সন্ধ্যা ৭টায় দোকান বন্ধের নির্দেশনা কতটা মানছেন ব্যবসায়ীরা

ইমরান আলী
১৩ আগস্ট ২০২৬, ২৩:২৫আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ২৩:২৫

বিদ্যুৎ সাশ্রয়ে শপিংমল, মার্কেট ও দোকান রাত ৮টার মধ্যে বন্ধ করার নির্দেশনা দিয়েছে সরকার। একই সঙ্গে সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড বন্ধ এবং আলোকসজ্জা পুরোপুরি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে রাজধানীর বিভিন্ন এলাকায় সরেজমিনে দেখা গেছে, নির্দেশনা পুরোপুরি মানা হচ্ছে না। কোথাও বিলবোর্ড বন্ধ থাকলেও কোথাও কোথাও তা জ্বলছে। রাত ৮টার পরও বিভিন্ন দোকান ও শোরুম খোলা থাকতে দেখা গেছে। এমনকি রাত সাড়ে ১০টা পর্যন্তও কিছু দোকান ও শোরুম খোলা ছিল।

এর আগে গতকাল বুধবার (১২ আগস্ট) বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। বিদ্যুৎ বিভাগের উপসচিব মো. মামুন ভূঁইয়ার সই করা চিঠিতে বলা হয়, ১২ আগস্ট থেকে শপিংমল, মার্কেট ও দোকান সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে। দেশের বিভিন্ন প্রান্তে চলমান ও অনুষ্ঠিতব্য মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও রাত ৮টার মধ্যে শেষ করতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, সব ধরনের আলোকিত বিলবোর্ড সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে। একই সঙ্গে সব ধরনের আলোকসজ্জা বন্ধ রাখতে হবে। তবে খাবারের দোকান, হাসপাতাল ও ওষুধের দোকান এই নির্দেশনার আওতামুক্ত থাকবে।

কোথাও বন্ধ, কোথাও জ্বলছে

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বিভিন্ন এলাকায় সরেজমিনে দেখা যায়, নির্দেশনা অনুযায়ী অনেক জায়গায় বিলবোর্ড বন্ধ করা হয়নি। বনশ্রীর বড় বড় শোরুমের সামনে সাইনবোর্ড জ্বলতে দেখা যায়। এলাকার এফ ব্লকের ২ নম্বর রোডে একটি পুরো বাড়িতে আলোকসজ্জাও দেখা যায়।

স্থানীয়রা জানান, শুক্রবার বাড়িটির মালিকের মেয়ের বিয়ে। তাই গত তিন-চার দিন ধরে এভাবেই আলোকসজ্জা চলছে।

বনশ্রীতে সিমরাহ জিন্সের বড় শোরুমের সামনে দুটি বড় এলইডি সাইনবোর্ড জ্বলতে দেখা যায়। আশপাশে ইজি, সিলভার জিন্স ও বারকোডের এলইডি সাইনবোর্ডও জ্বলতে দেখা যায়।

প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা জানান, তারা সরকারি নির্দেশনার বিষয়টি জানেন না। একই সঙ্গে এমন সিদ্ধান্তে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তারা।

এফ-জি এভিনিউ রোডের ডেইলি শপিং ও বেস্ট বাইয়ের শোরুমও খোলা দেখা যায়। আইডিয়াল স্কুলের পাশের স্বপ্ন ও ইনফিনিটি মেগামলও বন্ধ ছিল না।

শুধু বনশ্রী নয়, বাড্ডা, রামপুরা, খিলগাঁও, বসুন্ধরা, উত্তরা, গুলশান, বনানী, মিরপুর ও মোহাম্মদপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকাতেও রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধ করার নির্দেশনা পুরোপুরি মানার দৃশ্য দেখা যায়নি। গুলশান-বনানীর কিছু জায়গায় বিলবোর্ড বন্ধ থাকলেও কিছু জায়গায় তা জ্বলতে দেখা যায়।

রাত ৮টার পরও রাজধানীর বিভিন্ন এলাকায় দোকান ও শোরুম খোলা ছিল। রাত সাড়ে ১০টা নাগাদও কিছু দোকান ও শোরুম খোলা পাওয়া যায়।

তবে বড় শপিংমলগুলোর মধ্যে বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক, রাপা প্লাজা ও মোতালেব প্লাজা বন্ধ হয়ে যায়। যদিও বিভিন্ন নামী ব্র্যান্ডের এলাকাভিত্তিক শোরুমগুলো খোলা ছিল। স্বপ্ন, ডেইলি শপিং, লা রিভ ফ্যাশন, ইনফিনিটি ও সারা’র মতো ব্র্যান্ডের শোরুমও খোলা দেখা যায়।

