জুলাইয়ের চেতনা ধারণ করতে হবে, ব্যবসা নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৪ জুলাই ২০২৬, ২৩:১৮আপডেট : ১৪ জুলাই ২০২৬, ২৩:১৮

জুলাই গণঅভ্যুত্থানকে কোনও ব্যক্তি, দল বা গোষ্ঠীর রাজনৈতিক সম্পদে পরিণত না করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, আমরা জুলাইয়ের চেতনাকে ধারণ করি, জুলাই নিয়ে রাজনীতি করি না। এই জুলাই বাংলাদেশের সব মানুষের। কেউ যেন এর কৃতিত্ব এককভাবে দাবি না করে।

মঙ্গলবার (১৪ জুলাই) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ২৪তম দিনে রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেনের উত্থাপিত ‘জুলাই গণঅভ্যুত্থান ও গণহত্যার বিচার’ বিষয়ে সাধারণ আলোচনায় অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, জুলাই ঘোষণাপত্র ইতোমধ্যে জাতীয়ভাবে ঘোষণা করা হয়েছে এবং জুলাই জাতীয় সনদ প্রণয়নের কাজও অনেক দূর এগিয়েছে। জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় ৩০টি রাজনৈতিক দল অংশ নিয়েছে এবং ২৬টি দল জাতীয় সনদে স্বাক্ষর করেছে।

‘জুলাই কারও একার নয়’

জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব নিয়ে চলমান বিতর্কের প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি কোনও একক রাজনৈতিক দল বা ছাত্রসংগঠনের আন্দোলন ছিল না।

তিনি বলেন, বাংলাদেশের সাধারণ জনগণই এই গণঅভ্যুত্থান সংগঠিত করেছে। তাই কোনও রাজনৈতিক দল বা ছাত্রসংগঠন এককভাবে এর কৃতিত্ব দাবি করতে পারে না।

১৭ বছরের আন্দোলনের ধারাবাহিকতা

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থানকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই। এর পেছনে রয়েছে দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রাম।

তার ভাষ্য, গুম, বিচারবহির্ভূত হত্যা, নির্যাতন ও রাজনৈতিক নিপীড়নের দীর্ঘ ইতিহাসের ধারাবাহিকতায় জুলাই গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে।

আওয়ামী লীগের বিচার

আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের বিষয়ে তিনি বলেন, সরকার আইন সংশোধনের মাধ্যমে সেই সুযোগ তৈরি করেছে।

তিনি বলেন, আমরাই উদ্যোগ নিয়ে সেই আইন পাস করেছি, যাতে আওয়ামী লীগের দল হিসেবে বিচার করা যায়।

এ সময় তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শত শত মামলা বিচারাধীন রয়েছে এবং আরও ১২টি মামলার তদন্ত শেষ হয়ে অভিযোগ গঠনের অপেক্ষায় আছে।

জুলাই যোদ্ধাদের সুরক্ষা

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই যোদ্ধাদের সুরক্ষার অধ্যাদেশ সংসদের প্রথম অধিবেশনেই আইনে পরিণত করা হয়েছে। জুলাই জাতীয় সনদেও শহীদ পরিবার ও আহতদের আইনগত সুরক্ষা নিশ্চিত করার বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে।

তিনি জানান, শহীদ পরিবারের জন্য এককালীন ৩০ লাখ টাকা অনুদান ও মাসিক ২০ হাজার টাকা ভাতা দেওয়া হচ্ছে। আহতদের তিন শ্রেণিতে ভাগ করে এককালীন অনুদান ও মাসিক ভাতার ব্যবস্থাও করা হয়েছে। বিদেশে উন্নত চিকিৎসার প্রয়োজন হলে সরকার তা অগ্রাধিকার ভিত্তিতে নিশ্চিত করবে বলেও জানান তিনি।

৫ আগস্ট খুলবে জুলাই স্মৃতি জাদুঘর

বিরোধী দলের দাবির প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী ৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হবে। একই সঙ্গে জুলাই ফাউন্ডেশন আরও শক্তিশালী করা হবে, যাতে শহীদ পরিবার ও আহতরা আরও কার্যকর সহায়তা পান।

সংবিধান সংস্কার ও গণমাধ্যম

সংবিধান সংস্কারের বিষয়ে বিরোধী দলকে আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা এবং ভবিষ্যতে ফ্যাসিবাদের পুনরাবৃত্তি ঠেকাতে সরকার সংবিধান সংশোধন করতে চায়।

