প্রিমিয়ার লিগ ফুটবলে আগেই চ্যাম্পিয়ন হয়ে গেছে বসুন্ধরা কিংস। রানার্সআপ হতে আজ ন্যূনতম এক পয়েন্টের প্রয়োজন ছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাবের। শেষ ম্যাচে অবশ্য ঐতিহ্যবাহী মোহামেডানের বিপক্ষে তিন পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে তিনবারের চ্যাম্পিয়নরা। জিতেছে ২-০ গোলে। তাতে সুখবরও মিলেছে। এএফসি কাপে খেলা নিশ্চিত করেছে শেখ জামাল।
শেখ জামাল ২৪ ম্যাচে ১৫ জয়ে ৫২ পয়েন্ট নিয়ে রানার্সাআপ হয়েছে। সমান ম্যাচে মোহামেডান ৫ম হারে ৪৩ পয়েন্ট নিয়ে চতুর্থ হয়ে লিগ শেষ করেছে। আবাহনী ২৩ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে।
আর্মি স্টেডিয়ামে ম্যাচের দুটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। গাম্বিয়ান ফরোয়ার্ড সলোমন কিং একাই করেছেন দুই গোল। ৫২ মিনিটে সামিউল ইসলামের অ্যাসিস্টে হেডে লক্ষ্যভেদ করেন সলোমন। ম্যাচ শেষ হওয়ার দুই মিনিট আগে অর্থাৎ ৮৮ মিনিটে পা ওমর জোবের অ্যাসিস্টে জোরালো শটে জাল কাঁপান গাম্বিয়ান ফরোয়ার্ড।
৯০ মিনিটে উজবেকিস্তানের মিডফিল্ডার ওতাবেক সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনে পরিণত হয় শেখ জামাল। তাতেও দলটির ম্যাচ জিততে কোন সমস্যা হয়নি।
অন্য ম্যাচে রহমতগঞ্জ ৩-০ গোলে হারিয়েছে আরামবাগ ক্রীড়া সংঘকে। খালেকুজ্জামানের একমাত্র গোলে শেখ রাসেল জিতেছে পুলিশ এফসির বিপক্ষে।









