রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে আরিয়ান আলামিন (৩৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে । তিনি পেশায় গাড়িচালক।
শনিবার (১৪ মার্চ) রাতে ঘটনা ঘটে। প্রতিবেশীরা দরজা ভেঙে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে রাত দেড়টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, “মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানাকে বিষয়টি অবগত করা হয়েছে।”
প্রতিবেশী রাসেল জানান, ছয় তলা ভবনের নিচতলার লোকজন ধোঁয়া দেখতে পেয়ে পঞ্চম তলায় আলামিনের রুমে গিয়ে দরজা ভাঙেন। রুমের ভিতরে বিছানা ও আসবাবপত্রের সঙ্গে তার শরীরে পোড়া চিহ্ন পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে তিনি মারা যান।
আলামিন ওই বাসায় স্ত্রী শিউলি ও এক মেয়ে নিয়ে থাকতেন। ঘটনার সময় তার স্ত্রী ও সন্তান বাইরে ছিলেন। তার বাবার নাম আবুল খায়ের।