সুযোগ পেয়ে প্রধানমন্ত্রীকে প্রশ্ন, স্পিকার বললেন, ‘উকিল মানুষ ভালো স্মার্টনেস দেখালেন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ নভেম্বর ২০২৬, ১৯:১৪ আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ১৯:১৪

সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রশ্ন করেছেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস। প্রশ্ন করার পর তার উদ্দেশে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের মন্তব্য, ‘মাননীয় সদস্য উকিল মানুষ ভালো স্মার্টনেস দেখালেন।’

সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনে এ ঘটনা ঘটে। সংসদ সদস্য শিমুল বিশ্বাস শ্রমঘন শিল্প এলাকায় শ্রমিকদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতাল নির্মাণের পরিকল্পনা জানতে চান প্রধানমন্ত্রীর কাছে।

প্রশ্ন করার আগে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘মাননীয় সদস্য উকিল মানুষ ভালো স্মার্টনেস দেখালেন। মাননীয় প্রধানমন্ত্রীর কালকে প্রশ্নোত্তর পর্ব বা মানে বুধবারে উনি তো থাকছেন না। যে কারণে প্রশ্নটা করে ফেলতে চাচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী, ইফ ইউ আর রেডি, প্লিজ উনার কোশ্চেনের উত্তরটা যদি... ধন্যবাদ।’

এরপর প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে প্রশ্ন করেন শিমুল বিশ্বাস। তিনি বলেন, নিম্ন আয়ের উৎপাদনশীল নাগরিক, বিশেষ করে শ্রমজীবী মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিভিন্ন শ্রমঘন শিল্প এলাকায় হাসপাতাল প্রতিষ্ঠার কোনও সুনির্দিষ্ট পরিকল্পনা সরকারের আছে কি না।

জবাবে প্রধানমন্ত্রী বলেন, শ্রমিকদের চিকিৎসাসেবার বিষয়টি গুরুত্বপূর্ণ। শ্রমজীবী মানুষের সুচিকিৎসার সুবিধা নিশ্চিত করতে সরকার ইতোমধ্যে ছয়টি হাসপাতালে ১০০ শয্যা করে নির্মাণের পরিকল্পনা নিয়েছে।

তিনি বলেন, ‘বাংলাদেশের মোটামুটি যে শিল্পাঞ্চলগুলো আছে, যেমন টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার ও চট্টগ্রাম—প্রাথমিকভাবে এই ছয়টি জায়গায় ১০০ শয্যার করে একটি করে হাসপাতাল তৈরি করবো। এগুলো শুধুমাত্র আমাদের শ্রমিক ভাইদের চিকিৎসাসেবা প্রদান করবে।’

প্রধানমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার দেশের প্রত্যেক শ্রেণি-পেশার মানুষের জন্য কাজ করছে। শ্রমিকদের চিকিৎসাসেবা নিশ্চিত করাও সরকারের উদ্যোগের অংশ।

জবাবে দেশের জ্বালানি, শিল্প ও চিকিৎসা খাতের অতীত পরিস্থিতিও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি অভিযোগ করেন, বিগত স্বৈরাচারী শাসনামলে দেশের জ্বালানি ও খনিজ সম্পদের ব্যবহার না বাড়িয়ে আমদানিনির্ভরতা তৈরি করা হয়েছে। একইভাবে শিল্পের স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, ওই সময়ে দেশের চিকিৎসাব্যবস্থা, বিশেষ করে গ্রামীণ মানুষের চিকিৎসাসেবা ধীরে ধীরে ধ্বংস করা হয়েছে। এমন পরিস্থিতি তৈরি করা হয়েছিল, যাতে বাংলাদেশের মানুষ চিকিৎসার জন্য বিশেষ একটি দেশে যেতে বাধ্য হয়।

/ইউএস/
সম্পর্কিত
প্রযুক্তিপণ্য উৎপাদনে বাংলাদেশে বিনিয়োগ করতে চায় চীনা প্রতিষ্ঠান ট্রানশন
মোটা অঙ্কের চুক্তিতে মোদিকে ট্রাম্পের অভিনন্দনবার্তা, নেপথ্যে মার্কিন লবিং ফার্ম
তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা
সর্বশেষ খবর
মেট্রোরেল স্টেশনের নিচে বাসে আগুনে বাজলো এলার্ম, যাত্রীদের ছোটাছুটি 
মেট্রোরেল স্টেশনের নিচে বাসে আগুনে বাজলো এলার্ম, যাত্রীদের ছোটাছুটি 
‘সিরিজে নিজেদের সামর্থ্যের ৫০ শতাংশও খেলতে পারিনি’
‘সিরিজে নিজেদের সামর্থ্যের ৫০ শতাংশও খেলতে পারিনি’
দীর্ঘদিন পর ঢাকায় বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা
দীর্ঘদিন পর ঢাকায় বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা
ভিয়েতনামের বিমানবন্দরে ভারতীয় পর্যটকদের আচরণ নিয়ে বিতর্ক
ভিয়েতনামের বিমানবন্দরে ভারতীয় পর্যটকদের আচরণ নিয়ে বিতর্ক
সর্বাধিক পঠিত
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
যে মুসলিম কবি ‘মা কালী’র জন্য গেয়েছিলেন, লিখেছিলেন শ্যামাসংগীত
যে মুসলিম কবি ‘মা কালী’র জন্য গেয়েছিলেন, লিখেছিলেন শ্যামাসংগীত
নতুন পররাষ্ট্র সচিব কে এই সালাহউদ্দিন নোমান চৌধুরী
নতুন পররাষ্ট্র সচিব কে এই সালাহউদ্দিন নোমান চৌধুরী
২৫০ বছরের পুরনো দোকান কেন এখনও কলকাতায় বিখ্যাত, কী পাওয়া যায় সেখানে?
২৫০ বছরের পুরনো দোকান কেন এখনও কলকাতায় বিখ্যাত, কী পাওয়া যায় সেখানে?
‘ভারত ও বাংলাদেশকে ফাইনালে দেখতে চাইলে বাকি দলগুলোকে বাড়ি পাঠিয়ে দিন’
‘ভারত ও বাংলাদেশকে ফাইনালে দেখতে চাইলে বাকি দলগুলোকে বাড়ি পাঠিয়ে দিন’