টেস্ট ক্রিকেটে অনেক সময় দেখা যায়, একটি দল প্রথম ইনিংসে বড় ব্যবধানে পিছিয়ে পড়েছে। তখন দ্বিতীয় ইনিংস খেলার আগে আবার ব্যাটিংয়ে নামতে হয় সেই দলকে। প্রতিপক্ষ চাইলে প্রথম ইনিংস শেষ হওয়ার পরপরই তাদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পাঠাতে পারে। ক্রিকেটের ভাষায় এই নিয়মই ফলোঅন।
এটি ক্রিকেটের একটি ঐচ্ছিক নিয়ম। প্রথমে ব্যাট করা দল প্রতিপক্ষের প্রথম ইনিংসের চেয়ে নির্দিষ্ট ব্যবধানে এগিয়ে থাকলে তাদের দ্বিতীয় ইনিংস শুরু না করিয়ে প্রতিপক্ষকে আবার ব্যাটিংয়ে পাঠাতে পারে। দীর্ঘ সংস্করণের ক্রিকেটে বিশেষ করে টেস্ট ও ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে এর ব্যবহার দেখা যায়।
ফলোঅন দেওয়ার সিদ্ধান্ত কে নেন?
ফলোঅন দেওয়ার সিদ্ধান্ত নেন ম্যাচে প্রথমে ব্যাট করা দলের অধিনায়ক।
প্রথম ইনিংসে বড় লিড পাওয়ার পর অধিনায়ক মনে করতে পারেন, প্রতিপক্ষকে দ্রুত দুইবার অলআউট করতে পারলে ম্যাচের ফল দ্রুত নিজেদের পক্ষে আনা সম্ভব। তখন তিনি ফলোঅন করানোর সিদ্ধান্ত নিতে পারেন।
ক্রিকেট আইনের ১৪.২ ধারা অনুযায়ী, ফলোঅন নেওয়ার সিদ্ধান্ত হলে অধিনায়ককে প্রতিপক্ষের অধিনায়ক ও আম্পায়ারদের তা জানাতে হয়। একবার সিদ্ধান্ত জানানোর পর সেটি আর পরিবর্তন করা যায় না।
ফলোঅন দিতে ন্যূনতম কত রানের লিড প্রয়োজন?
ক্রিকেটের অনুযায়ী, ম্যাচের দৈর্ঘ্যের ওপর ফলোঅন দেওয়ার জন্য প্রয়োজনীয় লিড নির্ভর করে।
যেমন পাঁচ দিনের টেস্টে প্রথম ইনিংসে ২০০ বা তার বেশি রানের লিড থাকলে ফলোঅন করানো যায়। এছাড়া ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে যেমন ভারতের রঞ্জি ট্রফির মতো প্রতিযোগিতায় প্রয়োজন ১৫০ বা তার বেশি রানের লিড।
তবে বহুদিনের ম্যাচের প্রথম দিন বৃষ্টিতে পুরোপুরি ভেসে গেলে নিয়মে কিছুটা পরিবর্তন আসে। অর্থাৎ ম্যাচের প্রথম দিনে একেবারেই খেলা না হলে, বাকি দিনের সংখ্যা অনুযায়ী ফলোঅন দেওয়ার জন্য প্রয়োজনীয় লিড কমে যায়।
ক্রিকেটের আইন ১৪.১.৩-এ বলা হয়েছে, প্রথম দিনে কোনও খেলা না হলে ম্যাচের বাকি দিনের সংখ্যা অনুযায়ী ফলোঅন দেওয়ার নিয়ম কার্যকর হবে। যেদিন প্রথম খেলা শুরু হবে, সেটিকে পুরো একটি দিন হিসেবেই গণনা করা হবে। খেলা দিনের কত সময়ে শুরু হয়েছে, সেটি বিবেচনায় নেওয়া হবে না।
দলগুলো কেন ফলোঅন করায়?
ফলোঅন দেওয়ার সবচেয়ে বড় উদ্দেশ্য হলো ড্রয়ের সম্ভাবনা কমিয়ে দ্রুত ম্যাচের ফল বের করে আনা।
প্রথম ইনিংসে প্রতিপক্ষ কম রান করলে তাদের মানসিক অবস্থাও অনেক সময় দুর্বল থাকে। সেই সুযোগ কাজে লাগিয়ে সঙ্গে সঙ্গে আবার ব্যাটিংয়ে পাঠিয়ে দ্রুত উইকেট তুলে নেওয়ার চেষ্টা করে এগিয়ে থাকা দল।
এতে বোলারদের আত্মবিশ্বাসও বাড়তে পারে। প্রথম ইনিংসে ভালো বোলিং করা বোলারদের সঙ্গে সঙ্গে আবার আক্রমণে নামিয়ে প্রতিপক্ষের ওপর চাপ ধরে রাখার সুযোগ থাকে।
তবে এর বিপরীত দিকও আছে। বোলারদের শরীরের ওপর অতিরিক্ত চাপ পড়ে এবং তারা শারীরিকভাবে ক্লান্ত হয়ে যেতে পারেন। তাই ফলোঅন দেওয়া মানেই সবসময় সেরা সিদ্ধান্ত, এমনটা নয়।









