রাজধানীর মুগদা এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা হারিয়ে মালিককে টাকা পরিশোধ করতে না পেরে এক অটোরিকশা চালকের আত্মহত্যার অভিযোগ উঠেছে। তার নাম নাঈম (১৮)।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে মুগদায় একটি ভাড়া বাসা থেকে নাঈমের মরদেহ উদ্ধার করে পুলিশ। মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) রানা বরুয়া এ তথ্য জানান।
নিহতের খালু গোলাম সরোয়ার বলেন, ‘নাঈম থাকতো মুগদার পূর্ব মানিক নগর বালুর মাঠ গলিতে তার নানির সঙ্গে। ছোটবেলায় সে বাবা-মাকে হারায়। এক ভাই, এক বোনের মধ্যে সে ছিল ছোট।’
তিনি বলেন, ‘নাঈম মানিক নগর এলাকার একটি রিকশা গ্যারেজ থেকে দৈনিক ভাড়ায় অটোরিকশা চালাতো। ২৭ জানুয়ারি খিলক্ষেত এলাকায় তাকে অজ্ঞান করে রিকশাটি নিয়ে যায় অজ্ঞান পার্টির সদস্যরা। পরে মালিক রিকশার জন্য চাপ দিচ্ছিল। না হলে টাকা চাচ্ছিল। এসব কারণে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে সে আত্মহত্যা করে।’
এসআই রানা বরুয়া বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে, নাঈম ভাড়ায় অটোরিকশা চালাতো। ২৭ জানুয়ারি রিকশাটি হারিয়ে মানসিকভাবে বিপর্যস্ত ছিল। এসব কারণে সে আত্মহত্যা করে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।’








