সংসদের টুকিটাকি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ এপ্রিল ২০২৬, ২৩:২১আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ২৩:২১

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৬তম দিন ছিলো আজ (রবিবার)। এদিন বেলা ৩টায় শুরু হয় অধিবেশন। এর সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। সংসদের ভেতরে যেমন গুরুত্বপূর্ণ আইন প্রণয়ন ও জাতীয় ইস্যু নিয়ে আলোচনা হয়, তেমনি মাঝেমধ্যেই উঠে আসে নানা ছোট ছোট ঘটনা, মন্তব্য কিংবা অনাকাঙ্ক্ষিত মুহূর্ত—যেগুলো আলাদা করে নজর কাড়ে জনমনে। এসব টুকিটাকি বিষয় কখনো উসকে দেয় বিতর্ক কিংবা তৈরি করে হাস্যরসের। থাকছে এমনই কিছু টুকিটাকি ঘটনা—

‘কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই’, তেল সংকট নিয়ে বললেন রুমিন ফারহানা

পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে তেল সংকটের বিষয়ে কথা বলতে গিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা বলেন, “কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই। আমাদের তেলের দাম শেষমেশ বৃদ্ধিই হলো মাননীয় স্পিকার। কিন্তু, তার আগে আমরা দেখলাম কয়েক কিলোমিটার জুড়ে লম্বা লাইন। আমরা দেখলাম, মাঝরাত পর্যন্ত ড্রাইভাররা দাঁড়িয়ে আছে, তেল পাচ্ছে না। কিন্তু, সরকারের সেই ব্যাপারে কোনও হেলদোল নাই। আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম মন্ত্রীরা যখন সংসদে বক্তব্য দেন, তখন তারা অবলীলায় বলেন, বাংলাদেশে জ্বালানির কোনও ঘাটতি নাই।” 

তিনি আরও বলেন, “সরকারের যদি কোনও সংকটই না থাকে, তবে এই লম্বা লাইন কেন। কেন তেলের দাম বাড়াতে হচ্ছে? আমি এই সংসদের মাধ্যমে জানতে চাই, বর্তমানে দেশে অকটেন ও ডিজেলের প্রকৃত মজুত কত দিনের আছে? পাম্পগুলোতে পর্যাপ্ত তেল কেন সরবরাহ করা হচ্ছে না? তেলের মজুত কারা করছে এবং এর পেছনে কারা জড়িত— তা পরিস্কার করতে হবে।”

রুমিন ফারহানার বক্তব্য শেষ না হতেই সরকার দলের পক্ষ থেকে হট্টগোল শুরু হলে মাইক বন্ধ করে দেওয়া হয়। এরপরে রুমিন ফারহানার বক্তব্য চলাকালে সরকার দলীয় সংসদ সদস্যদের ‘অশালীন অঙ্গভঙ্গির’ কথা উল্লেখ করে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এর প্রতিবাদ ও নিন্দা প্রকাশ করেন। 

তিনি বলেন, “সংসদ সদস্যদের বক্তব্যের সময় ট্রেজারি বেঞ্চের সম্মানিত কিছু সদস্যের অশালীন অঙ্গভঙ্গি আমার বিবেককে আঘাত করেছে। আমি চার-পাঁচবার নির্বাচিত হওয়া সদস্যদের কাছ থেকে এমন আচরণ আশা করিনি। আমরা প্রথম দিনই বলেছিলাম, এখানে একটি ভালো সংস্কৃতির চর্চা হোক। কিন্তু, বারবার বলার পরও এমন আচরণ দুঃখজনক। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই।”

‘সংসদে ৪৫ মিনিট কথা বলবো, সেদিন অবশ্যই আসবে’

সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেন, “ফাংশনাল পার্লামেন্টের জন্য মন্ত্রীদের সরাসরি প্রশ্ন করা এবং তাদের কাছ থেকে উত্তর পাওয়া অত্যন্ত জরুরি। কিন্তু, গত দুই সপ্তাহ ধরে দেখছি তারকা চিহ্নিত প্রশ্নগুলো শুধু টেবিলে দিয়ে দেওয়া হচ্ছে। মন্ত্রণালয় থেকে যে উত্তর লিখে দেওয়া হয়, মন্ত্রীরা শুধু সেটাই আমাদের দিচ্ছেন। এতে আমাদের সম্পূরক প্রশ্ন করার সুযোগ থাকছে না।”

এমন প্রেক্ষিতে তিনি প্রশ্ন করেন, “সংসদ কি তাহলে কেবল একটি স্ক্রিপ্টেড মনোলগ সেশনে পরিণত হবে?” 

