বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের শিক্ষা ভাতার হার পুনর্নির্ধারণ করেছে সরকার। এ-লেভেল ও বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ে পড়াশোনার জন্য দেশ ও মিশনের শ্রেণিভেদে নতুন ভাতার হার নির্ধারণ করা হয়েছে। নতুন কাঠামোয় এক সেমিস্টার ও দুই সেমিস্টারের জন্য আলাদা ভাতার পরিমাণ রাখা হয়েছে। সর্বোচ্চ দুই সেমিস্টারের জন্য এ-লেভেল পর্যায়ে ৩৫ হাজার ডলার এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ৩৮ হাজার ডলার পর্যন্ত শিক্ষা ভাতা নির্ধারণ করা হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ-১-এর ব্যয় ব্যবস্থাপনা-২ শাখা থেকে ১৯ নভেম্বর জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়েছে। এতে বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের শিক্ষা ভাতার নতুন হার ও তা পাওয়ার শর্তাবলি উল্লেখ করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, বিদেশের বাংলাদেশ মিশনগুলোকে চারটি শ্রেণিতে ভাগ করে শিক্ষা ভাতা নির্ধারণ করা হয়েছে। মিশনের শ্রেণি এবং সন্তানের শিক্ষার স্তর অনুযায়ী ভাতার পরিমাণ ভিন্ন হবে।
কোন শ্রেণির মিশনে কত শিক্ষা ভাতা
প্রজ্ঞাপনের তালিকায় ‘ক’ শ্রেণিতে থাকা মিশনগুলোর জন্য এ-লেভেল পর্যায়ে এক সেমিস্টারের শিক্ষা ভাতা ২৫ হাজার ডলার এবং দুই সেমিস্টারের জন্য ৩৫ হাজার ডলার নির্ধারণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ে এক সেমিস্টারের জন্য ২৫ হাজার ডলার এবং দুই সেমিস্টারের জন্য ৩৮ হাজার ডলার দেওয়া হবে।
‘খ’ শ্রেণির মিশনগুলোর ক্ষেত্রে এ-লেভেল পর্যায়ে এক সেমিস্টারের জন্য ২১ হাজার ডলার এবং দুই সেমিস্টারের জন্য ৩২ হাজার ডলার নির্ধারণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় পর্যায়েও একই হারে শিক্ষা ভাতা পাওয়া যাবে।
‘গ’ শ্রেণির মিশনগুলোর ক্ষেত্রে এ-লেভেল ও বিশ্ববিদ্যালয়—উভয় পর্যায়ে এক সেমিস্টারের জন্য ২১ হাজার ডলার এবং দুই সেমিস্টারের জন্য ২৮ হাজার ডলার নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে, ‘ঘ’ শ্রেণির মিশনগুলোর ক্ষেত্রে এ-লেভেল পর্যায়ে এক সেমিস্টারের জন্য ২০ হাজার ডলার এবং দুই সেমিস্টারের জন্য ২৫ হাজার ডলার দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ে এক সেমিস্টারের জন্য ২১ হাজার ডলার এবং দুই সেমিস্টারের জন্য ২৫ হাজার ডলার নির্ধারণ করা হয়েছে।
যেসব দেশ রয়েছে যে শ্রেণিতে
প্রজ্ঞাপনে দেশ ও অঞ্চলভিত্তিক মিশনের তালিকাও দেওয়া হয়েছে। ‘ক’ শ্রেণিতে উত্তর এশিয়ার চীন, দক্ষিণ কোরিয়া ও জাপান; দক্ষিণ-পূর্ব এশিয়ার জাকার্তা ও ইন্দোনেশিয়া; মধ্যপ্রাচ্যের দোহা ও কাতার এবং ইউরোপের বিভিন্ন দেশের মিশন রয়েছে। এ শ্রেণিতে মোট ১৫টি মিশন অন্তর্ভুক্ত করা হয়েছে।
