প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী সোমবার (২৭ জুলাই) রাতে মালয়েশিয়া যাচ্ছেন। তার সফর অনেকটা নীরবে হচ্ছে। কারণ এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। মন্ত্রীর এমন সফর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মাইগ্রেশন ওয়েলফেয়ার নেটওয়ার্ক (এমডব্লিউএন)। সোমবার (২৭ জুলাই) এক বিবৃতিতে এ কথা জানানো হয়।
এমডব্লিউএন জানায়, মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সরকারের এই নীরবতা উদ্বেগজনক।
তাদের মতে, গণমাধ্যমের মাধ্যমে দেশবাসী জানতে পারছে যে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী শ্রমবাজার ইস্যুতে মালয়েশিয়া সফরে যাচ্ছেন। একই সময়ে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, আগামী ৪ আগস্ট মালয়েশিয়ার সংশ্লিষ্ট মন্ত্রীর বাংলাদেশ সফরের সম্ভাবনাও রয়েছে। অথচ এত গুরুত্বপূর্ণ কূটনৈতিক ও শ্রমবাজার-সংশ্লিষ্ট উদ্যোগ সম্পর্কে সরকার এখনও কোনও আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি।
এতে বলা হয়, এমডব্লিউএন’র প্রশ্ন, এই সফরগুলো এত নীরবে কেন হচ্ছে? কী এমন আলোচনা চলছে যা প্রবাসী শ্রমিক, তাদের পরিবার এবং দেশের জনগণ জানতে পারবে না? মালয়েশিয়ার শ্রমবাজার কোনও ব্যক্তিগত বা গোপন বিষয় নয়। এটি লাখো বাংলাদেশি কর্মীর জীবন-জীবিকা, ভবিষ্যৎ এবং দেশের অর্থনীতির সঙ্গে সরাসরি সম্পর্কিত। তাই শ্রমবাজার নিয়ে যেকোনো আলোচনা, সমঝোতা বা সিদ্ধান্তের বিষয়ে জনগণের জানার অধিকার রয়েছে।
এমডব্লিউএন’র বিবৃতিতে বলা হয়, যদি শ্রমবাজারে ইতিবাচক অগ্রগতি হয়ে থাকে, তাহলে সরকার তা প্রকাশ্যে ঘোষণা করছে না কেন? আর যদি কোনও নতুন শর্ত, সমঝোতা বা সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয়ে থাকে, তাহলে সেটিও জনগণের কাছ থেকে গোপন রাখা হচ্ছে কেন? আমরা স্পষ্টভাবে জানতে চাই, মন্ত্রীর মালয়েশিয়া সফরের উদ্দেশ্য কী? ৪ আগস্টের সম্ভাব্য বৈঠকে কী আলোচনা হবে? মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সরকারের বর্তমান অবস্থান কী? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ— বাংলাদেশি শ্রমিকদের ভাগ্যে কী অপেক্ষা করছে?
এমডব্লিউএন বলছে, প্রবাসীরা শুধু বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যম নয়; তারা বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান শক্তি। তাদের ভবিষ্যৎ নিয়ে কোনও ধরনের ধোঁয়াশা, গোপনীয়তা বা অস্পষ্টতা গ্রহণযোগ্য নয়।
এমডব্লিউএন সরকারের কাছে অবিলম্বে পূর্ণাঙ্গ ও স্বচ্ছ ব্যাখ্যা দাবি করছে। প্রবাসীদের জীবন ও ভবিষ্যৎ নিয়ে বন্ধ দরজার আড়ালে আলোচনা নয়– জাতির সামনে সত্য তুলে ধরুন। স্বচ্ছতা না থাকলে প্রশ্ন আরও বাড়বে।
প্রসঙ্গত, মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে আলোচনা করতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং উপদেষ্টা মাহদী আমিনের মালয়েশিয়া যাওয়ার কথা আছে। তবে তাদের সফর সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি।

সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়







