মৎস্য, কৃষি ও প্রাণিসম্পদকে রফতানি পণ্য হিসেবে এগিয়ে নেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। দ্রুততম সময়ের মধ্যে সামুদ্রিক মাছের পাশাপাশি মিঠাপানির মাছও রফতানি করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে তিনি এসব কথা জানান।
কমিটির সভাপতি খায়রুল কবির খোকনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। পরে মন্ত্রণালয় ও এর আওতাধীন দফতর-সংস্থার জনবল, পরিচিতি ও কার্যাবলি সম্পর্কে কমিটিকে অবহিত করা হয়।
মন্ত্রী বলেন, ‘জাতিকে শক্তিশালী, সবল ও রোগমুক্ত করতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কাজের গুরুত্ব অপরিসীম। বর্তমান সরকারের উদ্দেশ্য দেশের জনগণের খাদ্য ও পুষ্টির চাহিদা মিটিয়ে মৎস্য, কৃষি ও প্রাণিসম্পদকে রফতানি পণ্য হিসেবে সামনে এগিয়ে নেওয়া।’
তিনি বলেন, ‘দ্রুততম সময়ের মধ্যেই সামুদ্রিক মাছের পাশাপাশি মিঠাপানির মাছও রফতানি করতে সফল হবো।’
মাঠের অভিজ্ঞতা, মানুষের চাহিদা ও আগামী দিনের পরিকল্পনা নিয়ে সবাইকে একসঙ্গে কাজ করে মন্ত্রণালয়কে এগিয়ে নিতে তিনি সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন।
প্রকল্প দ্রুত বাস্তবায়নের সুপারিশ
কমিটির সভাপতি খায়রুল কবির খোকন বলেন, ‘মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় দেশের বিপুল জনগোষ্ঠীর খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণে কাজ করে যাচ্ছে।’
তিনি কমিটির সদস্যসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সবাইকে স্বচ্ছতা, জবাবদিহি ও সততার সঙ্গে দায়িত্ব পালনের পরামর্শ দেন।
বৈঠকে মন্ত্রণালয়ের অধীন চলমান প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়। একই সঙ্গে এসব প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতির প্রতিবেদন পরবর্তী বৈঠকে উপস্থাপনের নির্দেশনা দেওয়া হয়।
শূন্য পদে নিয়োগের উদ্যোগ
বৈঠকে সর্বসম্মতিক্রমে মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দফতর ও সংস্থার কার্যক্রম সরেজমিনে পরিদর্শনের আগ্রহ প্রকাশ করেন কমিটির সভাপতি। এ ছাড়া মন্ত্রণালয়ের আওতাধীন দফতর ও সংস্থাগুলোর শূন্য পদ পূরণে দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়।
বৈঠকে কমিটির সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, শেখ মো. রেজাউল ইসলাম, অধ্যাপক নজরুল ইসলাম, এম. এ. হান্নান, আলী আজম মো. আবু বকর এবং মো. আমির হামজা অংশ নেন।
বৈঠকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের আওতাধীন দফতর-সংস্থার প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।