‘১১টার দিকে বন্ধ করবো’

বনশ্রী এলাকার মুদি দোকানি রাসেল খান বলেন, ‘মুদি দোকান ৮টার মধ্যে বন্ধ করলে কী হবে। আর এখন সন্ধ্যা হয় কখন। আমার মনে হয় এটা সব ব্যবসায়ীদের জন্য ঠিক না। আমি এখন ১০টা বাজে এখনও খোলা রেখেছি। লোকজন তাদের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি নিতে আসছেন। আমি ১১টার দিকে বন্ধ করবো।’

ইলেকট্রিক পণ্যের ব্যবসায়ী সোহেল রানা বলেন, ‘জনগণ এ সিদ্ধান্ত কতটা মানে সেটিই দেখার বিষয়। গ্যাস-বিদ্যুতে জনগণ অতিষ্ঠ। অনেক কলকারখানা বন্ধ হয়ে গেছে। এখন সন্ধ্যার পর আমরা যদি বন্ধ করে দেই, তাহলে আমরা ব্যবসা করবো কিভাবে। সরকারের উচিত দ্রুত পরিস্থিতির উন্নতি করা।’

ব্যবসায়ীদের ক্ষোভ

গুলশানের ব্যবসায়ী শরিফুল ইসলাম বলেন, বিজ্ঞাপনের বিলবোর্ডগুলোর কিছু বন্ধ, কিছু সচল। তিনি প্রশ্ন করেন, সরকার কীভাবে এ ধরনের সিদ্ধান্ত নিতে পারে।

তিনি বলেন, ‘ঢাকা দেশের রাজধানী। সারাদিন লোকজন কর্মব্যস্ত থাকে। সন্ধ্যার পর তারা কেনাকাটা বা রেস্টুরেন্টে খেতে যায়। আর আপনি সন্ধ্যার পর সব বন্ধ করে দিচ্ছেন। এটা কী ধরনের সিদ্ধান্ত।’

এই সিদ্ধান্তের কারণে একদিকে ব্যক্তির স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে, অন্যদিকে যারা ব্যবসা-বাণিজ্য করতে চান, তাদেরও তা করতে দেওয়া হচ্ছে না বলে মন্তব্য করেন তিনি।

রামপুরার ব্যবসায়ী ফিরোজ আলম বলেন, ‘এসব সাইনবোর্ড, বিলবোর্ড কতটুকু বিদ্যুৎ খায়। কীসব সিদ্ধান্ত! গ্যাস-বিদ্যুতে সারা দেশে হাহাকার শুরু হয়েছে, সেগুলো ঠিক না করে এখন আসছে ঘরের লাইট বন্ধ করতে।’

তিনি বলেন, মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে। মানুষের কষ্ট সরকারের বোঝা উচিত।

বাড্ডার ব্যবসায়ী ইকরাম হোসেন বলেন, ‘কোনও সাইনবোর্ড, বিলবোর্ড বন্ধ হয়নি। আর এগুলো বন্ধ করবে কে? কেনই বা বন্ধ করবে।’

তিনি বলেন, সরকার দ্রুত গ্যাস-বিদ্যুতের সমাধান না করলে জনগণ তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেবে।

‘সরকারের সিদ্ধান্ত মেনে নিতে হবে’

বাংলাদেশ হোটেল রেস্তোরাঁ মালিক সমিতির যুগ্ম মহাসচিব ফিরোজ আলম সুমন বলেন, ‘আমরা বিগত এক-দেড় বছর ধরে এমন টানাপোড়েনের মধ্যে যাচ্ছি। সরকার তার লোড ম্যানেজমেন্টের যে সিদ্ধান্ত নিয়েছে, তা অবশ্যই ব্যবসায়ীদের ওপর প্রভাব আসবে। তারপরও সরকারি সিদ্ধান্ত মেনে নিতে হবে।’

বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বর্তমানে বিদ্যুতের পরিস্থিতি খারাপ। সবার আগে আমাদের রাষ্ট্র। রাষ্ট্রের প্রয়োজনে এ রকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের কোনও আপত্তি নেই। এক ঘণ্টা এগিয়ে নিয়ে বন্ধ করলে এমন কোনও ক্ষতি দেখি না। আবার যখন পরিস্থিতি ঠিক হবে, তখন আবার আমাদের সময় বাড়িয়ে দেবে।’

