নাশকতা ঠেকাতে সরকারি ও বিরোধী দলের ঐকমত্য সম্ভব?

মহসীন কবির
১২ নভেম্বর ২০২৬, ০০:০১ আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ০০:০১

একদিকে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিসংযোগসহ নাশকতার ঘটনা, অন্যদিকে এসব ঘটনায় একে অপরের বিরুদ্ধে আঁতাতের অভিযোগ তুলছে সরকার ও বিরোধী দল। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর কর্মসূচি ঘিরে কয়েক দিন ধরে উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির মধ্যে নতুন করে সামনে এসেছে জাতীয় ঐক্যের প্রশ্ন। নাশকতা মোকাবিলায় প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক দলগুলোকে রাজপথে সক্রিয় থাকার আহ্বান উঠছে। সংসদেও সরকার ও বিরোধী দলের নেতারা ঐক্যের কথা বলছেন। তবে রাজনৈতিক সন্দেহ, পাল্টাপাল্টি অভিযোগ ও মতপার্থক্যের মধ্যে সেই ঐকমত্য কতটা সম্ভব, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

গত কয়েক দিনে আর্মি গলফ ক্লাব, পুলিশের বিশেষ শাখার (এসবি) সদর দফতরের সামনে, থানার ফটক ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও এ ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটছে। এতে সাধারণ মানুষের মধ্যেও আতঙ্ক তৈরি হয়েছে।

এসব ঘটনার জন্য নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগকে দায়ী করছেন সরকারের মন্ত্রী-সংসদ সদস্যরা। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও একই দাবি করা হচ্ছে। ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণার পরিপ্রেক্ষিতে সামনে এ ধরনের পরিস্থিতি অব্যাহত থাকতে পারে বলে রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে।

এ অবস্থায় সরকারের করণীয় কী, সেই প্রশ্ন সামনে এসেছে। সরকার কি শুধু প্রশাসনিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে, নাকি রাজনৈতিকভাবেও নাশকতাকারীদের প্রতিহত করবে? বিশেষ করে সরকার ও বিরোধী দল অতীতে দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র এবং জুলাই আন্দোলনের পক্ষের শক্তি হওয়ায় তারা কি রাজপথে একসঙ্গে সক্রিয় হবে? এমন আলোচনাও রয়েছে। যদিও সম্প্রতি দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে আঁতাতের অভিযোগ তুলেছে।

সম্প্রতি ঢাকার বাইরে এক জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, পরিষ্কার তথ্য আছে, বর্তমান বিরোধী দলের সঙ্গে সীমান্তের ওপারে থাকা ফ্যাসিস্টের যোগাযোগ রয়েছে।

অন্যদিকে বিরোধী দলের অভিযোগ, সরকার আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করছে। পাল্টাপাল্টি দোষারোপের মধ্যেও সম্প্রতি আওয়ামী লীগ প্রশ্নে দুই পক্ষ কিছুটা নরম সুরে কথা বলছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক কেন্দ্রীয় নেতা বলেন, বর্তমান পরিস্থিতিতে সরকারের হাইকমান্ড কিছুটা উদ্বিগ্ন। সামনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের পাশাপাশি দলীয় নেতাকর্মীদেরও মাঠে সক্রিয় থাকার নির্দেশনা আসতে পারে। প্রয়োজনে বিরোধী দলকেও এ বিষয়ে আহ্বান জানানো হতে পারে।

অন্যদিকে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সংসদে এ বিষয়ে কথা বলেছেন। নাশকতামূলক কর্মকাণ্ড দমনে সরকারের ব্যর্থতার সমালোচনা করে তিনি বলেন, দায়িত্বশীল বিরোধী দল হিসেবে তারা দায়িত্ব পালন করতে চান। জাতীয় সংকটে অতীতেও সব পক্ষকে একসঙ্গে নিয়ে কাজ করার নজির রয়েছে। সরকারের কাছে বিরোধী দলের সহযোগিতা প্রয়োজন হলে তা জানানোর আহ্বানও জানান তিনি।

কার সঙ্গে কার আঁতাত?

