২০১৮ বিশ্বকাপের বছর। ফুটবল মহাযজ্ঞের উত্তেজনার আঁচ এখনই পেতে শুরু করেছে বিশ্ব। ফুটবল উৎসবে মেতে ওঠার আগে অংশ নিতে যাওয়া দলগুলোকে নিয়ে আগ্রহের কমতি নেই ভক্ত-সমর্থকদের। এবারও অংশ নিচ্ছে ৩২ দল। তাদের শক্তি-দুর্বলতা, স্কোয়াড, প্রতিপক্ষ নিয়ে সাজানো আমাদের এই আয়োজন। আজ থাকছে ‘এইচ’ গ্রুপের সেনেগাল-
২০০২ সালের বিশ্বকাপে চমকে দিয়েছিল সেনেগাল। দক্ষিণ কোরিয়া-জাপানের আসর দিয়ে প্রথমবার বিশ্বকাপে নেমেই কোয়ার্টার ফাইনালে উঠেছিল আফ্রিকার দেশটি। আর এই সাফল্যের পথে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে প্রতিযোগিতায় নামা ফ্রান্সকে বিদায় করে দিয়েছিল সেনেগাল। ১৬ বছর পর আবারও বিশ্বকাপে ফিরেছে ‘তেরাঙ্গা’।
২০০২ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ফ্রান্সকে ১-০ গোলে হারিয়েছিল সেনেগাল। এবারও তেমনই এক বিশ্বকাপ কাটানোর স্বপ্ন নিয়ে রাশিয়া নামতে যাচ্ছে তারা। ২০১৮ সালের মিশনে সেনগালের সবচেয়ে বড় অস্ত্র সাদিও মানে। লিভারপুলের জার্সিতে স্মরণীয় এক মৌসুম কাটিয়ে এসেছেন তিনি। চ্যাম্পিয়নস লিগ ফাইনালে হারলেও দুর্দান্ত পারফরম্যান্সে আত্মবিশ্বাসী হয়ে নামতে যাচ্ছেন বিশ্বকাপে। অলরেডস তারকার ওপর অনেকটাই নির্ভর করছে সেনেগালের এগিয়ে যাওয়া।
খুব একটা সহজ গ্রুপে নেই সেনেগাল। ‘এইচ’ গ্রুপে রবার্ত লেভানদোস্কির পোল্যান্ড ও হামেস রোদ্রিগেসের কলম্বিয়ার সঙ্গে তৃতীয় প্রতিপক্ষ জাপান। ২০০২ বিশ্বকাপের পারফরম্যান্স ফেরাতে না পারলে গ্রুপ পর্ব ডিঙানো কঠিন হয়ে যাবে আফ্রিকার দেশটির।
একনজরে:
অধিনায়ক: চিকু কুয়াতে
কোচ: আলিয়ু সিসে
ডাকনাম: দ্য লায়ন্স অব তেরাঙ্গা
র্যাংকিং: ২৭
বিশ্বকাপে অংশ নিয়েছে: একবার- ২০০২
বিশ্বকাপে সেরা সাফল্য: কোয়ার্টার ফাইনাল- ২০০২
ফিরে দেখা বাছাই পর্ব:
আফ্রিকা অঞ্চলের বাছাইয়ের কোনও ম্যাচ না হেরে বিশ্বকাপ নিশ্চিত করেছে সেনেগাল। ‘ডি’ গ্রুপে ৪ জয়ের সঙ্গে প্রতিপক্ষদের জালে বল জড়িয়েছে ১০বার। তবু রাশিয়ার টিকিট নিশ্চিত করার পথ সহজ ছিল না সেনেগালের জন্য। বুরকিনা ফাসোর বিপক্ষে ড্র করায় বিশ্বকাপের মূল পর্বের জন্য অপেক্ষা করতে হয়েছে শেষ ম্যাচ পর্যন্ত। বুরকিনা ফাসোর বিপক্ষে ২-১ গোলে এগিয়ে গেলেও ৮৮ মিনিটে হোঁচট খায় তারা। শেষমেশ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ে বিশ্বকাপ নিশ্চিত করে সেনেগাল।
সেনেগালের বিশ্বকাপ গ্রুপ:
সেনেগালের সঙ্গে ‘এইচ’ গ্রুপে রয়েছে পোল্যান্ড, কলম্বিয়া ও জাপান।
সেনেগালের বিশ্বকাপ সূচি:
১৯ জুন সেনেগালের বিশ্বকাপ শুরু হবে পোল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে। ২৪ জুন দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ জাপান। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে কলম্বিয়ার।
১৯ জুন: পোল্যান্ড
২৪ জুন: জাপান
২৮ জুন: কলম্বিয়া
নজরে থাকবেন:
সাদিও মানে: লিভারপুলের জার্সিতে দুর্দান্ত মৌসুম কাটিয়ে বিশ্বকাপে নামতে যাচ্ছেন মানে। ইংলিশ ক্লাবটির চ্যাম্পিয়নস লিগ ফাইনাল খেলার পথে এই ফরোয়ার্ডের অবদান অনেক। ইয়ুর্গেন ক্লপের আক্রমণভাগকে যেভাবে ধারালো করেছেন তার গতি দিয়ে, সেনেগালের জার্সিতেও একই রকম মানেকে পাওয়ার প্রত্যাশা আফ্রিকার দেশটির ফুটবলপ্রেমীদের।
শক্তি: আক্রমণভাগ
দুর্বলতা: মাঝমাঠ
ভবিষ্যদ্বাণী: গ্রুপ পর্ব
চূড়ান্ত স্কোয়াড:
গোলরক্ষক: আবদুলায়ে দিয়ালো, খাদিম এনদিয়ায়ে, আলফ্রেদ গোমিস; ডিফেন্ডার: সালিয়ু সিস, ইউসুফ সাবালি, কালিদু কুলিবালি, কারা এমবোজি, লামাইন গাসামা, মুসা ওয়াগি, বাদু এনদিয়ে; মিডফিল্ডার: চিকু কুয়াতে, ইদরিসা গায়ে, সাইফ সেন, চেখ এদোয়ে, আলফ্রেদ এনদিয়ে; ফরোয়ার্ড: মুসা সো, মুসা কোনাতে, দিয়াফ্রা শাখো, সাদিও মানে, ইসমাইলা সর, মানে বিরাম দিউফ, এমবায়ে নিয়াং, কেইটা ব্লেড।







