২০১৮ বিশ্বকাপের বছর। ফুটবল মহাযজ্ঞের উত্তেজনার আঁচ এখনই পেতে শুরু করেছে বিশ্ব। ফুটবল উৎসবে মেতে ওঠার আগে অংশ নিতে যাওয়া দলগুলোকে নিয়ে আগ্রহের কমতি নেই ভক্ত-সমর্থকদের। এবারও অংশ নিচ্ছে ৩২ দল। তাদের শক্তি-দুর্বলতা, স্কোয়াড, প্রতিপক্ষ নিয়ে সাজানো আমাদের এই আয়োজন। আজ থাকছে ‘ই’ গ্রুপের সুইজারল্যান্ডকে নিয়ে-
বাছাই পর্বের প্রথম ৯ ম্যাচ জেতার পরও প্লে অফ খেলে বিশ্বকাপে জায়গা পেতে হয়েছে সুইজারল্যান্ডকে। পর্তুগালকে হারিয়ে ইউরোপিয়ান অঞ্চলের বাছাই শুরুর পর এই পর্তুগিজদের বিপক্ষে হেরেই সরাসরি জায়গা পায়নি রাশিয়ার ফুটবল মহাযজ্ঞে। গোল ব্যবধানে এগিয়ে থেকে পতুর্গাল বিশ্বকাপে ওঠে যাওয়ার পর সুইসরা প্লে অফে নর্দার্ন আয়ারল্যান্ডকে হারিয়ে পায় ২০১৮ বিশ্বকাপের টিকিট।
২০১৪ সালের বিশ্বকাপে শেষ ষোলোতে তাদের বিদায় করে দিয়েছিল আর্জেন্টিনা। এবার ওই চৌকাঠ পেরোনোর লক্ষ্য তাদের। আর এই মিশনে তাদের অস্ত্র রিকার্দো রোদ্রিগেস, ফাবিয়ান শিয়ার, জেরদান শাকিরি, গ্রান্ট জাকা ও স্টেফান লিচস্টেইনার। রক্ষণটা তাদের দুর্দান্ত, তবে দুশ্চিন্তা আক্রমণভাগ নিয়ে।
একনজরে:
অধিনায়ক: স্টেফান লিচস্টেইনার
কোচ: ভ্লাদিমির পেতকোভিচ
ডাকনাম: লা নাতি
র্যাংকিং: ৬ (জুন ৭ পর্যন্ত)
বিশ্বকাপে অংশ নিয়েছে: ১০বার- ১৯৩৪, ১৯৩৮, ১৯৫০, ১৯৫৪, ১৯৬২, ১৯৬৬, ১৯৯৪, ২০০৬, ২০১০, ২০১৪।
বিশ্বকাপে সেরা সাফল্য: কোয়ার্টার ফাইনাল- ১৯৩৪, ১৯৩৮, ১৯৫৪।
ফিরে দেখা বাছাই পর্ব:
বাছাই পর্বে শ্বাসরুদ্ধকর উত্তেজনার ছড়িয়েছে সুইজারল্যান্ড। পর্তুগালের বিপক্ষে বাছাইয়ের শেষ ম্যাচ হেরে অপেক্ষায় থাকতে হয় প্লে অফের জন্য। নর্দার্ন আয়ারল্যান্ডের বিপক্ষে প্লে অফের প্রথম লেগে করা পেনাল্টি গোলই তাদের তুলে দেয় রাশিয়ার মূল পর্বে। বেলফাস্টের প্রথম লেগ ১-০ গোলে জিতে ফেরার পর সুইসরা ঘরের মাঠের ফিরতি লেগ করে গোলশূন্য ড্র।
ইউরোপিয়ান অঞ্চলের বাছাইয়ে ‘বি’ গ্রুপে দুর্দান্ত পারফর্ম করে সুইজারল্যান্ড। পর্তুগালকে ২-০ গোলে হারিয়ে বাছাই পর্ব শুরুর পর শতভাগ জয়ের রেকর্ড নিয়ে বিশ্বকাপে ওঠার অপেক্ষায় ছিল তারা। কিন্তু পর্তুগিজদের বিপক্ষে বাছাইয়ের শেষ ম্যাচ হেরে যায় ২-০ গোলে। তাতে পর্তুগাল ও সুইজারল্যান্ড দুদলেরই পয়েন্ট দাঁড়ায় ২৭, কিন্তু গোল ব্যবধানে এগিয়ে থাকায় পর্তুগিজরা সরাসরি পায় রাশিয়ার টিকিট, আর সুইসদের খেলতে হয় প্লে অফ।
