রাজধানীর যাত্রাবাড়ী পুবাইল এলাকার একটি ভাড়া বাসায় মো. রনি (১২) নামে এক স্কুলছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
শনিবার (৩১ জানুয়ারি) দিবাগত রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে স্বজনরা জানিয়েছেন।
মৃত রনি নোয়াখালীর চাটখিল উপজেলার শিবপুর গ্রামের চা-দোকান ব্যবসায়ী নুর আলমের ছেলে। সে যাত্রাবাড়ীর পুবাইল এলাকায় পরিবারের সঙ্গে একটি ভাড়া বাসায় থাকতো।
রনি স্থানীয় একটি স্কুলে সপ্তম শ্রেণিতে পড়ত। দুই ভাই ও এক বোনের মধ্যে সে ছিল দ্বিতীয়।
মৃতের খালা নাজমা আক্তার জানান, লেখাপড়ার চাপ দেওয়ায় অভিমান করে রাতে সবার অগোচরে বাথরুমের লোহার রডের সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দেয় রনি। পরে দরজা ভেঙে তাকে উদ্ধার করে রাত পৌনে ১২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।









