বাংলাদেশের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ মেহেদী হাছান চৌধুরী। ঈদস্মৃতি নিয়ে শৈশবের দিনগুলো তার কাছে প্রিয় হয়ে আছে এখনও। বাংলা ট্রিবিউনকে জানালেন এমন স্মৃতির কথা।
তিনি বলেন, স্কুলে পড়ার সময়টাতেই বেশি মজার স্মৃতি রয়েছে। তখন হয়তো অষ্টম-নবম শ্রেণিতে পড়ি। বাবার সঙ্গে নামাজ পড়ে আসার পর বিকালে বন্ধুরা মিলে ঘুরতে বের হতাম। রিকশায় চড়ে সব বন্ধু পুরো কুমিল্লা শহরে ঘুরে বেড়াতাম। সেসব দিন আমার কাছে বেশ আনন্দের ছিল।
ঈদ উপলক্ষে সবার প্রতি প্রত্যাশা ব্যক্ত করে মেহেদী হাছান চৌধুরী বলেন, আমাদের জীবনে বিভিন্ন রকমের সমস্যা-হতাশা থাকবে। তার মধ্য থেকে আমাদের সাধ্যমতো-হাসিমুখে ঈদ উদযাপন করতে হবে।
ঈদের দিনের পরিকল্পনা সম্পর্কে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল বলেন, ঈদের দিন সকালে উঠে নামাজ পড়বো। এরপর একটু বাইরে যাবো। সেখান থেকে ফিরে বাকি সময় বাসায় থাকার চেষ্টা করবো। কিছুদিন পরেই আমার ছেলের ‘ও’ লেভেল পরীক্ষা। তাই পরিবারের সঙ্গে বাসায় সময় কাটাবো।









