রাজধানীর মালিবাগ এলাকার একটি আবাসিক হোটেল থেকে মিজানুর রহমান (৪৫) নামে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৬ নভেম্বর) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাবিজ উদ্দিন এ তথ্য জানান।
মিজানুর রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার গোষাই গোবিন্দপুর গ্রামের আজমল আলী শেখের ছেলে।
এসআই বলেন, ‘রবিবার ভোরে খবর পেয়ে মালিবাগের সবুজবাংলা আবাসিক হোটেলের একটি কক্ষের বিছানার ওপর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
শনিবার (২৫ নভেম্বর) রাত ১১টার দিকে মিজানুর ওই হোটেলে ওঠেন জানিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘কি কারণে, কীভাবে তিনি মারা গেছেন, তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। আমরা তার স্বজনদের খবর দিয়েছি। যতটুকু জানতে পেরেছি, মিজানুর দরজির কাজ করতেন।’