প্রায় তিন দশকের বেশি সময় একসঙ্গে রাজনৈতিক জোটে ছিল বিএনপি ও জামায়াত। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত একসঙ্গে রাষ্ট্র পরিচালনায়ও অংশীদার ছিল দুই দল। আবার ১৯৯৬ সালের শেষ দিকে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে তৎকালীন বিএনপি সরকারের বিরুদ্ধে যুগপৎ আন্দোলন করেছে আওয়ামী লীগ ও জামায়াত। সেই আন্দোলনে তারা কিছুটা সফলও হয়েছিল। বিগত দেড় দশক আওয়ামী লীগের বিরুদ্ধে একসঙ্গে রাজপথে আন্দোলন করেছে বিএনপি ও জামায়াত।

সর্বশেষ ২০২৪ সালের জুলাই আন্দোলনে শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগবিহীন রাজনৈতিক ময়দানে ভিন্ন পথ অবলম্বন করে বিএনপি ও জামায়াত। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারির নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে সরকার গঠন করে বিএনপি। অর্ধশতাধিক আসন নিয়ে প্রধান বিরোধী দলের অবস্থানে আসে জামায়াত।

বিভিন্ন ইস্যুতে সরকার ও বিরোধী দলের মধ্যে মতপার্থক্য থাকলেও দুই পক্ষই আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থানের কথা বলছে। তবে গত ২০ অক্টোবর রাজশাহীতে এক সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান অভিযোগ করেন, দেশকে অস্থিতিশীল করতে দুই পক্ষ এক হয়েছে। একজন সীমান্তের ওপার থেকে টাকা দিচ্ছে, আরেকজন দেশে বসে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। এদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

সরকারপ্রধানের এ বক্তব্য প্রত্যাখ্যান করে পরদিন পাল্টা বিবৃতি দেয় প্রধান বিরোধী দল জামায়াত। দলটির অভিযোগ, সরকার পতিত ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে চায়।

বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদে সরকারি দল ও বিরোধী দলের শীর্ষ নেতাদের বক্তব্যেও এ অভিযোগ-পাল্টা অভিযোগের বিষয়টি উঠে আসে। এদিন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ৩০০ বিধিতে বিবৃতি দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বক্তব্যে তিনি বিরোধীদলীয় নেতার অতীতের কয়েকটি বক্তব্যের প্রসঙ্গ তুলে ধরেন।

জবাবে ফ্লোর নিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ‘সীমান্তের ওপার থেকে সুড়সুড়ি দেওয়া হচ্ছে—এ কথার সঙ্গে আমি একমত। তবে এরকম কথাও রয়েছে যে, বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে একটি দলের বোঝাপড়া হয়েছে। এই সুড়সুড়ির পেছনে ওই দলের কোনও সম্পর্ক আছে কিনা, দলটি কোনটি—স্বরাষ্ট্রমন্ত্রী তা স্পষ্ট করুন।’

তিনি বলেন, সরকার যদি জামায়াতকে ইঙ্গিত করে থাকে, তাহলে স্পষ্টভাবে জানাতে চান, কোনও দেশের কোনও গোয়েন্দা সংস্থার সঙ্গে বসার ইতিহাস তাদের নেই। তারা একটি রাজনৈতিক দল। রাজনৈতিক প্রতিপক্ষ ও বন্ধুদের সঙ্গে বসবেন, কোনও গোয়েন্দা সংস্থার সঙ্গে বসার প্রশ্নই ওঠে না।

ডা. শফিকুর রহমান আরও বলেন, তাদের বিরুদ্ধে যারা এ ধরনের অভিযোগ করছেন, তাদেরই দেশে-বিদেশে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠকের ইতিহাস রয়েছে। অতীতে একটি গোয়েন্দা সংস্থার দেশে গিয়ে সংশ্লিষ্টদের কাছে দুঃখ প্রকাশ এবং দলের অতীত নীতিকে ভুল বলে স্বীকার করার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেন তিনি। এ বিষয়ে তিনি বলেন, ‘মেহেরবানি করে আয়নায় নিজেদের চেহারা দেখাটাই উত্তম হবে।’

