চকবাজারে দুর্ঘটনাস্থল পরিদর্শন করে যা বললেন ডিএসসিসি প্রশাসক

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৩ অক্টোবর ২০২৬, ০৯:৫০ আপডেট : ১৩ অক্টোবর ২০২৬, ০৯:৫০

পুরান ঢাকার চকবাজারের ছোট কাটারায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। সোমবার (১২ অক্টোবর) রাত সাড়ে ১০টায় ডিএসসিসি প্রশাসক দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন।‌  

পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে তাদের সমবেদনা জানান। পরিদর্শন শেষে তিনি উপস্থিত গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ও ব্রিফিং করেন।

অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রশাসক জানান, আগুন লাগার প্রকৃত কারণ তদন্তের পর জানা যাবে। ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের নেতৃত্বে তদন্ত ও সার্বিক কার্যক্রম চলমান রয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে। 

তিনি জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী ব্যাগ তৈরির একটি ফ্যাক্টরি থেকে আগুনের সূত্রপাত হয়, যার চারপাশে তৈরি পোশাকের একাধিক দোকান ও কারখানার অবস্থান ছিল। আল্লাহর রহমতে ফায়ার সার্ভিস ইতোমধ্যেই আগুন নিয়ন্ত্রণে এনেছে। দুর্ঘটনাস্থলে অযথা ভিড় না করে ফায়ার সার্ভিস কর্মীদের কাজ করার সুযোগ দিলে দ্রুতই পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বারবার চকবাজার এলাকায় অগ্নিকাণ্ডের প্রসঙ্গ উল্লেখ করে প্রশাসক বলেন, ‘পুরান ঢাকায় সিটি করপোরেশনের পক্ষ থেকে ইতোমধ্যে কেমিক্যাল লাইসেন্স প্রদান বন্ধ রাখা হয়েছে। যার ফলে কেমিক্যাল সংক্রান্ত বড় ধরণের অগ্নিকাণ্ডের হার আগের চেয়ে অনেকটাই কমে এসেছে।’ 

অগ্নিকাণ্ডকালে পানির স্বল্পতা প্রসঙ্গে তিনি বলেন, ‘পুরান ঢাকার বর্তমান সংকটাপন্ন অবকাঠামো একদিনে সৃষ্টি হয়নি এবং এটি বর্তমান প্রশাসনের তৈরি নয়; উত্তরাধিকারসূত্রে পাওয়া এই সমস্যা সমাধানে বর্তমান প্রশাসন আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। দায়িত্ব নেওয়ার পর থেকেই পুরান ঢাকার বিদ্যমান পুকুরসমূহ সংরক্ষণ ও সংস্কারের কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি পুরান ঢাকার ড্রেনেজ ব্যবস্থার সার্বিক সংস্কারকাজও হাতে নেওয়া হয়েছে।’ 

মার্কেট ও বসতবাড়িতে অগ্নিনির্বাপক ব্যবস্থা গ্রহণের জোর তাগিদ দিয়ে প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেন, ‘এটি কেবল আইন করে বাধ্যতামূলক করার বিষয় নয়, নিজেদের জীবন ও সম্পদ সুরক্ষার স্বার্থেই সবার ব্যবসা প্রতিষ্ঠান ও বাসাবাড়িতে অগ্নিনির্বাপণ সরঞ্জাম রাখা জরুরি। এই মর্মান্তিক ঘটনা থেকে শিক্ষা নিয়ে আশেপাশের মার্কেট ও ভবনগুলোতে যথাযথ সুরক্ষাব্যবস্থা রাখা হলে ক্ষয়ক্ষতির ব্যাপকতা অনেক কম হতো।’ 

তিনি আরও বলেন, ‘আল্লাহর অশেষ রহমতে বড় ধরণের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। তবে এরপরেও যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের সার্বিক বিষয়ে সিটি করপোরেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

রাস্তা ও ফুটপাত দখলমুক্ত রাখা এবং জনসচেতনতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরে প্রশাসক বলেন, ‘চকবাজারের রাস্তাঘাটগুলো যদি দখলমুক্ত থাকতো, তবে ফায়ার সার্ভিস বহর অনেক দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারতো।’ তাই যত্রতত্র অবৈধ দোকান না বসানো এবং রাস্তা ও ফুটপাত সর্বসাধারণ ও জরুরি চলাচলের জন্য উন্মুক্ত রাখতে স্থানীয়দের সচেতন হওয়ার পাশাপাশি গণমাধ্যমের সহায়তা কামনা করেন তিনি। 

উল্লেখ্য, দীর্ঘ ১২ ঘণ্টা পর ভোর ৫টা ২০ মিনিটে রাজধানীর পুরান ঢাকার চকবাজারে মনজুর খান প্লাজা মার্কেটের একটি দোকানে লাগা আগুন অবশেষে নিয়ন্ত্রণে আসে। 

ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগের কর্মকর্তা তালহা বিন জসিম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। 

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সোমবার বিকাল ৫টা ৪ মিনিটে মনজুর খান প্লাজার ষষ্ঠ তলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে বিকেল ৫টা ২২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন কর্মীরা। প্রথমে তিনটি ইউনিট কাজ শুরু করলেও পরে পর্যায়ক্রমে বাড়ানো হয় ইউনিটের সংখ্যা। সর্বশেষ ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছিল। 

/এএইচএস/এসটি/ 
সম্পর্কিত
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৬, শীর্ষে মিরপুর
ঢাকাগামী এক্সপ্রেসওয়ে সড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক ব্যক্তি নিহত
১২ ঘণ্টা পর চকবাজারের আগুন নিয়ন্ত্রণে
সর্বশেষ খবর
২১ ঘণ্টা ধরে এক কক্ষে অবরুদ্ধ চুয়েট ভিসি, অসুস্থ কয়েকজন
২১ ঘণ্টা ধরে এক কক্ষে অবরুদ্ধ চুয়েট ভিসি, অসুস্থ কয়েকজন
ডটস নাকি মিউজ, কোন এআই এজেন্টে মিলবে বেশি সুবিধা
ডটস নাকি মিউজ, কোন এআই এজেন্টে মিলবে বেশি সুবিধা
জয়ের রাতে সৌদি আরবের পতাকায় চুমু খেলেন রোনালদো
জয়ের রাতে সৌদি আরবের পতাকায় চুমু খেলেন রোনালদো
যন্তর মন্তর থেকে ককরোচ নেতা সৌরভ ও রাঙ্কা আবারও আটক
যন্তর মন্তর থেকে ককরোচ নেতা সৌরভ ও রাঙ্কা আবারও আটক
সর্বাধিক পঠিত
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
পাগলা মসজিদের দানবাক্সে বিপুল পরিমাণ স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রা
পাগলা মসজিদের দানবাক্সে বিপুল পরিমাণ স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রা
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
আরও ১৮ ফ্লাইট বাতিল, শাহজালাল বিমানবন্দরে আটকা ৪৮৫১ যাত্রী
আরও ১৮ ফ্লাইট বাতিল, শাহজালাল বিমানবন্দরে আটকা ৪৮৫১ যাত্রী
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা