যথেষ্ট রান ছিল, পরিকল্পনা মতো বোলিং করতে পারিনি: খালেদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৩৮আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৩৮

বিপিএল ফাইনালে আগে ব্যাটিং করতে নেমে চিটাগং কিংস শুরুতে যেভাবে ব্যাটিং করছিল, মনে হচ্ছিল অনায়াসেই দুইশ পেরিয়ে যাবে। শেষ পর্যন্ত ফরচুন বরিশালের বোলারদের স্লগ ওভারে নিয়ন্ত্রিত বোলিংয়ে চিটাগংয়ের ইনিংস আটকে যায় ১৯৪ রানে। বরিশালকে দেওয়া এই লক্ষ্যটা একেবারে কমও নয়। কিন্তু তামিম ইকবালের আক্রমণাত্মক ব্যাটিংয়ে পাওয়ার প্লেতেই ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে চিটাগং। সেখান থেকে বেশ কয়েকবার ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেও শেষ অব্দি পারেনি তারা। শেষ ওভারে প্রয়োজনীয় ৮ রান তুলে বরিশাল ৩ উইকেটে জিতে নেয় ম্যাচ। তাতে টানা দ্বিতীয়বারের মতো বিপিএলের শিরোপা ঘরে তুলেছেন তামিম ইকবালরা। বরিশালের বিপক্ষে হারের পর সংবাদ সম্মেলনে আসা চিটাগং পেসার খালেদ আহমেদ জানান, স্কোরবোর্ডে তাদের যথেষ্ট রান ছিল, বোলাররাই কিছু জায়গায় পরিকল্পনা মতো বোলিং করতে পারেনি।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুক্রবার আগে ব্যাটিং করে ১৯৪ রান করে চিটাগং কিংস। জবাবে তামিম-কাইল মায়ার্স-তাওহীদের ব্যাটে জয় নিশ্চিত করে বরিশাল। শ্বাসরুদ্ধকর ম্যাচে এমন হারের পর ভেঙে পড়েন চিটাগং কিংসের খেলোয়াড়রা। সংবাদ সম্মেলনে এসে খালেদ বলেছেন, ‘দিন শেষে আমরা হেরে গেছি। এখানে কাউকে দোষ দেবো না যে রান হয়নি বা অত হওয়া উচিত ছিল। তবে এই রানও আমাদের ডিফেন্ড করা উচিত ছিল। দেখেন আমাদের একটা বড় ক্ষতি হয়ে গেছে, আলিস খেলতে পারেনি। ও খেলতে পারলে হয়তো সিনারিওটা অন্যরকম হতো। আমার কাছে মনে হয়, ওকে পাওয়ার প্লেতে মিস করেছি। পাওয়ার প্লেতে বরিশালের রান হয়ে গেছে। আলিস থাকলে সেটা নাও হতে পারতো। আমি বিশ্বাস করি না যে রান কম হয়ে গেছে। বোর্ডে যথেষ্ট রান ছিল। আমরা ডেলিভার করতে পারিনি।’

তামিমের আউটের পর তাওহীদ ও মায়ার্স মিলে দলকে জয়ের দিকে নিয়ে যেতে থাকেন। মায়ার্সকে বিদায় দিয়ে চিটাগংকে ম্যাচে ফেরান শরিফুল। কিন্তু শেষ দিকে রিশাদ হোসেন দুই ছক্কা মেরে দলের জয় নিশ্চিত করে ফেলেন। খালেদ মনে করেন, পাওয়ার প্লেতে পরিকল্পনা মতো বোলিং করতে ব্যর্থ হওয়ার কারণেই জয় হাত ছাড়া হয়েছে, ‘‘মায়ার্স যখন আউট হয়েছে, আমি শরিফুলকে বলছিলাম যে, ‘তুই ম্যাচ জেতাবি।’ আরেকটা উইকেট নিলে... এক বল পরই রিয়াদ ভাইকে আউট করে দিয়েছে। তো আমার বিশ্বাস চলে আসছিল যে ম্যাচটা জিতে যাবো। কিন্তু ওইখানে কিছু ভুল হয়ে গেছে। পরিকল্পনা অনুযায়ী বল করতে পারিনি। পাওয়ার প্লেতে তামিম ভাইকে আমরা পরিকল্পনা অনুযায়ী বল করতে পারিনি। মুখের ওপর বল দিয়ে ফেলেছি। এটা আমাদের জন্য ক্ষতির কারণ হয়ে গেছে। পাওয়ার প্লেতে আরেকটু ভালো বল করলে হয়তো ম্যাচটা আমাদের হাতে থাকত।’

শেষ ওভারে হোসেন তালাতকে বোলিংয়ে আনেন চিটাগং কিংসের অধিনায়ক মোহাম্মদ মিঠুন। রিশাদ ক্রিজে থাকায় আরাফাত সানি কিংবা নাঈম ইসলামকে বোলিংয়ে আনেনি তারা। এ প্রসঙ্গে খালেদ বলেছেন, ‘(শেষ ওভারের আগে) আমি, নাঈম ভাই, মিঠুন ভাই আলোচনা করছিলাম, স্পিনার পেলে হয়তো রিশাদ মেরে দেবে। তাই আমরা তালাতকে বোলিং করানোর কথা বলছিলাম। ওকে বলা হয়েছিল সামনে বল করার জন্য। ও পারেনি। এজন্য ম্যাচটা... আগেই হাত ফসকে গিয়েছিল। তবে লড়াই করে আবার নিয়ে এসেছিলাম। কিন্তু শেষ ওভারে ৮ রান ডিফেন্ড করা খুব কঠিন ছিল।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী