গবেষণা ও উচ্চশিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে ফান্ড দেওয়ার ক্ষেত্রে পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনও পার্থক্য করা হচ্ছে না বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। তিনি বলেন, ফান্ড দেওয়ার ক্ষেত্রে ইউজিসি শুধু মেধাকে প্রাধান্য দিচ্ছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে ২০২৬ সালের শরৎকালীন সেমিস্টারের নবীন বরণ ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ‘নজরুল বর্ষ’ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, নিয়ন্ত্রক সংস্থা হিসেবে ইউজিসি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে আলাদা করে দেখছে না। গবেষণা, উচ্চশিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে ফান্ড দেওয়ার ক্ষেত্রে মেধাকেই গুরুত্ব দেওয়া হচ্ছে।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভ্যাট ৫ শতাংশ কমানো হয়েছে উল্লেখ করে ইউজিসি চেয়ারম্যান বলেন, আরও ৫ শতাংশ কমানোর জন্য তারা চেষ্টা করছেন।
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ৩০ বছর পূর্তি উপলক্ষে কর্তৃপক্ষকে অভিনন্দন জানান তিনি। একইসঙ্গে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাবে সক্রিয়ভাবে অংশ নিয়ে নিজেদের দক্ষতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশের পরামর্শ দেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, ৩০ বছর আগে নিম্ন-মধ্যবিত্ত পরিবারের মেধাবী সন্তানদের মানসম্মত উচ্চশিক্ষা দেওয়ার স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয়টির যাত্রা শুরু হয়েছিল। সেই স্বপ্নের অনেকটাই বাস্তবায়ন হয়েছে।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের উদ্বৃত্ত অর্থ বিভিন্ন ধরনের বৃত্তির মাধ্যমে শিক্ষার্থীদের পেছনে ব্যয় করা হয়।
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান বলেন, বিশ্ববিদ্যালয়টি শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি সময়ের চাহিদা অনুযায়ী দক্ষ করে গড়ে তুলতে কাজ করছে। এ কারণে এখানকার গ্র্যাজুয়েটরা দেশে-বিদেশে সুনামের সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছেন।
অনুষ্ঠানে বিজনেস অ্যান্ড ইকোনমিক্স অনুষদের ডিন অধ্যাপক ড. অনুপ চৌধুরী এবং নবীন শিক্ষার্থীদের পক্ষে একজন শিক্ষার্থী বক্তব্য দেন।
আলোচনা শেষে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ক্লাব ফর পারফর্মিং আর্টস (ইসিপিএ) ও নজরুলসংগীত শিল্পী খায়রুল আনাম শাকিলের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।