দুই পক্ষের এমন পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে প্রশ্ন উঠেছে, আসলে কার সঙ্গে কার আঁতাত রয়েছে? ভবিষ্যৎ রাজনীতিতে কে কার মিত্র হতে পারে? এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষক ও লেখক মহিউদ্দিন আহমদ বাংলা ট্রিবিউনকে দুই ধরনের সম্ভাবনার কথা বলেন।

তিনি বলেন, বর্তমান ক্ষমতাসীন বিএনপি ও প্রধান বিরোধী দল জামায়াত দীর্ঘদিন একসঙ্গে রাজনৈতিক জোটে ছিল। এখন দুই পক্ষই আওয়ামী লীগের বিপক্ষ শক্তি। নিজেদের অবস্থান ঠিক রাখতে তাদের মধ্যে অঘোষিত ঐক্যও হতে পারে। আবার অতীতে বিরোধী দল জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের এক ধরনের সখ্য ছিল। সেই সমীকরণ থেকে তারা ভিন্ন কোনও অবস্থান নেয় কিনা, সেটিও উড়িয়ে দেওয়া যায় না। তবে এ বিষয়ে চূড়ান্ত কিছু বলতে আরও পর্যবেক্ষণ প্রয়োজন বলে জানান তিনি।

সরকার কি বিরোধী দলকে আহ্বান জানাবে?

চলমান পরিস্থিতি এবং আগামী দিনের সম্ভাব্য সংকট মোকাবিলায় জুলাই আন্দোলনের পক্ষের শক্তি হিসেবে বিরোধী দলকে পাশে চাইবে কি না, এ প্রশ্নে বিএনপির নেতাদের বক্তব্যে ভিন্নতা রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক সাংগঠনিক সম্পাদক বলেন, বর্তমান বিরোধী দল একটি বিশেষ প্রেক্ষাপটে এই অবস্থানে এসেছে। একটি বড় দলের অনুপস্থিতিতে তারা কিছু ভোট পেয়েছে। বিএনপির সঙ্গে তাদের আদর্শগত মিল নেই। অতীতে রাজনৈতিক জোটে থাকলেও সংসদের বিরোধী দলে যাওয়ার পর তাদের মধ্যে আত্মগরিমা তৈরি হয়েছে। তারা অগণতান্ত্রিক শক্তির সঙ্গে হাত মিলিয়ে দেশকে অস্থিতিশীল করতে চায়। তাদের সঙ্গে রাজনৈতিক ঐক্য হবে কি না, তা বলা কঠিন।

অবশ্য ভিন্ন অবস্থান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, রাজপথে নাশকতা নিয়ন্ত্রণের দায়িত্ব প্রশাসনের। তবে গণহত্যাকারীদের যেকোনও অপতৎপরতা মোকাবিলায় রাজনৈতিক প্রতিরোধও জরুরি। তাই দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে প্রয়োজনে বিএনপি রাজপথে সক্রিয় থাকবে।

এ ক্ষেত্রে বিরোধী দলকে পাশে চাওয়া হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘তাদের আমরা বলতে হবে কেন? তারাও তো জুলাইয়ের শক্তি। অপশক্তি মোকাবিলায় তাদের তো দায়িত্ব রয়েছে।’

সাড়া দেবে বিরোধী দল?

সাম্প্রতিক নাশকতার ঘটনায় সরকারের তীব্র সমালোচনা করেছে বিরোধী দল। তাদের অভিযোগ, পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। এ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীরও সমালোচনা করেছেন বিরোধী দলের নেতারা।

গত ১০ নভেম্বর জাতীয় সংসদে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশে গত কয়েক দিন ধরে নজিরবিহীন সন্ত্রাস, অরাজকতা ও নাশকতামূলক কর্মকাণ্ড চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সরকার ব্যর্থ হচ্ছে। এ বিষয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি করেন তিনি।

নাশকতা দমনে একসঙ্গে রাজপথে সক্রিয় থাকার জন্য সরকার আহ্বান জানালে বিরোধী দল সাড়া দেবে কি না, জানতে চাইলে এনসিপির যুগ্ম আহ্বায়ক ও দলটির রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার বাংলা ট্রিবিউনকে বলেন, সরকারপ্রধান বলছেন, বিরোধী দলের সঙ্গে পতিত আওয়ামী লীগের আঁতাত রয়েছে। তিনি কীসের ভিত্তিতে এ ধরনের কথা বলছেন, তার ব্যাখ্যা এখনও দেননি। তারপরও দেশের প্রয়োজনে বিরোধী দল অবশ্যই সরকারকে সহযোগিতা করতে পারে। তবে এ জন্য আগে সরকারপ্রধানকে সংসদে ঘোষণা দিয়ে বিরোধী দলকে আহ্বান জানাতে হবে।

একই কথা বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, নাশকতা নিয়ন্ত্রণের দায়িত্ব প্রশাসনের। সরকার নিজেদের ব্যর্থতা স্বীকার না করে বিরোধী দলের ওপর দায় চাপাতে চায়। অথচ দেশের প্রয়োজনে অতীতেও তারা সরকারকে সহযোগিতা করেছেন। তারপরও সরকার যদি রাজপথে তাদের পাশে পাওয়ার জন্য আনুষ্ঠানিক আহ্বান জানায়, তাহলে তারা বিষয়টি বিবেচনা করবেন।

সংসদে জাতীয় ঐক্যের আহ্বান সরকার ও বিরোধী দলের

এর আগে মঙ্গলবার (১০ নভেম্বর) সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা দায়িত্বশীল বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করতে চাই। জাতীয় সংকটে অতীতেও সব পক্ষকে একসঙ্গে নিয়ে কাজ করার নজির রয়েছে। অন্তর্বর্তী সরকার রাজনৈতিক সরকার না হলেও জাতীয় সংকটের সময় সবাইকে আমন্ত্রণ জানিয়ে সম্পৃক্ত করেছিল। কিন্তু এখন পর্যন্ত তেমন কোনও উদ্যোগ দেখা যাচ্ছে না।’

সরকারের কাছে বিরোধী দলের সহযোগিতা প্রয়োজন হলে তা জানানোর আহ্বান জানান তিনি। বিরোধীদলীয় নেতা বলেন, ‘আমাদের সন্তানদের রক্ত এখনও তাজা, আমাদের চোখের সামনে।’ সেই রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশে ফ্যাসিবাদকে আর ফিরে আসার সুযোগ দেওয়া যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও নাশকতার ঘটনা ঘটলেও গোয়েন্দা সংস্থাগুলোর তৎপরতা নিয়ে প্রশ্ন তোলেন বিরোধীদলীয় নেতা। গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয়ে বিরোধী দলের একজন সংসদ সদস্যকে ফোন করে জামায়াত ছাড়ার পরামর্শ দেওয়ার অভিযোগও করেন তিনি। ওই ফোন নম্বর যাচাই করে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় নিশ্চিত করার পাশাপাশি এ ধরনের নির্দেশ দেওয়ার এখতিয়ার কোনও গোয়েন্দা সদস্যের আছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানান।

বুধবার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সময় গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানান।

তিনি বলেন, ‘ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সময় যে ঐক্য গড়ে উঠেছিল, বর্তমান পরিস্থিতিতেও সেই ঐক্য প্রয়োজন। পতিত ফ্যাসিবাদী গোষ্ঠীকে সমূলে উৎপাটন এবং তাদের যেকোনও ষড়যন্ত্র নস্যাৎ করতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ধরে রাখতে হবে।’