‘খ’ শ্রেণিতে রয়েছে উত্তর আমেরিকা, ইউরোপ, দক্ষিণ-পূর্ব এশিয়া, দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও লাতিন আমেরিকার বিভিন্ন দেশের মিশন। এ শ্রেণিতে মোট ৪১টি মিশন রয়েছে।
‘গ’ শ্রেণিতে দক্ষিণ-পূর্ব এশিয়া, দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন দেশের মোট ১৯টি মিশন অন্তর্ভুক্ত করা হয়েছে।
‘ঘ’ শ্রেণিতে উত্তর এশিয়ার কুনমিং ও চীন, দক্ষিণ এশিয়ার কলকাতা, শ্রীলঙ্কা ও ভারতের কয়েকটি মিশন, মধ্য এশিয়ার তাসখন্দ ও উজবেকিস্তান এবং মধ্যপ্রাচ্যের রাবাত ও মরক্কোর মিশন রয়েছে। এ শ্রেণিতে মোট ৯টি মিশন রাখা হয়েছে।
শিক্ষা ভাতা পাওয়ার ক্ষেত্রে যেসব শর্ত
শিক্ষা ভাতা পাওয়ার ক্ষেত্রে কয়েকটি শর্তও নির্ধারণ করেছে অর্থ বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সন্তানের প্রকৃত শিক্ষা ব্যয়ের ১৫ শতাংশ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীকে ব্যক্তিগতভাবে বহন করতে হবে। এ ক্ষেত্রে বিদ্যমান ব্যবস্থা বহাল থাকবে।
একই সময়ে সর্বোচ্চ দুই সন্তানের জন্য শিক্ষা ভাতা দেওয়া হবে। অর্থাৎ, কোনো কর্মকর্তা-কর্মচারী একসঙ্গে দুটির বেশি সন্তানের জন্য এ সুবিধা পাবেন না।
যেসব দেশে ইংরেজি ভাষার প্রচলন নেই, সেসব দেশে মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ে সংশ্লিষ্ট বিষয়ে ইংরেজি মাধ্যমে পড়াশোনার সুযোগ না থাকলে সন্তানকে অন্য কোনো ইংরেজিভাষী দেশে পড়ানোর ব্যবস্থা করা যাবে। তবে সে ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী যে মিশনে কর্মরত, সেই মিশনের জন্য অনুমোদিত শিক্ষা ভাতার হারই প্রযোজ্য হবে।
শিক্ষা ভাতার অর্থ পরিশোধের ক্ষেত্রেও নির্দিষ্ট নিয়ম অনুসরণ করতে হবে। সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে ব্যাংকিং চ্যানেল, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার অথবা অন্য কোনো ডিজিটাল পদ্ধতিতে সরাসরি অর্থ পরিশোধ করতে হবে। কোনো অবস্থাতেই এ অর্থ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীর ব্যক্তিগত হিসাবে দেওয়া যাবে না।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, কোনও শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির সময় পুরো অর্থ একসঙ্গে পরিশোধের বাধ্যবাধকতা থাকলে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীকে এই বিষয়ে যথাযথ প্রমাণ জমা দিতে হবে। পাশাপাশি শিক্ষা ব্যয়ের ব্যক্তিগত অংশ নির্ধারিত হিসাবে জমা দেওয়ার শর্ত পূরণ করতে হবে। এসব শর্ত পূরণ হলে মিশন থেকে শিক্ষা ব্যয়ের পুরো অর্থ পরিশোধের ব্যবস্থা করা যাবে।
এ ছাড়া অর্থ বিভাগ থেকে আগে জারি করা শিক্ষা ভাতা-সংক্রান্ত অন্যান্য শর্ত ও বিধিবিধান অপরিবর্তিত থাকবে। নতুন আদেশটি অবিলম্বে কার্যকর হবে।
অর্থ বিভাগের উপসচিব রে. হ. ম. আলাউল কবিরের সই করা প্রজ্ঞাপনটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট দফতর ও বিভাগে পাঠানো হয়েছে।