দুর্নীতির মাধ্যমে গ্রাহকের অর্থ আত্মসাৎ করে সম্পদের পাহাড় ও বিদেশে অর্থপাচারের অভিযোগে আইকন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নূরুল হুদার দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।
রবিবার (১৪ জুলাই) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত দুদকের এক আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।
দুদকের কোর্ট ইন্সপেক্টর আমির হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
দুদকের সহকারী পরিচালক অনুসন্ধানকারী কর্মকর্তা আফনান জান্নাত কেয়া আদালতে তার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর শুনানি করেন। শুনানি শেষে আদালত নূরুল হুদার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির আদেশ দেন আদালত।
আবেদন থেকে উল্লেখ করা হয়, আইকন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নূরুল হুদা ও অন্যদের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে গ্রাহকের অর্থ আত্মসাৎ করে সম্পদের পাহাড় ও বিদেশে অর্থপাচারের অভিযোগ অনুসন্ধান চলমান রয়েছে। নুরুল হুদা দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়। এজন্য সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রয়োজন।