দেশের গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখার স্বার্থে এ ঐক্যের বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি। সরকারি দল, বিরোধী দল এবং সংসদের বাইরের রাজনৈতিক দলসহ সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রীর এ আহ্বানকে স্বাগত জানান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ২০২৪ সালে ফ্যাসিবাদের বিরুদ্ধে যেভাবে ঐক্য তৈরি হয়েছিল, জাতীয় ঐক্যের মাধ্যমে সেই শক্তিকে কাজে লাগিয়ে আগামীর বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। একই সঙ্গে ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঠেকাতে শুধু বক্তব্য নয়, কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন তিনি।

বিরোধীদলীয় নেতার বক্তব্যের পর স্বরাষ্ট্রমন্ত্রী তাকে ধন্যবাদ জানান। তিনি বলেন, বিরোধীদলীয় নেতার বক্তব্যে কিছু অম্লমধুর কথা থাকলেও জাতীয় ঐক্যের বিষয়ে তিনি যে কথা বলেছেন, তা গুরুত্বপূর্ণ। সংসদে সরকার ও বিরোধী দলের মধ্যে আলোচনা-সমালোচনা থাকবে। গণতান্ত্রিক সংসদে মতপার্থক্য ও বিতর্ক স্বাভাবিক। তবে এসব আলোচনা ও বিতর্ক সংসদের ভেতরেই সীমাবদ্ধ থাকবে এবং সংসদীয় রীতি ও ঐতিহ্য মেনেই তা পরিচালিত হবে।

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার বক্তব্যে জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তার বিষয়টি উঠে এলেও রাজপথে সেই ঐক্য কতটা কার্যকর হবে, তা এখনও স্পষ্ট নয়। নাশকতা মোকাবিলায় একসঙ্গে কাজ করার বিষয়ে বিরোধী দলের পক্ষ থেকে সহযোগিতার আগ্রহ জানানো হয়েছে। তবে তারা আনুষ্ঠানিক আহ্বান চায়। অন্যদিকে বিএনপির নেতাদের বক্তব্যেও এ বিষয়ে একমত অবস্থান নেই। ফলে রাজনৈতিক বক্তব্যে ঐক্যের কথা এলেও বাস্তবে সরকার ও বিরোধী দল কতটা কাছাকাছি আসতে পারে, সেটিই এখন দেখার বিষয়।

/ইউএস/
সম্পর্কিত
বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: একাধিক ককটেল বিস্ফোরণ, আহত ১৫
বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বসার ইতিহাস জামায়াতের নেই: শফিকুর রহমান
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
সর্বশেষ খবর
দফায় দফায় পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ: পাল্টাপাল্টি ধাওয়া, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ 
দফায় দফায় পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ: পাল্টাপাল্টি ধাওয়া, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ 
বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: একাধিক ককটেল বিস্ফোরণ, আহত ১৫
বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: একাধিক ককটেল বিস্ফোরণ, আহত ১৫
২৭ বছর পর চার গোলের জয়, অবিশ্বাস্য ফারহান হামজারা 
২৭ বছর পর চার গোলের জয়, অবিশ্বাস্য ফারহান হামজারা 
অসময়ের বৃষ্টি কি শীতের আগমনী বার্তা
অসময়ের বৃষ্টি কি শীতের আগমনী বার্তা
সর্বাধিক পঠিত
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতিবন্ধী ভাতার টাকা খোয়ালেন দৃষ্টিপ্রতিবন্ধী মা
ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতিবন্ধী ভাতার টাকা খোয়ালেন দৃষ্টিপ্রতিবন্ধী মা
কার্বারী অ্যাসোসিয়েন বিলুপ্ত, সাজেকের অবরোধ প্রত্যাহার ঘোষণা
কার্বারী অ্যাসোসিয়েন বিলুপ্ত, সাজেকের অবরোধ প্রত্যাহার ঘোষণা
শাহজালালের থার্ড টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের শর্ত অনুমোদন
শাহজালালের থার্ড টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের শর্ত অনুমোদন
দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়লো তেলের দাম
দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়লো তেলের দাম