এনসিপির এই সংসদ সদস্য আরও বলেন, “আমাদের কথা বলার জায়গা খুবই সীমিত। মাত্র এক-দেড় মিনিট সময় পাই। সেই সময়ে আমরা জনগুরুত্বপূর্ণ বিষয়ে মন্ত্রীদের প্রশ্ন করি। কিন্তু, এই প্রক্রিয়া বন্ধ থাকায় আমরা অধিকার বঞ্চিত হচ্ছি।”

এ সময় সম্প্রতি কার্টুন শেয়ার করার দায়ে হাসান ইনাম নামক এক ব্যক্তির গ্রেফতারের প্রসঙ্গ তুললে স্পিকার তাকে বক্তব্য শেষ করতে বলেন। তখন হাসনাত বলেন, “আমরা এমনেই সুযোগ পাই না, সুযোগ দেওয়া হয় না। আমরা কবে ট্রেজারি বেঞ্চে যাবো, ৪৫ মিনিট ধরে কথা বলবো। অবশ্যই আমরা বলবো। সেইদিন অবশ্যই ইনশাআল্লাহ আসবে। সেদিনের জন্য অপেক্ষা করছি।”

‘সবার আগে বাংলাদেশ না সবার আগে বিএনপির নেতাকর্মীরা’, প্রশ্ন জামায়াত নেতার

সংসদে বক্তব্য দিতে দাঁড়িয়ে বিএনপির সমালোচনা করে নীলফামারী-৩ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ওবায়দুল্লাহ সালাফী। তিনি বলেন, “আমাদের পরিচয় জানতে পারলে জনগণ বলেন যে বিএনপি নির্বাচনের পূর্বে দেশের মানুষ প্রতি যে প্রতিশ্রুতি দিয়েছিলো যে প্রত্যাশা ব্যক্ত করেছিলো, সেই প্রত্যাশা থেকে তারা কিভাবে এতো তাড়াতাড়ি সরে আসলো। তারা বলেন, আমরা তো খুব আশান্বিত ছিলাম, আমরা খুবই খুশি ছিলাম। বিএনপি বলেছিল সবার আগে বাংলাদেশ। কিন্তু, এখন দেখা যাচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে এমনকি আমার এলাকা তো আমি দেখেছি পেট্রোল পাম্পে তেল নিতে গেলে বিএনপির নেতাকর্মীদেরকে সবার আগে দেওয়া হয়। তাহলে এখন জনগণ বলছে যে, সবার আগে বাংলাদেশ না সবার আগে বিএনপির নেতাকর্মীরা। এখান থেকে সরকারকে ফিরে আসার জন্য দেশের মানুষ অধির আগ্রহে অপেক্ষা করছে।”

বিশ্ববিদ্যালয়ের হলের পরিচয়ে কথা বলার সময় বাড়লো এমপির

সংসদ অধিবেশনে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মো. মনজুরুল ইসলামকে নির্ধারিত সময়ে বক্তব্য দেওয়ার অনুরোধ জানালে তিনি (মনজুরুল) মজা করে বলেন, “মাননীয় স্পিকার, আপনি কিন্তু মুহসীন হলের ভাইদেরকে সময় বাড়িয়ে দিয়েছেন। আমি কিন্তু মুহসিন হলের কাছেই জসিমউদ্দিন হলের ছাত্র। আমি কিন্তু দূরে না, জসিমউদ্দিন হল থেকে দৌড়ে কিন্তু মুহসিন হলে যাওয়া যায়। আমাকে দুই মিনিট সময় দিতে হবে।” তার এমন কথায় সংসদের বাকি সদস্যরা টেবিল চাপড়ে হাসতে শুরু করেন।

এ সময় স্পিকার হাসতে হাসতে তাকে বলেন, “ঠিক আছে। আপনি বক্তব্য শেষ করেন।” পরে তাকে (মনজুরুল) তার চাওয়া দুই মিনিট দেওয়া হয়।

/এএজে/এবিএম/
সম্পর্কিত
সংসদের টুকিটাকি
বজ্রপাতের ঝুঁকি কমাতে তাল গাছ রোপণের উদ্যোগ 
সংসদের প্রতিশ্রুতি রক্ষা কতটা জরুরি
সর্বশেষ খবর
ইউএনডিপির সঙ্গে অংশীদারিত্ব আরও জোরদারের আহ্বান আইজিপির
ইউএনডিপির সঙ্গে অংশীদারিত্ব আরও জোরদারের আহ্বান আইজিপির
নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসক
নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসক
গুলশানে পদবঞ্চিতদের বিক্ষোভ, যা বললেন যুবদল সভাপতি
গুলশানে পদবঞ্চিতদের বিক্ষোভ, যা বললেন যুবদল সভাপতি
চোরাই স্বর্ণালঙ্কার ও অনলাইন জুয়ার চক্রে জড়িত ৬ জন গ্রেফতার
চোরাই স্বর্ণালঙ্কার ও অনলাইন জুয়ার চক্রে জড়িত ৬ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
হোটেলে ইউপি সদস্যের লাশ, কীভাবে মৃত্যু হলো জানালেন সেই নারী
হোটেলে ইউপি সদস্যের লাশ, কীভাবে মৃত্যু হলো জানালেন সেই নারী
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণের অপেক্ষায় বিশ্ব
শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণের অপেক্ষায় বিশ্ব
রাতে একই জায়গায় ৩ বার ভূমিকম্প
রাতে একই জায়গায় ৩ বার ভূমিকম্প
এনআইডি’র স্মার্টকার্ড প্রকল্প শেষ হচ্ছে নভেম্বরে 
এনআইডি’র স্মার্টকার্ড প্রকল্প শেষ হচ্ছে নভেম্বরে