সুইজারল্যান্ডের বিশ্বকাপ গ্রুপ:
কঠিন গ্রুপে পড়েছে সুইজারল্যান্ড। ‘ই’ গ্রুপে তাদের প্রতিপক্ষ পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। সেলেসাওদের সঙ্গে রয়েছে কোস্টারিকা ও সার্বিয়া।
সুইজারল্যান্ডের বিশ্বকাপ সূচি:
কঠিন পরীক্ষায় শুরু হবে সুইজারল্যান্ডের বিশ্বকাপ। শুরুতেই তাদের প্রতিপক্ষ ‘হট’ ফেভারিট ব্রাজিল। ১৭ জুনের ওই ম্যাচের চার দিন পর মুখোমুখি হবে সার্বিয়ার। আর ২৭ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে নামবে কোস্টারিকার বিপক্ষে।
১৭ জুন: ব্রাজিল
২২ জুন: সার্বিয়া
২৭ জুন: কোস্টারিকা
নজরে থাকবেন:
জেরদান শাকিরি: দারুণ দক্ষতা ও ড্রিবলিং তাকে করেছে সুইজারল্যান্ডের সবচেয়ে নির্ভরযোগ্য ও ভয়ঙ্কর খেলোয়াড়। ২৬ বছর বয়সী শাকিরি বাঁ পায়ের জোরালো শটে ঘায়েল করতে পারেন প্রতিপক্ষকে। রক্ষণে গিয়েও যেমন সাহায্য করতে পারে দলকে, তেমনি ডিফেন্স চিড়া পাসে সতীর্থদের জন্য করতে পারেন গোলের সুযোগ।
গ্রান্ট জাকা: রক্ষণের ঠিক উপরে খেলেন তিনি। বাঁ পায়ের খেলোয়াড় জাকা ঠাণ্ডা মাথায় বল জোগান দিতে পারেন আক্রমণভাগে। ক্লাব ফুটবলে অবশ্য খুব একটা ভালো সময় কাটাতে পারেননি তিনি, তার দল আর্সেনাল ব্যর্থ একটি মৌসুম পার করেছে এবার। সুইজারল্যান্ডের জয়ের পথ যেমন তৈরি করে দিতে পারেন জাকা, তেমনি বিপদেও ফেলতে পারেন দলকে! এখন পর্যন্ত ১১বার লাল কার্ড দেখে মাঠ ছাড়া খেলোয়াড়কে নিয়ে ভয়েরও তো যথেষ্ট কারণ আছে।
শক্তি: রক্ষণভাগ।
দুর্বলতা: আক্রমণভাগ।
ভবিষ্যদ্বাণী: শেষ ষোলো।
চূড়ান্ত স্কোয়াড:
গোলরক্ষক: রোমান ব্যুরকি, ইভোন এমভোগো, ইয়ান সোমার; ডিফেন্ডার: মানুয়েল আকানি, ইয়োহান জোওরু, নিকো এলভেডি, মাইকেল ল্যাং, স্টেফান লিচস্টাইনার, জ্যাক ফ্রান্সিস মুবঞ্জ, রিকার্দো রোদ্রিগেস, ফাবিয়ান শিয়ার; মিডফিল্ডার: ভ্যালন বেহরামি, ব্লেরিম জেমাইলি, গেলসন ফের্নান্দেস, রেমো ফ্রিউলার, জেরদার শাকিরি, গ্রান্ট জাকা, স্টিভেন জুবের, ডেনিস জাকারিয়া; ফরোয়ার্ড: ইয়োসিফ দ্রিমিচ, ব্রেল এমবোলো, মারিও গাভ্রানোভিচ, হারিস সেফেরোভিচ।







