ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জের মাদ্রাসা ভবনে বিস্ফোরণের ঘটনায় দায়ের হওয়া মামলা তদন্তের জন্য পলিশের বিশেষায়িত অ্যান্টি টেরোরিজম ইউনিটে হস্তান্তর করা হয়েছে।
এর আগে বিস্ফোরণের ঘটনায় মাদ্রাসার পরিচালক আল-আমিন শেখসহ মোট ৭ জনের নাম উল্লেখ এবং আরও কয়েকজন অজ্ঞাতনামা আসামি করে দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় এখনও পর্যন্ত মোট ৬ জনকে গ্রেফতার করা হলেও পলাতক রয়েছেন মূল অভিযুক্ত আল আমিন।
এদিকে বিস্ফোরণটি কিসের তা এখনও তদন্তাধীন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের ঢাকা জেলার এসপি মিজানুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, মামলাটা আমরা এটিইউ-তে হ্যান্ডওভার করে দিয়েছি। তারা তদন্ত করছে।
প্রাথমিক তদন্তে কী জানা গেল, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এক্সপার্ট ওপিনিয়ন ছাড়া এখনও কিছু বলা যাবে না। সেখানে অনেক টাইপের কেমিক্যাল ছিল। বিস্ফোরক জাতীয় দ্রব্য যেহেতু ছিল, এখন কোনটার কারণে ওখানে বিস্ফোরণ হয়েছে, এটা যেসব সংস্থা কাজ করছে, বিশেষ করে ফায়ার সার্ভিস, সিআইডি ও এটিইউ। এসব সংস্থা থেকে একটা পূর্ণাঙ্গ প্রতিবেদন না আসা পর্যন্ত আসলে বলা যাবে না বিস্ফোরণটা কী কারণে হয়েছিল।
তিনি বলেন, মাদ্রাসায় ঘটে যাওয়া ভয়াবহ বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে বিভিন্ন ধরনের রাসায়নিক এবং বিস্ফোরক দ্রব্যের উপস্থিতি থাকায় সুনির্দিষ্ট কারণ জানতে বিশেষজ্ঞ মতামতের অপেক্ষা করা হচ্ছে।
তিন আরেও বলেন, ঘটনার বিষয়ে জানতে গ্রেফতারকৃতদের ৭ দিনের রিমান্ডে আনা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
মূল অভিযুক্ত আল আমিনকে এখনও গ্রেফতার করা সম্ভব হয়নি জানিয়ে তিনি বলেন, তাকে গ্রেফতারে অভিযান চলছে।
উল্লেখ্য, গত শুক্রবার সকালে হাসনাবাদ হাউজিং এলাকায় উম্মাল কুরান ইন্টারন্যাশনাল মাদ্রাসা ভবনে ভয়াবহ এই বিস্ফোরণ হয়। এতে ভবনের দুটি কক্ষের দেয়াল ও ছাদের কিছু অংশ বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় দুই শিশু আহত হয়েছে।
পুলিশ জানায়, ২০২২ সাল থেকে বাগেরহাটের শেখ আল আমিন (৩২) ওই ভবনের দুটি কক্ষে মাদ্রাসা পরিচালনা করতেন। মাদ্রাসায় ২৫-৩০ জন শিক্ষার্থী ছিল।
বিস্ফোরণে আল আমিন ও তার স্ত্রী আছিয়ার দুই শিশু সন্তান আহত হয় বলে জানিয়েছে পুলিশ। তাদের প্রথমে স্থানীয় আদ-দ্বীন হাসপাতাল ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।