দেশের স্বার্থে সরকার ও বিরোধী দলের মধ্যে ন্যূনতম ঐক্য থাকা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বিভিন্ন ইস্যুতে সমালোচনা বা কটাক্ষ থাকলেও পারস্পরিক যোগাযোগ ও ঐক্য না থাকলে কারও রক্ষা হবে না।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক স্মরণসভায় এসব কথা বলেন তিনি।
রিজভী বলেন, শুধু জল্লাদ নয়, মীর জাফররা চারপাশে অবস্থান নিয়ে আছে। তার অভিযোগ, পাশের দেশ থেকে বোমা রেখে ছবি তুলে পাঠাতে টেলিফোনে নির্দেশ দেওয়া হচ্ছে। এরপর তারা টাকা দেবে বলেও অভিযোগ করেন তিনি।
বিরোধী দলের কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, কর্মসূচি পালন করা তাদের অধিকার। কথা বলার স্বাধীনতা ও শান্তিপূর্ণ কর্মসূচি পালনের সুযোগ থাকা প্রয়োজন।
তিনি আরও বলেন, দলীয় নির্দেশনা ছিল, কোথাও যাতে বিরোধীদলের কর্মসূচিতে আমাদের পক্ষ থেকে কোনও সমস্যা না করা হয়। কিন্তু যা বলবেন, সত্য বলবেন। কেন দাম বাড়ানো হয়েছে, তা নিয়ে আলোচনা হচ্ছে এবং সরকার এর ব্যাখ্যা দিচ্ছে।
তবে রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারি দলের প্রধানকে নিয়ে তুই-তোকারি করা তো আওয়ামী লীগের কালচার। সজীব ওয়াজেদ এসব করতেন। সেটার পূর্ণব্যক্তি হবে কেন? সে জন্য সরকারি দল পাল্টা জবাব দিয়েছে, তবে তা শালীনতার সঙ্গে।
রিজভী আরও বলেন, তীব্র সমালোচনা বা মতপার্থক্য থাকলেও সরকার ও বিরোধী দলের মধ্যে যোগাযোগের জায়গা রাখতে হবে। ঐক্য বিনষ্ট হলে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে বলেও মন্তব্য করেন তিনি।









