আগের ম্যাচে প্রথম গোল করেও সুইডেনের কাছে হারতে হয়েছিল স্পেনকে। তবে ঘুরে দাঁড়াতে সময় নেয়নি ২০১০ বিশ্বকাপের চ্যাম্পিয়নরা। ইউরোপিয় অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে কসোভোকে ২-০ গোলে হারিয়েছে লুইস এনরিকের দল।
‘বি’ গ্রুপে ৬ ম্যাচে চতুর্থ জয়ে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে স্পেন। এক ম্যাচ কম খেলে কসোভো ৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে।
এই ম্যাচে স্পেন ৭৩ ভাগ বল দখলে এগিয়ে। মাঠের আক্রমণেও সেই ছাপ। তবে প্রথম গোল পেতে তাদের সময় লেগেছে। ৩২ মিনিটে প্রথম গোল করেন পাবলো ফোরনালস। মোরাতার এসিস্টে।
১-০ গোলে এগিয়ে থেকে বিরতির পর স্পেন আক্রমণ শানিয়েছে। দ্বিতীয় ও শেষ গোলটি অবশ্য এসেছে ৮৮ মিনিটে। মরেনোর এসিস্টে ফেরান তোরেস লক্ষ্যভেদ করেন। যদিও ভিএআর দেখে গোলের সিদ্ধান্ত দিতে হয়েছে।
একই দিনে ইংল্যান্ড ও পোল্যান্ডের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। অধিনায়ক হ্যারি কেন ৭২ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন। তবে শেষ মুহূর্তে লক্ষ্যভেদ করে পোল্যান্ড হার এড়িয়েছে। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে সাইমানস্কি লক্ষ্যভেদ করে ম্যাচে সমতা নিয়ে আসেন।
আর জার্মানি তো আইসল্যান্ডের বিপক্ষে সহজেই জিতেছে। হারিয়েছে ৪-০ গোলের ব্যবধানে। দুই অর্ধে দুটি করে গোল হয়েছে। চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের হয়ে গোল করেন সের্গেই জানাব্রি, রুডিগার, লেরয় সানে ও টিমো ভেরনার।
এ ছাড়া ডেনিশ প্রায়েটের একমাত্র লক্ষ্যভেদে বেলজিয়াম হারিয়েছে বেলারুশকে।








