চারদিনের শুভেচ্ছা সফরে রাশিয়ার নৌবাহিনীর ‘রেজকি’ ও ‘সোভারচেনি’ নামে দুই জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। মঙ্গলবার (২৪ মার্চ) জাহাজ দু’টি চট্টগ্রাম বন্দরে পৌঁছায় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহাজ দু’টি বন্দরে পৌঁছানোর সময় সেখানে ছিলেন চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার। তিনি সফরকারী জাহাজের অধিনায়ক, কর্মকর্তা ও নাবিকদের স্বাগত জানান। ওই সময় বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার উপ-রাষ্ট্রদূত, মিলিটারি, এয়ার ও নেভাল অ্যাটাশে এবং নৌবাহিনীর স্থানীয় ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে জাহাজ দুটি বাংলাদেশের জলসীমায় প্রবেশ করলে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা ওমর ফারুক’ তাদের আনুষ্ঠানিক অভ্যর্থনা জানায়।
আইএসপিআর বলছে, বাংলাদেশে অবস্থানকালে সফরকারী জাহাজগুলোর অধিনায়ক এবং রাশিয়ার উপ-রাষ্ট্রদূতসহ একটি প্রতিনিধি দল চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার, এরিয়া সুপারিন্টেন্ডেন্ট, ডকইয়ার্ড এবং চট্টগ্রাম বন্দর চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
সফরসূচির অংশ হিসেবে জাহাজগুলোর কর্মকর্তা ও নাবিকরা বাংলাদেশ নেভাল একাডেমিতে রাশিয়ান নাবিক ইউভি রেডকিনের সমাধিস্থল ‘রেডকিন পয়েন্টে’ পুষ্পস্তবক অর্পণ করবেন। এছাড়া তারা নৌবাহিনীর প্রশিক্ষণ ঘাঁটি ও জাহাজ পরিদর্শনের পাশাপাশি চট্টগ্রামের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও দর্শনীয় স্থান পরিদর্শন করবেন। একইসঙ্গে বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকরাও রাশিয়ান জাহাজগুলো পরিদর্শন করবেন।
আইএসপিআর বলছে, এ শুভেচ্ছা সফরের মাধ্যমে দুই দেশের নৌবাহিনীর মধ্যে পেশাগত অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্কও এতে আরও সুদৃঢ় হবে।
আগামী ২৭ মার্চ জাহাজ দু’টি বাংলাদেশের জলসীমা ত্যাগ করবে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়









