রাজধানীর শ্যামলীতে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজনের নাম মুক্তা (৪০)। অপরজনের নাম-পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ। তার বয়স আনুমানিক ৪৫ বছর। তারা দুজনই ওই এলাকায় বসবাস করতেন বলে জানা গেছে।
শুক্রবার (১৬ অক্টোবর) ভোরে শ্যামলী মোড় সংলগ্ন ওভারব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শ্যামলী মোড় ওভারব্রিজের নিচে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির যানবাহন দুই নারীকে সজোরে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। খবর পেয়ে মোহাম্মদপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় মুক্তা নামের অপর নারীকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানা গেছে, নিহত দুই নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গের হিমাগারে রাখা হয়েছে।
মোহাম্মদপুর থানার ওসি আব্দুল হালিম বলেন, এক নারীর পরিচয় পাওয়া গেলেও অপরজনের পরিচয় পাওয়া যায়নি। তবে চেষ্টা চলছে। এছাড়া যে গাড়ি ধাক্কা দিয়েছে, সেটিও শনাক্ত করার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে আছে।