গণমাধ্যমের স্বাধীনতার বিষয়ে তিনি বলেন, মতপ্রকাশের স্বাধীনতা ও সংবাদমাধ্যমের স্বাধীনতা সংবিধানস্বীকৃত অধিকার। সরকার কোনও গণমাধ্যমের কণ্ঠরোধ করতে চায় না।

শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকার প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী সংশ্লিষ্ট দেশের কাছে একাধিকবার চিঠি পাঠিয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী তাকে গ্রেফতার করা হবে এবং বিচারের মুখোমুখি করা হবে। সাবেক আইজিপি বেনজীর আহমেদকে ফিরিয়ে আনতেও সরকার প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়েছে বলে জানান তিনি।

প্রতিবেশী সম্পর্ক

প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘স্ত্রীকে পাল্টানো যেতে পারে, কিন্তু প্রতিবেশীকে পাল্টানো যায় না।’ তাই পারস্পরিক সম্মান ও স্বার্থের ভিত্তিতে প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

‘জুলাই নিয়ে ব্যবসা নয়’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা একাত্তরের চেতনা নিয়ে ব্যবসা করতে করতে ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে, জুলাই নিয়েও যেন আমাদের সেই পরিণতি না হয়। জুলাইকে আমরা ধারণ করব, কিন্তু জুলাই নিয়ে ব্যবসা করব না। ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই ইতিহাস সংরক্ষণ করতে হবে, যাতে আর কখনও ফ্যাসিবাদের পুনরাবৃত্তি না ঘটে।

/এসএমএ/এম/
সম্পর্কিত
স্বরাষ্ট্রমন্ত্রী নানা কাজে ব্যস্ত, তাই আইনশৃঙ্খলার উন্নতিতে তৎপরতা নেই: নাহিদ ইসলাম
দল হিসেবে আওয়ামী লীগের বিচার সরকারকেই করতে হবে: আখতার হোসেন
বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিল পাস
সর্বশেষ খবর
স্বরাষ্ট্রমন্ত্রী নানা কাজে ব্যস্ত, তাই আইনশৃঙ্খলার উন্নতিতে তৎপরতা নেই: নাহিদ ইসলাম
স্বরাষ্ট্রমন্ত্রী নানা কাজে ব্যস্ত, তাই আইনশৃঙ্খলার উন্নতিতে তৎপরতা নেই: নাহিদ ইসলাম
দল হিসেবে আওয়ামী লীগের বিচার সরকারকেই করতে হবে: আখতার হোসেন
দল হিসেবে আওয়ামী লীগের বিচার সরকারকেই করতে হবে: আখতার হোসেন
শিক্ষিকার মাথায় ১০ কোপ দিলেন ছাত্রীর মা, কারণ কী
শিক্ষিকার মাথায় ১০ কোপ দিলেন ছাত্রীর মা, কারণ কী
মুষ্টিমেয় কিছু কেন্দ্রের ছবি পুরো এইচএসসি পরীক্ষা ব্যবস্থার প্রতিনিধিত্ব করে না: মাহদী আমিন
মুষ্টিমেয় কিছু কেন্দ্রের ছবি পুরো এইচএসসি পরীক্ষা ব্যবস্থার প্রতিনিধিত্ব করে না: মাহদী আমিন
সর্বাধিক পঠিত
‘স্বামীর প্রাক্তন বা বর্তমান স্ত্রী মানেই শত্রু নয়, এটি সমাজের শিখিয়ে দেওয়া’
‘স্বামীর প্রাক্তন বা বর্তমান স্ত্রী মানেই শত্রু নয়, এটি সমাজের শিখিয়ে দেওয়া’
আফনেরা কি থামবেন, না হইলে মুই ঢাকায় চইলা যামু: তারেক রহমান
আফনেরা কি থামবেন, না হইলে মুই ঢাকায় চইলা যামু: তারেক রহমান
‘যারা বিএনপি মনা তারা ভাগ করে খালে মাছ চাষ করুন, আমি টাকা দেবো’
‘যারা বিএনপি মনা তারা ভাগ করে খালে মাছ চাষ করুন, আমি টাকা দেবো’
গুনে গুনে ঘুষ নিয়ে ফাইলে স্বাক্ষর করেন তিনি, বলেন ‘আমার কাছে কারও বেইল নাই’
গুনে গুনে ঘুষ নিয়ে ফাইলে স্বাক্ষর করেন তিনি, বলেন ‘আমার কাছে কারও বেইল নাই’
সরকারের পায়ের তলার মাটি সরে যাচ্ছে, শেখ হাসিনাকে স্বাগত জানাই: জি এম কাদের
সরকারের পায়ের তলার মাটি সরে যাচ্ছে, শেখ হাসিনাকে স্বাগত জানাই: জি এম কাদের