তিনি আরও বলেন, ‘অতি সম্প্রতি আমাদের এ রকম সিদ্ধান্ত দিয়েছিল। আমরা মেনে নিয়েছিলাম। পরে আবারও বাড়িয়েছে। আমরা আশা করছি সামনে শীতকালের মধ্যে পরিস্থিতি ঠিক হবে। তখন আমাদের সময়ও বাড়িয়ে দেবে।’

আগে কখন কী সিদ্ধান্ত হয়েছিল

বিদ্যুৎ সাশ্রয়ে এর আগে ১১ জুন থেকে শপিংমল, মার্কেট ও দোকান রাত ৯টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত কার্যকর ছিল। নতুন নির্দেশনায় তা এক ঘণ্টা কমিয়ে রাত ৮টা করা হয়েছে।

এর আগে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে সৃষ্ট জ্বালানি সংকটের কারণে চলতি বছরের ২ এপ্রিল মন্ত্রিসভা দেশের সব দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ করার সিদ্ধান্ত নেয়। পরে ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে তা রাত ৭টা পর্যন্ত করা হয়।

পরের মাসে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্যবসায়ীরা দোকান খোলা রাখার দাবি তুললে ১২ মে থেকে দেশের শপিংমল, বিপণিবিতান ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেয় সরকার। ঈদের পর ১২ জুন আবার এক ঘণ্টা কমিয়ে রাত ৯টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত হয়।

বর্তমান নির্দেশনা অনুযায়ী, ১২ আগস্ট থেকে দোকানপাট ও শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে। একই সঙ্গে সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে সব ধরনের আলোকিত বিলবোর্ড এবং পুরোপুরি বন্ধ রাখতে হবে আলোকসজ্জা।

তবে রাজধানীর বিভিন্ন এলাকায় নির্দেশনা বাস্তবায়নে দেখা গেছে ভিন্ন চিত্র—কোথাও বিলবোর্ড বন্ধ, আবার কোথাও সেগুলো জ্বলছে; কোথাও বড় শপিংমল বন্ধ হলেও বিভিন্ন দোকান ও শোরুম খোলা রয়েছে।

/ইউএস/
সম্পর্কিত
রাজধানীতে পৃথক ঘটনায় ৩ যুবকের অস্বাভাবিক মৃত্যু
জুলাইয়ে সেরা কর্মীদের পুরস্কার দিলো ডিএমপি
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের নির্দেশ ডিএমপি কমিশনারের
সর্বশেষ খবর
উষ্মা প্রকাশ করে আরেক ওসিকে তলব করলেন আদালত
উষ্মা প্রকাশ করে আরেক ওসিকে তলব করলেন আদালত
রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলকে ঘিরে যত প্রত্যাশা
রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলকে ঘিরে যত প্রত্যাশা
ডাকবাংলোতে ডেকে কর্মকর্তাকে পেটালেন পৌরসভার সিইও, ডিসি বললেন র‌বিবা‌রের ম‌ধ্যে বদ‌লি
ডাকবাংলোতে ডেকে কর্মকর্তাকে পেটালেন পৌরসভার সিইও, ডিসি বললেন র‌বিবা‌রের ম‌ধ্যে বদ‌লি
শেখ হাসিনার প্রত্যর্পণ প্রশ্নের সুরাহার আগে প্রধানমন্ত্রী ভারতে যেতে পারবেন না: নাহিদ ইসলাম
শেখ হাসিনার প্রত্যর্পণ প্রশ্নের সুরাহার আগে প্রধানমন্ত্রী ভারতে যেতে পারবেন না: নাহিদ ইসলাম
সর্বাধিক পঠিত
আদালতে ঢুকে সেই ওসির ৩ স্যালুট, বিচারক বললেন ‘আপনি এখানে কেন’
আদালতে ঢুকে সেই ওসির ৩ স্যালুট, বিচারক বললেন ‘আপনি এখানে কেন’
শাহজালালে দুই যাত্রীর লাগেজে মিললো ৩ লাখ টাকার বিদেশি মদ
শাহজালালে দুই যাত্রীর লাগেজে মিললো ৩ লাখ টাকার বিদেশি মদ
দলে নতুন পদ পেলেন এমপি মাহমুদুল হোসাইন
দলে নতুন পদ পেলেন এমপি মাহমুদুল হোসাইন
বিএনপির মহাসচিব পদে কে আসছেন, আলোচনায় ৪ নেতা
বিএনপির মহাসচিব পদে কে আসছেন, আলোচনায় ৪ নেতা
সব চূড়ান্ত, এখন অপেক্ষা ইধিকা পালের
সব চূড়ান্ত, এখন অপেক্ষা ইধিকা পালের