিশন গুগলে জমা দিয়েছে। তাদের কাছ থেকে জেনেছি, এর ভেরিফিকেশন শেষ হলে সেটা সবার ব্যবহারের জন্য প্লে স্টোরে দেওয়া হবে। যতক্ষণ পর্যন্ত তাদের পক্ষ থেকে এটা চূড়ান্ত করে না দেওয়া হবে দুর্ভাগ্যজনক ভাবে বলতে পারছি না এটা কবে নাগাদ চালু হবে।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে, ধীরে ধীরে সেটি ছড়িয়ে পরে বিশ্বজুড়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাসকে মহামারি ঘোষণা করে।  দেশে গত বছরের ৮ মার্চ প্রথম তিনজন করোনা রোগী শনাক্ত হবার খবর জানায় স্বাস্থ্য অধিদফতর। তার ঠিক ১০ দিন পর করোনাতে আক্রান্ত হয়ে প্রথম রোগীর মৃত্যুর খবর জানায় অধিদফতর।

শুরুর দিকে দেশে করোনা রোগী সংক্রমণের হার ছিল কম। গত মে মাসের মাঝামাঝি থেকে সংক্রমণ বাড়তে শুরু করে, গত ৩১ মে সংক্রমণের হার ছিল ২১ দশমিক ৪৩ শতাংশ। এরপর থেকে আগস্টের শেষ সপ্তাহ পর্যন্ত সংক্রমণের হার ২০ এর ওপরে ছিল। 

এরপর থেকে কমতে থাকে নতুন রোগী শনাক্তের হার। গত ১ অক্টোবর শনাক্তের হার ছিল ১৩ দশমিক ২০ শতাংশ যা কিনা ২৪ অক্টোবর কমে নেমে আসে নয় দশমিক ৯৫ শতাংশে। কিন্তু নভেম্বর মাসে শনাক্তের হার আবার বেড়ে ১৩ দশমিক শূন্য আট শতাংশে চলে যায়। কিন্তু ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই শনাক্তের হার কমতে থাকে।

দেশে গত ২৪ ঘণ্টায় ৩০৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। গত বছরের ১৯ এপ্রিল শনাক্ত হয়েছিলেন ৩১২ জন। এরপর আর এতো নিচে নামেনি শনাক্তের সংখ্যা। সরকারি হিসাবে এখন পর্যন্ত দেশে শনাক্ত হলেন মোট পাঁচ লাখ ৩৭ হাজার ৭৭০ জন।  এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আট জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন আট হাজার ১৯০ জন।

 

/জেএ/এমআর/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের