কবজিতে বৈদ্যুতিক স্পন্দন দিয়ে টুরেটসের উপসর্গ নিয়ন্ত্রণ, নতুন যন্ত্রে আশার আলো

তথ্যপ্রযুক্তি ডেস্ক
১৬ নভেম্বর ২০২৬, ২২:৪৯ আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ২২:৪৯

স্নায়ুবিকাশজনিত রোগ টুরেটস সিনড্রোমে আক্রান্ত ব্যক্তিদের অনিচ্ছাকৃত বা অনিয়ন্ত্রিত শারীরিক নড়াচড়া ও শব্দ করার প্রবণতা বা ‘টিক’ অনেক সময় দৈনন্দিন জীবনকে দুর্বিষহ করে তোলে। এতে ঘুম, খাওয়া, পড়াশোনা ও স্বাভাবিক চলাফেরায় ব্যাঘাত ঘটে। এ সমস্যা নিয়ন্ত্রণে কবজিতে পরার বিশেষ একটি যন্ত্র তৈরি করেছেন যুক্তরাজ্যের নটিংহাম বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। ‘নিউপালস’ নামের যন্ত্রটি বৈদ্যুতিক স্পন্দনের মাধ্যমে মস্তিষ্কের নড়াচড়া নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত অংশগুলোর কার্যক্রমে প্রভাব ফেলে। প্রাথমিক পরীক্ষায় এটি ব্যবহারে টিকের সংখ্যা ও তীব্রতা কমার প্রমাণ পাওয়া গেছে। ইতিমধ্যে কয়েকজন ব্যবহারকারীও যন্ত্রটি থেকে উপকার পাওয়ার কথা জানিয়েছেন।

যুক্তরাজ্যের ১৫ বছর বয়সী কিশোরী কেটি সাত বছর বয়স থেকেই টুরেটস সিনড্রোমের উপসর্গে ভুগছে। অনবরত শরীর নাড়ানো ও শব্দ করার কারণে একসময় তার গলায় এত ব্যথা হতো যে দুই সপ্তাহ পর্যন্ত বিছানায় থাকতে হয়েছে। এতে ঘুম, খাওয়া ও স্কুলে যাওয়াও ব্যাহত হতো। প্রথমবার নিউপালস ব্যবহার করার অভিজ্ঞতা বর্ণনা করে কেটি জানায়, যন্ত্রটি চালু করার পরপরই সে শান্ত অনুভব করে।

যুক্তরাজ্যের বাকিংহামশায়ারের ১৭ বছর বয়সী কিশোর মাইলোও নিউপালসের উপকার পেয়েছে। ২০২৩ সালে মাত্র ১৩ বছর বয়সে যন্ত্রটির ক্লিনিক্যাল পরীক্ষায় অংশ নিয়েছিল সে। সম্প্রতি উপহার হিসেবে একটি নিউপালস পাওয়ার পর প্রথমবার সেটি চালু করতেই তার মুখের অনিয়ন্ত্রিত নড়াচড়া বা টিকের প্রবণতা তাৎক্ষণিকভাবে কমে যায়। মাইলো জানায়, যন্ত্রটি চালু হওয়ার সঙ্গে সঙ্গেই সে নিজের মধ্যে পরিবর্তন অনুভব করতে পারে। তার কাছে অভিজ্ঞতাটি ছিল নতুন করে জীবন ফিরে পাওয়ার মতো।

নিউপালস যন্ত্রটি কবজির মিডিয়ান নার্ভে ছন্দময় বৈদ্যুতিক স্পন্দন পাঠায়। গবেষকদের মতে, এই উদ্দীপনা মস্তিষ্কের নড়াচড়া নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত অংশগুলোর কার্যক্রম পরিবর্তন করতে পারে। ফলে অনিয়ন্ত্রিত নড়াচড়া ও শব্দ করার প্রবণতা কমে আসে। ২০২৩ সালে যুক্তরাজ্যে ১২১ জনকে নিয়ে পরিচালিত একটি ক্লিনিক্যাল পরীক্ষায় যন্ত্রটির প্রোটোটাইপ ব্যবহারের সময় অংশগ্রহণকারীদের টিকের সংখ্যা গড়ে ২৫ শতাংশ কমে যায়।

যুক্তরাজ্যের চেশায়ারের ১৫ বছর বয়সী কিশোর অলি-ও যন্ত্রটি ব্যবহার করে উপকার পেয়েছে। প্রথমে তার টুরেটস সিনড্রোম হয়েছে বলে ধারণা করা হলেও পরে ‘ফাংশনাল নিউরোলজিক্যাল ডিসঅর্ডার’ (এফএনডি) শনাক্ত হয়। এ রোগে মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের কার্যক্রমে সমস্যা দেখা দেয়। ঘাড়ের অনিয়ন্ত্রিত নড়াচড়ার কারণে অলি প্রায় সাত মাস স্কুলে যেতে পারেনি। নিউপালস ব্যবহার করার পর তার ঘাড়ের নড়াচড়া থেমে যায় বলে জানিয়েছে তার পরিবার।

নটিংহাম বিশ্ববিদ্যালয় ও তাদের সহযোগী প্রতিষ্ঠান নিউরোথেরাপিউটিকস লিমিটেড যৌথভাবে যন্ত্রটি তৈরি করেছে। বর্তমানে এর দুটি সংস্করণ রয়েছে। ‘নিউপালস-সি’ সাধারণ ব্যবহারকারীদের জন্য ওয়েলনেস ডিভাইস হিসেবে বাজারে পাওয়া যাচ্ছে। অন্যদিকে, টুরেটস ও টিকের চিকিৎসায় ব্যবহারের জন্য তৈরি ‘নিউপালস-এম’ এখনো নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পায়নি। অনুমোদন মিললে যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা ব্যবস্থায় (এনএইচএস) এটি ব্যবহারের বিষয়টি বিবেচনা করা হতে পারে।

গবেষণার নেতৃত্ব দেওয়া নটিংহাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্টিফেন জ্যাকসন জানিয়েছেন, নিউপালস ব্যবহার করে মানুষের দৈনন্দিন জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে দেখা তাঁর কাছে স্বপ্নপূরণের মতো। টুরেটসের চিকিৎসায় যন্ত্রটি ব্যবহারের জন্য নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পেতে গবেষকেরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আগামী এক বছরের মধ্যে এটি যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা ব্যবস্থায় ব্যবহারের উপযোগী হতে পারে বলে আশা করছেন অধ্যাপক জ্যাকসন।

যুক্তরাজ্যের স্বাস্থ্য প্রযুক্তি মূল্যায়ন সংস্থা ন্যাশনাল ইনস্টিটিউট ফর হেলথ অ্যান্ড কেয়ার এক্সিলেন্স (নাইস) প্রযুক্তিটিকে সম্ভাবনাময় হিসেবে বিবেচনা করলেও দীর্ঘমেয়াদি কার্যকারিতা ও ব্যয়-সাশ্রয়ী হওয়ার বিষয়ে আরও প্রমাণ চেয়েছে। এদিকে পারকিনসন রোগীদের কাঁপুনি কমানোর সম্ভাবনা যাচাইয়েও যন্ত্রটি নিয়ে প্রাথমিক পরীক্ষা চলছে। অবসেসিভ কমপালসিভ ডিসঅর্ডার (ওসিডি) নিয়েও যুক্তরাজ্যজুড়ে ক্লিনিক্যাল পরীক্ষা চালানোর পরিকল্পনা রয়েছে গবেষকদের।

/এএ/
সম্পর্কিত
ফেসবুক-ইনস্টাগ্রামের ছবির গোপন কোড মুছে দেবে ব্রেভ ব্রাউজার, চালু করবেন যেভাবে
জাতীয় নিরাপত্তার উদ্বেগে জর্ডানে নিষিদ্ধ হচ্ছে টেলিগ্রাম
১৪ ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে ফেসবুকের ‘অ্যাডিশনাল প্রোফাইল’
সর্বশেষ খবর
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘গোপন বৈঠক’, সারদা হলে তালা দিলো জাসাস
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘গোপন বৈঠক’, সারদা হলে তালা দিলো জাসাস
ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে বিপর্যয়ের পর সামরিক কমান্ডার পাল্টালো সৌদি আরব
ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে বিপর্যয়ের পর সামরিক কমান্ডার পাল্টালো সৌদি আরব
বিদেশে অপপ্রচার মোকাবিলায় লবিস্ট ও আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রস্তাব সংসদে
বিদেশে অপপ্রচার মোকাবিলায় লবিস্ট ও আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রস্তাব সংসদে
এলডিসি উত্তরণের পর ওষুধের দাম বাড়ার শঙ্কা, জাতীয় কর্মপরিকল্পনার দাবি
এলডিসি উত্তরণের পর ওষুধের দাম বাড়ার শঙ্কা, জাতীয় কর্মপরিকল্পনার দাবি
সর্বাধিক পঠিত
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’
বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা সাবেক ছাত্রদল নেতাকে ডাকলেন প্রশাসক
অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা সাবেক ছাত্রদল নেতাকে ডাকলেন প্রশাসক
সেনাবাহিনীর উচ্চপর্যায়ে রদবদল
সেনাবাহিনীর উচ্চপর্যায়ে রদবদল